কানপুর, ১৩ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আহমেদাবাদ টেস্টের লজ্জা কিছুটা হলেও ভুলতে পেরেছে ভারত। সেই ম্যাচের প্রথম ইনিংসে মাত্র ৭৬ রানে অল আউট হওয়ার মতো লজ্জায় দক্ষিণ আফ্রিকাকে ডোবাতে পারেনি ঠিকই, কিন্তু তিন দিনের মধ্যেই জয় ছিনিয়ে নিয়ে সিরিজ হারার আশঙ্কা উড়িয়ে দিয়েছে তারা। শচীন টেন্ডুলকার, অনিল কুম্বলেকে ছাড়াই তৃতীয় টেস্টে প্রোটিয়াদের ৮ উইকেটে হারিয়ে দিয়ে সিরিজ ড্র করেছে 'টিম ইন্ডিয়া'।
রোববার সকালে ৩২৫ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করায় ৬০ রানের লিড পেয়েছিল ভারত। পরে হরভজন সিং ৪টি, বীরেন্দর শেবাগ ৩টি আর ইশান্ত শর্মা দুটো উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ১২১ রানে শেষ করে দেন। জয়ের জন্য দরকার ছিল মাত্র ৬২ রান। ১২ বলে ১টি চার ও দুটি ছক্কায় ২২ রান করে শেবাগ আর ১১ বলে ১০ রান করে জাফর আউট হয়ে গেলেও লক্ষ্যে পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি ভারতের। জয় ছিনিয়ে এনেই প্যাভিলিয়নে ফিরেছেন রাহুল দ্রাবিড় (১৮*) ও সৌরভ গাঙ্গুলী (১৩*)।
দ্বিতীয় দিনটা হাসি মুখেই শেষ করতে পেরেছিলেন গ্রায়েম স্মিথ। সৌরভের সেঞ্চুরি হলে হয়তো বেশ বড় লিড পেয়ে যেতো ভারত। কিন্তু তা হয়নি। দিন শেষে ভারতের স্কোর ছিল ৯ উইকেটে ২৮৮, যার অর্থ ১ উইকেট হাতে রেখে তখনো মাত্র ২৩ রানের লিড। তবে স্বাগতিকদের বেশি এগোতে না দেয়ার স্বস্তিটুকু উবে গেছে তৃতীয় দিনের সকালে। প্রোটিয়া বোলারদের ভুগিয়ে শ্রীশান্ত-ইশান্তের শেষ উইকেট জুটি ৪৬ তুলে নেয়ায় শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ৩২৫ রান করেছে ভারত।
গ্রীন পার্কের উইকেট স্পিনারদের হয়ে এতটাই কথা বলেছে যে সিরিজে এক ইনিংস ছাড়া ব্যাটিংয়ে পুরোপুরি ব্যর্থ শেবাগও পেয়ে গেছেন ১২ রানে ৩ উইকেট। সেখানে হরভজনের ৪৪ রানে ৪ বা ইশান্ত শর্মার ১৮ রানে ২ উইকেট পাওয়া অবাক করবে না কাউকেই। আর তাই ১ ইনিংস ও ৯০ রানে আহমেদাবাদ টেস্ট জেতা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস মাত্র ১২১ রানেই শেষ! দুই অংকের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র চার জন --- অধিনায়ক গ্রায়েম স্মিথ (৩৫), অ্যাশওয়েল প্রিন্স (২২*), জ্যাক ক্যালিস (১৫) ও নিল ম্যাকেঞ্জি (১৪)।
টানা দ্বিতীয় বারের মতো ১৩ রানের জন্য সেঞ্চুরি মিস করার দুঃখ ভুলতে পেরেছেন সৌরভ ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার পেয়ে। সিরিজ সর্বোচ্চ ১৯ উইকেট পাওয়ার সুবাদে ম্যান অব দ্য সিরিজের পুরস্কার উঠেছে হরভজনের হাতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এএআর/১৯০৮ঘ.
bdnews24