২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এবার কষ্ট করেই জিততে হলো সৌরভ-শাহরুখের দলকে

ব্রেন্ডন ম্যাককালাম এবার আর ঝড় তুলতে পারেননি। মাত্র ৫ রান করেই আউট হয়ে গেছেন আগের ম্যাচে ১৫৮ রানের এক অতিমানবীয় ইনিংস খেলা ম্যাককালাম। কলকাতা নাইট রাইডার্সও তাই সেই ম্যাচের মতো সহজে জিততে পারেনি ডেক্কান চার্জার্সের বিপক্ষে। রোববার 'ক্রিকেটের নন্দন কানন' ইডেন গার্ডেন্সে সৌরভ গাঙ্গুলী এবং শাহরুখ খানের দলের ৫ উইকেটের জয়টাকে কষ্টার্জিতই বলতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:56 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

কলকাতা, ২০ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রেন্ডন ম্যাককালাম এবার আর ঝড় তুলতে পারেননি। মাত্র ৫ রান করেই আউট হয়ে গেছেন আগের ম্যাচে ১৫৮ রানের এক অতিমানবীয় ইনিংস খেলা ম্যাককালাম। কলকাতা নাইট রাইডার্সও তাই সেই ম্যাচের মতো সহজে জিততে পারেনি ডেক্কান চার্জার্সের বিপক্ষে। রোববার 'ক্রিকেটের নন্দন কানন' ইডেন গার্ডেন্সে সৌরভ গাঙ্গুলী এবং শাহরুখ খানের দলের ৫ উইকেটের জয়টাকে কষ্টার্জিতই বলতে হবে। অথচ ঘরের মাঠে লাখো দর্শকের সামনে সহজেই জিততে পারতো নাইট রাইডার্স। প্রতিপক্ষকে ১৮.৪ ওভারে মাত্র ১১০ রানে অলআউট করে ব্যাটসম্যানদের সামনে সহজ লক্ষ্যই এনে দিয়েছিল বোলাররা। কিন্তু ২১ রানের মধ্যে ম্যাককালাম (৫), প্রশান্ত সাহা (১০) ও রিকি পন্টিংকে (০) হারিয়ে বেশ বিপদে পড়ে যায় তারা। এই তিন উইকেটের দুটোই চামিন্ডা ভাসের। এরপর সৌরভ ও ডেভিড হাসি মিলে ৪৭ রানের জুটি গড়ে শুরুর বিপদ থেকে টেনে তোলেন দলকে। সৌরভ ১৪ রান করে প্রজ্ঞান ওঝার বলে বোল্ড হলেও হাসিকে তাতে দমে যাননি। ৩৮ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়েই ফিরেছেন তিনি। ম্যান অব দ্য ম্যাচও হাসি। দুটো করে উইকেট নিয়েছেন ভাস ও ওঝা। এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে হয়েছে ডেক্কান চার্জার্সকে। দলীয় ২১ রানে বেনুগোপাল রাওকে (১৪) হারানোর মাধ্যমে তাদের উইকেট পতনের সূচনা। অধিনায়ক লক্ষ্মণ ফিরেছেন শূন্য হাতে। গিলক্রিস্ট আর সাইমন্ডস ঝড় তোলার চেষ্টা করলেও খুব বেশি কিছু করতে পারেননি। ২২ বলে দুই ছক্কায় ২৩ রান করা গিলক্রিস্টকে ফিরিয়েছেন মুরালি কার্তিক, মোহাম্মদ হাফিজের ক্যাচ বানিয়ে। প্রথম ওভারে ১৬ রান দেয়া অজিত আগারকার পরের স্পেলে বল করতে এসে আউট করেছেন সাইমন্ডসকে। ৩৯ বলে ৩২ রানের ইনিংসটা গড়ে উঠেছে দুটি করে চার ও ছক্কায়। ১৭ রানে ৩ উইকেট নিয়ে কলকাতার সফলতম বোলার কার্তিক। ১৯ রানে আগারকারের শিকার ২ উইকেট। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১১৫ঘ.