২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রিকেট দিয়েই অনাগ্রহের জবাব দিতে হবে বাংলাদেশকে

এই সময়ে তাদের অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার কথা। কিন্তু বিশ্বসেরারা নিরাপত্তার অজুহাতে সফর স্থগিত করায় খেলতে হচ্ছে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বর বাংলাদেশের সঙ্গে। পাকিস্তানের কাছে এটা অনেকটা পোলাও-কোর্মার জায়গায় পান্তাভাত খাওয়ার মতোই। আমজনতাও তেমনই ভেবে বসে আছে বোধহয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2008, 06:28 AM

Updated : 26 Aug 2022, 01:41 PM

ঢাকা, ৮ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এই সময়ে তাদের অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার কথা। কিন্তু বিশ্বসেরারা নিরাপত্তার অজুহাতে সফর স্থগিত করায় খেলতে হচ্ছে র‌্যাঙ্কিংয়ে নয় নম্বর বাংলাদেশের সঙ্গে। পাকিস্তানের কাছে এটা অনেকটা পোলাও-কোর্মার জায়গায় পান্তাভাত খাওয়ার মতোই। আমজনতাও তেমনই ভেবে বসে আছে বোধহয়। না হলে পাকিস্তানি মিডিয়ায় টিকেট বিক্রিতে একদমই সাড়া না থাকার খবর এতো ফলাও করে প্রচার হবে কেন! মঙ্গলবার লাহোরে দিবা-রাত্রির ম্যাচ দিয়ে পাঁচ ম্যাচের সিরিজ শুরুর আগে এটা বাংলাদেশের ভালো খেলার চ্যালেঞ্জ বাড়িয়ে দিচ্ছে আরো। প্রথম ওয়ানডেতে বাংলাদেশের প্রথম একাদশে আছেন তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, সাকিব আল হাসান, ধীমান ঘোষ, মাহমুদউল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, মাশরাফি বিন মর্তুজা ও আব্দুর রাজ্জাক। দ্বাদশ ব্যক্তি জুনায়েদ সিদ্দিকী। সোমবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্র্যাকটিসে নামার আগে পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে সিরিজ ট্রফি নিয়ে ছবির জন্য পোজ দিলেন মোহাম্মদ আশরাফুল। সেখানে বাড়তি চ্যালেঞ্জ কতোটা অনুভব করলেন কে জানে! তবে এই সিরিজ নিয়ে দর্শক আগ্রহ এমন জায়গায় যে পাকিস্তান ম্যানেজার তালাত আলীকে গলা ফাটিয়ে বলতে হচ্ছে, "এই সিরিজে টপ লেভেলের ক্রিকেটই হবে।" পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হওয়ায় পাকিস্তান দলে শোয়েব আখতারের থাকার প্রশ্নই আসে না। এমনকি কনুইয়ে অস্ত্রোপচারের ধকল এখনো সামলে উঠতে না পারা আরেক পেসার মোহাম্মদ আসিফও নেই প্রথম দুই ম্যাচের দলে। তাই বলে পাকিস্তানের বোলিং শক্তি খর্ব হয়েছে বলে মনে হচ্ছে না বাংলাদেশ অধিনায়কের। তার ভাষায়, "পাকিস্তানের গত কয়েকটা সিরিজেই তো শোয়েব খেলেনি। তাকে ছাড়াও এই দলটার বোলিং যথেষ্ট মানসম্মত। সুতরাং তাদের হারাতে হলে আমাদের সেরা খেলাটাই খেলতে হবে।" সেরা খেলার কথা বলেছেন পাকিস্তান অধিনায়কও। এই দু'দলের ম্যাচে বাংলাদেশ জিতেছে একবারই। সেটাও ১৯৯৯-র বিশ্বকাপে। তারপর পাকিস্তান বধ আর করা না হলেও ভারত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা কেউ বাদ যায়নি। সেজন্যই বোধহয় শোয়েব মালিকের মুখে শোভা পেল এমন কথা, "আমরা জানি তারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তাই তাদের হালকাচালে নেওয়া যাবে না। নিজেদের সেরা খেলা খেলেই সব ম্যাচ জিততে হবে।" এই সিরিজ দিয়েই অনেকদিন পর দিবা-রাত্রির ম্যাচ খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের। সোমবার টাইগাররা তাই প্রথম ম্যাচের প্রস্তুতি সেরেছে ফ্লাডলাইটেই। গাদ্দাফি স্টেডিয়ামে সন্ধ্যা থেকে তিন ঘন্টার ঘামঝরানো অনুশীলন করেছে মোহাম্মদ আশরাফুলের দল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/এএআর/১২২৬ঘ.