ঢাকা, ৯ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- আগের ম্যাচে সেঞ্চুরি করেছিলেন ওপেনার ইমরুল কায়েস ও নাঈম ইসলাম। দক্ষিণ আফ্রিকা একাডেমী দলের বিপক্ষে গ্রামীণফোন একাডেমী কাপের দ্বিতীয় চারদিনের ম্যাচে সেঞ্চুরি করলেন মেহরাব হোসেন জুনিয়র। তার সেঞ্চুরিতে বুধবার খুলনার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনান্ট মতিউর রহমান স্টেডিয়ামে জিপি-বিসিবি একাডেমী প্রথম দিন শেষ করেছে ৮ উইকেটে ২৯৫ রান তুলে। মেহরাব আউট হয়েছেন ১০২ রান করে।
টস জিতে ব্যাটিংয়ে নামার পর স্বাগতিকদের শুরুটা অবশ্য ভীতি জাগানিয়াই ছিল। ৪৮ রানের মধ্যে দুই ওপেনার জহুরুল ইসলাম (০) ও ইমরুল কায়েস (২৩) এবং অধিনায়ক নাসিরুদ্দিন ফারুককে (১৬) হারিয়ে ধুঁকতেࠠথাকা একাডেমীর ইনিংসের হাল ধরেন মেহরাব এবং নাঈম। চতুর্থ উইকেটে তারা দুজন যোগ করেন ৯৩ রান। নাঈম ৩২ রান করে আউট হয়ে গেলেও মেহরাব পঞ্চম উইকেটে শামসুর রহমান শুভকে (৫৮) নিয়ে যোগ করেন আরো ৮০ রান। রিচার্ড ডে নেইভসকে (২/৪২) রিটার্ন ক্যাচ দিয়ে শেষ হয় মেহরাবের ১৭৭ বলের ইনিংসটি। যাতে ছিল ১৫টি বাউন্ডারির মার। ৬৪ রানে ৩ উইকেট নিয়ে প্রোটিয়া একাডেমীর সফলতম বোলার অবশ্য নেইল ওয়াগনার। দিনশেষে সোহরাওয়ার্দী শুভ ২৭ ও রুবেল হোসেন ৪ রানে অপরাজিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০২০ঘ.
bdnews24