২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মাস পর পাকিস্তান দলে আসিফ

গত অক্টোবরে কনুইয়ের ইনজুরিতে পড়ার পর থেকেই মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। সেরে ওঠার জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে তাকে। পাকিস্তানের জন্য সুখবর, তাদের অন্যতম সেরা ফাস্ট বোলার এখন সম্পূর্ণ সুস্থ। বাংলাদেশের বিপক্ষে শেষ দুটো ওয়ানডের জন্য তাই আসিফকে দলে নিয়েছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2008, 04:18 PM

Updated : 26 Aug 2022, 01:42 PM

লাহোর, ১৪ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত অক্টোবরে কনুইয়ের ইনজুরিতে পড়ার পর থেকেই মোহাম্মদ আসিফ আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে। সেরে ওঠার জন্য অস্ট্রেলিয়ায় গিয়ে অস্ত্রোপচার পর্যন্ত করাতে হয়েছে তাকে। পাকিস্তানের জন্য সুখবর, তাদের অন্যতম সেরা ফাস্ট বোলার এখন সম্পূর্ণ সুস্থ। বাংলাদেশের বিপক্ষে শেষ দুটো ওয়ানডের জন্য তাই আসিফকে দলে নিয়েছে পাকিস্তান। গত সপ্তাহে ঘরোয়া ক্রিকেটের একটি ওয়ানডে ম্যাচে খেলেছিলেন আসিফ। ঐ ম্যাচে নিজের পারফরম্যান্সে তিনি বেশ সন্তুষ্ট, "(আন্তর্জাতিক ক্রিকেটে) ফেরার জন্য পুনর্বাসন প্রক্রিয়ায় আমি কঠোর পরিশ্রম করেছি। গত সপ্তাহে ওয়ানডে ম্যাচে খেলার পর বেশ স্বাচ্ছন্দ্য বোধও করেছি। (সেই ম্যাচে) দারুণ ছন্দেই বল করেছি আমি।" ইনজুরি জর্জরিত ক্যারিয়ার হলেও টেস্টে ৫১ ও ওয়ানডেতে ৩১ উইকেট নিয়ে পাকিস্তানের বেশ কয়েকটি জয়ের ভিত গড়ে দিয়েছেন তিনি। তার বিশ্বাস কোচ জিওফ লসন ও ট্রেনার ডেভিড ডুইয়ারের তত্ত্বাবধানে থাকাটাই ফিটনেস ফিরে পেতে সাহায্য করেছে অনেকখানি। এবং আসিফের ধারণা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান ইতিমধ্যেই সিরিজ জিতে যাওয়ায় এটাই প্রত্যাবর্তনের সবচেয়ে ভালো সময়, "আমি মনে করি সহজে শীর্ষ পর্যায়ের ক্রিকেটে ফেরার জন্য এটাই সেরা সময়। এই মুহূর্তে (আমাদের ওপরে) চাপ অনেক কম। কারণ আমরা তো সিরিজ জিতেই গিয়েছি।" ৫ ম্যাচের সিরিজে ৩-০তে এগিয়ে যাওয়া পাকিস্তান ভবিষ্যতের কথা ভেবে দুজন তরুণ পেসার কামরান হুসেইন ও ওয়াহাব রিয়াজকে দলে নিয়েছে। এ বছরের শুরুতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল দু জনের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৫৩ঘ.