২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে আশরাফুল নিজের ব্যাটিংয়ে উন্নতি দেখছেন

পাঁচ ওয়ানডেতে মাত্র ৮১ রান। পাকিস্তান সফরে তার এমন পারফরম্যান্সকে এক কথায় 'মিজারেবল' বলে মেনে নিচ্ছেন তিনি নিজেও। এমনকি নিজের বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর পড়ছে বলেও অবলীলায় স্বীকার করছেন মোহাম্মদ আশরাফুল। এসব কিছুর বিনিময়ে অবশ্য বাংলাদেশ অধিনায়ক অটল থাকছেন একটা জায়গায়। নেতৃত্ব পাওয়ার পর ব্যাটিংয়ে বরং উন্নতিই হয়েছে তার- এই অবস্থান থেকে একচুলও সরলেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 03:51 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

ঢাকা, ২২ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাঁচ ওয়ানডেতে মাত্র ৮১ রান। পাকিস্তান সফরে তার এমন পারফরম্যান্সকে এক কথায় 'মিজারেবল' বলে মেনে নিচ্ছেন তিনি নিজেও। এমনকি নিজের বাজে পারফরম্যান্সের প্রভাব দলের ওপর পড়ছে বলেও অবলীলায় স্বীকার করছেন মোহাম্মদ আশরাফুল। এসব কিছুর বিনিময়ে অবশ্য বাংলাদেশ অধিনায়ক অটল থাকছেন একটা জায়গায়। নেতৃত্ব পাওয়ার পর ব্যাটিংয়ে বরং উন্নতিই হয়েছে তার- এই অবস্থান থেকে একচুলও সরলেন না তিনি। এখন পর্যন্ত ১৭টি ওয়ানডেতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। নিজের সবগুলো ইনিংস বিশ্লেষণ করে এই অনড় অবস্থানের বেশ কিছু ব্যাখ্যাও দাঁড় করিয়েছেন তিনি। সেগুলো এরকম : ১. "অধিনায়ক হওয়ার পর আমার ব্যাটিং অনেক গোছালো হয়েছে। যারা খুব ভালোভাবে ওই ইনিংসগুলো দেখেছেন তারা ব্যাটিং অগোছালো হয়েছে বলতে পারবেন না। এমনকি আমাদের কোচ জেমি সিডন্সও আমাকে বলেছেন, 'যখন ব্যাটিং করো, তখন দেখে মনে হয় না যে তুমি আউট হবে।' পরিপাটি ব্যাটিং না হলে নিশ্চয়ই এমন কথা বলতেন না।" ২. "স্কোর দেখলে আমার ব্যাটিংয়ের উন্নতিটা বোঝা যাবে না হয়তো। তবে আমি নিজের ইনিংসগুলো বিশ্লেষণ করে দেখেছি, উন্নতি হয়েছে। ১৭ টা ম্যাচের মধ্যে ফিফটি মাত্র দুটো হলেও কথাটা বলছি। কারণ আগে আমি বেশিরভাগ সময়ই ০, ১/২/৩ অথবা ১০/১১ রান করে আউট হয়ে যেতাম। কিন্তু এখন নিয়মিতই ২০/২২ রান করছি। অধিনায়ক হওয়ার পর দুইবার ৩৮, ৩০, ২০, ২২, ২২- এভাবেই রান এসেছে আমার ব্যাট থেকে। এটাকে ধারাবাহিকতা হয়তো বলবেন না কেউ। তবে উন্নতি বলা উচিত। আগের চেয়ে তো কিছু হলেও বেশি রান করছি। বড় ইনিংসটাই শুধু খেলা হচ্ছে না আমার।" আশরাফুলের ব্যাখ্যার পরও কিছু কথা থেকে যায়। তিনি আউট হচ্ছেন ২০/২২ রান করে উইকেটে সেট হয়ে যাওয়ার পর। আর ক্রিকেটে শুরুতে আউট হওয়ার চেয়ে এটাকেই বড় অপরাধ বলে ধরা হয়। এটা মেনে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ অধিনায়ক নিজের ভাগ্য বঞ্চনাকেও সামনে এনে দাঁড় করাচ্ছেন, "সেট হয়ে আউট হওয়াটা অবশ্যই অপরাধ। কিন্তু অধিনায়ক হওয়ার পর ১৭টা ওয়ানডে ইনিংসের মধ্যে অন্তত ৭/৮ বার ভাগ্যের সহায়তা আমি পাইনি। ক্রিকেটে ভাগ্য অনেক বড় ফ্যাক্টর। পাকিস্তানে দ্বিতীয় ওয়ানডেতে যেমন এলবি হলাম। যেটায় 'বেনিফিট অফ ডাউট' ব্যাটসম্যানের পাওয়ার কথা। আর আমি খেলেওছিলাম অনেক বড় স্টেপ নিয়ে। উচ্চতায় খাটো বলেই হয়তো সিদ্ধান্তটা আমার বিপক্ষে গেছে ওইসময়। অথচ আউটটা না দিলেও হত। এক বাউন্সে ক্যাচ নেওয়ার পরও আমাকে আউট দেওয়া হয়েছে। একাধিকবার এমন হয়েছে যে বল 'মিসিং দি লেগ'। তবু আমি এলবি।" এমনকি পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডের আউটটাও আসছে তার ভাগ্য বিড়ম্বনার উদাহরণ হিসেবে, "দেখেশুনেই লেটকাট করেছিলাম। কিন্তু স্লিপে 'ব্রিলিয়ান্ট' ক্যাচ হয়ে গেল।" দুর্দান্ত ক্যাচকেও ভাগ্যের সঙ্গে গুলিয়ে ফেলার কারণ, "পাকিস্তান সিরিজে তো আপনারা এমনও দেখেছেন যে হাতে আসা ক্যাচ ফেলে দিয়েছেন ফিল্ডাররা। ভাগ্য সহায় হলে এমনই হয়।" আর অধিনায়ক রান না পেলে যা হয়, সেটা আশরাফুলও বুঝতে পারছেন, "এটা খুব বুঝতে পারি যে পারফরম না করে আমি দলকে 'ডাউন' করছি।" পাকিস্তানে প্রত্যেক ম্যাচ শেষেই আশরাফুল বলে এসেছেন, "আমি উপভোগ করছি" কিংবা "ভালো ব্যাটিং করছি"। এখন বোঝা যাচ্ছে সেগুলো কেবল তার মুখের কথা নয়। মনের কথাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/ঘ.