২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দু টেস্ট খেলতে পারছেন না ফ্লিনটফ

নিউজিল্যান্ড দল ইংল্যান্ডে পা রাখার পর থেকেই চলছে তাকে নিয়ে আলোচনা। ইংল্যান্ড দলে ফিরছেন তো অ্যান্ড্রু ফ্লিনটফ? ল্যাঙ্কাশায়ারের হয়ে এমন খেলছিলেন যে সম্ভাবনাটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছিল। কিন্তু শেষ মহূর্তে বিপত্তি! শুক্রবার ল্যাঙ্কাশায়ারের হয়ে বল করার সময় আবার ইনজুরিতে পড়েছেন ফ্লিনটফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:49 PM

লন্ডন , ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউজিল্যান্ড দল ইংল্যান্ডে পা রাখার পর থেকেই চলছে তাকে নিয়ে আলোচনা। ইংল্যান্ড দলে ফিরছেন তো অ্যান্ড্রু ফ্লিনটফ? ল্যাঙ্কাশায়ারের হয়ে এমন খেলছিলেন যে সম্ভাবনাটা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছিল। কিন্তু শেষ মহূর্তে বিপত্তি! শুক্রবার ল্যাঙ্কাশায়ারের হয়ে বল করার সময় আবার ইনজুরিতে পড়েছেন ফ্লিনটফ। চিকিৎসকরা বলে দিয়েছেন, দু সপ্তাহের মধ্যে আর মাঠে নামা হবে না বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের। এর পর পরই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দু টেস্টের জন্য তাকে দলের বাইরে রাখার কথা জানিয়ে দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। গত অক্টোবরে অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করানোর পর থেকেই মাঠে ফেরার লড়াইয়ে আছেন ফ্লিনটফ। গত কিছুদিন ধরে একেবারে সেরে ওঠার লক্ষণও দেখা যাচ্ছিল তার পারফরম্যান্সে। তাকে ফিরিয়ে আনলে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে ইংল্যান্ড খুব ভালো করবে -- অনেক সাবেক ক্রিকেটার এমন কথাও বলতে শুরু করেছিলেন। অস্ট্রেলিয়ার সাবেক দুই টেস্ট ক্রিকেটার জাস্টিন ল্যাঙ্গার ও স্টুয়ার্ট ল-ও আছেন সেই তালিকায়। তবে ইংল্যান্ডের সাবেক দুই ওপেনার ও অধিনায়ক মাইক আথারটন আর জিওফ বয়কট ছিলেন ফ্লিনটফকে এক্ষুনি মাঠে নামানোর বিপক্ষে। তাদের মতে দেশ-সেরা অলরাউন্ডার এখনো পুরোপুরি প্রস্তুত নন। শেষ পর্যন্ত বয়কট, আথারটনের কথাকে সত্যি প্রমাণ করে শুক্রবার আবার ইনজুরিতে পড়েছেন ফ্লিনটফ। ল্যাঙ্কাশায়ারের মেডিকেল টিম এক্সরে রিপোর্ট দেখে জানিয়ে দিয়েছেন, আগামী দু সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। ইংল্যান্ডের হয়ে সিরিজের শুরুতেই খেলা হচ্ছে না জেনে স্বাভাবিকভাবেই ফ্লিনটফ খুব হতাশ, "ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলার সময় ক্রিকেটটা খুব উপভোগ করছিলাম। প্রতি ম্যাচেই বোলিংয়ে বেশ উন্নতি করছিলাম। এ অবস্থায় আরেকটা ইনজুরির জন্য প্রথম দুই টেস্টে বিবেচনায় থাকতে পারছি না বলে আমি খুবই হতাশ।" ক্রিকইনফো'র সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/১৮৫২ঘ.