ঢাকা, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশ দল নিশ্চয়ই লাহোরে পাকিস্তানকে আয়ারল্যান্ড মনে করে নামেনি। তবে আইরিশদের বিপক্ষে সাফল্যের সূত্র সেখানেও কাজে লাগবে মনে করে অবশ্যই নেমেছিল। কোচ জেমি সিডন্সের কথাতেও আছে এমন স্বীকারোক্তি। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ড সিরিজের একাদশ অপরিবর্তিত রাখার জেরেই আসলে নির্ধারিত ৫০ ওভারে পাকিস্তানের স্কোর হয়েছিল ৫ উইকেটে ৩২২ রান। স্পেশালিস্ট বোলার নয়, একাদশে 'সব পারি' গোছের ক্রিকেটারদের আধিক্য রাখার কুফল।
ডেভ হোয়াটমোরের আমলে এই 'মাল্টি স্কিল' তত্ত্ব কপচানোর একটা রেওয়াজ ছিল বেশ। সিডন্সের জামানায় এসেও সেরকম অনুশীলনই লক্ষ্য করা যাচ্ছে। এই যেমন প্রথম ম্যাচে দুজন স্পেশালিস্ট পেসারকে সাজঘরে বসিয়ে রাখা হয়েছে। শাহাদাত হোসেনের না হয় ওয়ানডে উপযোগীতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু ওয়ানডেতে বাংলাদেশের অন্যতম সেরা কার্যকর বোলার বলে নিজেকে প্রমাণ করা বাঁ হাতি পেসার সৈয়দ রাসেলও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় আসেননি।
আয়ারল্যান্ড সিরিজে অলরাউন্ডাররা প্রত্যাশা বাড়িয়ে দিয়েছিলেন। যারা কিনা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং, সবই পারেন। এ কারণেই মাশরাফি বিন মর্তুজার নতুন বলের সঙ্গী হলেন ফরহাদ রেজা। আর তৃতীয় পেসারের ভূমিকা নেওয়া আফতাব আহমেদ সুবিধে করে উঠতে পারেননি। ফলে পাকিস্তানের পুরো ইনিংসেই তৃতীয় পেসারের শূন্যতা ভালোই অনুভব করেছে বাংলাদেশ শিবির।
১৫২ রানে হারের পর সংবাদ সম্মেলনে কৌশলগত এই ভুল স্বীকার করতে একটুও দ্বিধা করেননি মোহাম্মদ আশরাফুল। তার ভাষায়, "এখনকার দিনে একজন খেলোয়াড়ের কাছ থেকে দু'ধরনের সার্ভিস চায় সবাই। যেমন আমাদের ফরহাদ রেজা, যে কিনা ব্যাটিং-বোলিং দুটোই পারে। তবে হ্যাঁ, আমরা আজ তৃতীয় সিমারের অভাবটা টের পেয়েছি। প্রথম ২০ ওভারে মাশরাফি ও ফরহাদ মিলে ভালোই বল করেছে। কিন্তু এরপর থেকেই আমরা বুঝতে শুরু করি আরেকজন পেসার রাখা উচিত ছিল।"
লাহোরে আসলে বাংলাদেশ মাত্র দু'জন স্পেশালিস্ট বোলার নিয়ে খেলতে নেমেছিল- মাশরাফি ও আব্দুর রাজ্জাক। সাকিব আল হাসান নিয়মিতই ১০ ওভার করে বল করে দিলেও তিনিও ফরহাদের মতো অলরাউন্ডারের কাতারেই পড়েন। এদের বাইরের পঞ্চম বোলারে ভূমিকাটা এদিন সেরেছেন তিনজনে মিলে- আশরাফুল, আফতাব ও মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই তিনজনের ১০ ওভার থেকে এসেছে ১০৬ রান। সব পারা ক্রিকেটারদের প্রাধান্য দেওয়ার ভুলটা বুঝতে পারছেন এখন জেমি সিডন্সও, "আয়ারল্যান্ডের বিপক্ষেও এই বিষয়টা চেষ্টা করেছিলাম আমরা। কিন্তু এখানে হিতে বিপরীতই হল।" আশার কথা, ফয়সালাবাদে ১১ এপ্রিল দ্বিতীয় ম্যাচের আগে এই নীতিতে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের কোচ।
তাছাড়া এমনও তো নয় যে, সব পারা ক্রিকেটাররা ব্যাটিংয়ে তা পুষিয়ে দিচ্ছেন। তবে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতা প্রসঙ্গে আশরাফুলের বক্তব্য অবশ্য পুরনোই, "আজ আমাদের ব্যাটসম্যানরা একদমই ভালো খেলেনি। দলের পরিকল্পনা তো অনুসরণ করেইনি বরং বাজে শট খেলে উইকেট দিয়ে এসেছে। যদিও ৩০০ রান চেজ করা ভীষণ কঠিন। কিন্তু আমরা তো ভালো ব্যাটিং উইকেটই পেয়েছিলাম।"
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯১৫ঘ.
bdnews24