ঢাকা, ৩১ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এতো এতো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তবে এখন পর্যন্ত আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনার স্বাদ নেওয়া হয়নি মোহাম্মদ আশরাফুলের। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রিমিয়ার লিগে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর লড়াই বাংলাদেশ অধিনায়ককে সেই স্বাদ দিতে যাচ্ছে। যদিও আগের সেই উত্তেজনা এখন আর নেই বলেই মনে হয় মোহামেডান অধিনায়কের, "যখন শুধু দর্শক হিসেবে আবাহনী-মোহামেডান ম্যাচ দেখতাম তখনকার মতো সেই উত্তেজনা আর নেই ক্লাব ক্রিকেটে।"
উত্তেজনা আগের মতো না থাকলেও এই ম্যাচের গুরুত্ব দু'দলের কাছেই অনেক। ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহামেডানের সামনে দাঁড়াচ্ছে ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা আবাহনী। এই ম্যাচ জিতলে শীর্ষে থাকা দলের সঙ্গে সুপার লিগের আগে আবাহনীর ব্যবধান কমে আসবে। নইলে পিছিয়ে পড়বে। আর আবাহনীকে হারাতে পারলে শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করবে মোহামেডান। আশরাফুল ম্যাচের আগে এক নাম্বার অবস্থানটা ধরে রাখা নিয়েই বুঁদ হয়ে আছেন, "আবাহনী ভালো দল জানি। কিন্তু আমি জানি আমরা এখন এক নাম্বারে আছি এবং এক নাম্বারেই থাকতে চাই। ভালো খেলে জিততে হবে।"
ক্রিকেটের এই সাধারণ তত্ত্বটা আওড়াচ্ছেন আবাহনী অধিনায়ক তুষার ইমরানও। কিন্তু এখানে আবার তার চিন্তার কারণ হয়ে আছেন ওপেনার জহুরুল ইসলাম অমি এবং পেসার নাজমুল হোসেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে দু'জনের কেউই খেলতে পারছেন না দলের মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচ। বিশেষ করে অমির ইনজুরিটাই বেশি চিন্তায় ফেলছে তাকে, "আগের দুই ম্যাচেই অমি রান করেছে। ওর না থাকা ব্যাটিং শক্তি কিছুটা হলেও কমাবে।"
তাই বলে অবশ্য জয় ভাবনা প্রভাবিত হচ্ছে না কিছুতেই, "কাগজে-কলমে অবশ্যই আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল মোহামেডান। কিন্তু লিগে তারা তো আর অপরাজিত নেই। নিজেরা ঠিকঠাক খেলতে পারলে আশা করি আমরাই জিতবো।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০৫ঘ.
bdnews24