২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ওপেনারের সাফল্যের গল্প

সংবাদ সম্মেলন শেষে কে যেন বলছিলেন, "শাহরিয়ার নাফীস-তামিম ইকবাল, দু'জনে দু'জনার।" একজন ম্যাচের আর অন্যজন ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তাই হয়ে উঠেছিলেন যেন। তামিম তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির পেছনে নাফীসের অবদানের কথা বড় গলায় বলতে কার্পণ্য করেননি না একটুও। শুনে পাশে বসা নাফীস গর্বিতই হলেন না শুধু। জানালেন, তার কথা শোনায় বাধ্য ছাত্রের ভূমিকাতেই ছিলেন তামিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 04:25 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, ২২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সংবাদ সম্মেলন শেষে কে যেন বলছিলেন, "শাহরিয়ার নাফীস-তামিম ইকবাল, দু'জনে দু'জনার।" একজন ম্যাচের আর অন্যজন ধারাবাহিক ব্যাটিংয়ের জন্য সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে তাই হয়ে উঠেছিলেন যেন। তামিম তার প্রথম ওয়ানডে সেঞ্চুরির পেছনে নাফীসের অবদানের কথা বড় গলায় বলতে কার্পণ্য করেননি না একটুও। শুনে পাশে বসা নাফীস গর্বিতই হলেন না শুধু। জানালেন, তার কথা শোনায় বাধ্য ছাত্রের ভূমিকাতেই ছিলেন তামিম। সে সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি চারটি সেঞ্চুরির মালিক নাফীস বলছিলেন, "গত প্রায় এক বছর ধরে আমরা এক সঙ্গে ইনিংস ওপেন করি। কিন্তু তেমন ভালো শুরু আমরা দিতে পারছিলাম না। এই সিরিজের আগে আমরা দু'জনেই এটা নিয়ে কথা বলছিলাম। শুধু তাই নয়। মাঠের বাইরেও আমরা একসঙ্গে অনেক সময় কাটাচ্ছিলাম। যাতে আমাদের মধ্যে বোঝাপড়াটা আরো ভালো হয়। ক্রিকেটটা ওর চেয়ে কিছুদিন হলেও বেশি খেলেছি। সেই অভিজ্ঞতা থেকে ওকে ক্রিকেটের খুব সাধারণ কিছু কথা বোঝানোর চেষ্টা করেছি। আমি খুব সন্মানিত বোধ করছি এজন্য যে ও আমার কথাগুলো শুনেছে।" তার আগেই তামিম তার সিনিয়র পার্টনার সম্পর্কে বলে ফেলেছেন, "আগের ম্যাচেও শাহরিয়ার নাফীস আমাকে খুব হেল্প করেছেন। এই ম্যাচেও। উইকেটে নিয়মিতই তার সঙ্গে কথা হচ্ছিল আমার। কী করতে হবে, কীভাবে খেলতে হবে এসব উনি মনে করিয়ে দিচ্ছিলেন বারবার।" তবে সেসবের কিছুতেই বোধহয় কিছু হত না, যদি ৩০ রানে তার দেওয়া সহজ ক্যাচ তালুবন্দী করে ফেলতেন আন্দ্রে বোথা। সেজন্য তার আইরিশ ওই বোলারের কাছে কৃতজ্ঞ থাকা উচিত কিনা, সংবাদ সম্মেলনে রসিকতাচ্ছলে এমন প্রশ্নও উঠলো। তামিমও জবাব দিলেন হেসে, "আসলে ক্যাচ মিস খেলারই অংশ। আমি তো আর ওকে বলিনি যে ক্যাচটা ছাড়তে। তবে ওই বলটা ঠিকমতো লাগলে ছয় হত।" 'ম্যাজিক ফিগার' ছোয়ার পর শূন্যে লাফিয়ে উদযাপন করা তামিমকে অবশ্য অন্য চেহারায় দেখা গেছে ফিফটির পর। ব্যাট উঁচিয়ে দর্শক অভিনন্দনের কোনো জবাবই দিলেন না। এই রহস্যের ব্যাখ্যাও পাওয়া গেল তামিমের কাছ থেকে, "ঘরোয়া ক্রিকেটে আমার অনেক বড় বড় ইনিংস আছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে আমার চারটা ফিফটির মধ্যে বড় ইনিংস কেবল দক্ষিণ আফ্রিকা সিরিজের ৮২। ফিফটি করেই আউট হয়ে যেতাম। এজন্যই জেদ চেপে গিয়েছিল সেঞ্চুরি না হলেও যেন বড় ইনিংস খেলি। আন্তর্জাতিক ক্রিকেটে বড় ইনিংস ঘরোয়া ক্রিকেটের চেয়ে অনেক বেশি মূল্যবান।" ওয়ানডেতে এক ক্যালেন্ডার ইয়ারে (২০০৬) এক হাজারের বেশি রান করা একমাত্র বাংলাদেশী ব্যাটসম্যান শাহরিয়ার নাফীসের কাছে সবচেয়ে বেশি 'মূল্যবান' ধারাবাহিকতা। এই সিরিজে সেটার প্রতিফলনও দেখা গেছে। অপরাজিত ৯০ ও ৬০ রানের পর শেষ ম্যাচে ৫৪। এই সিরিজে তার ব্যাটিং গড়ও তাই অবিশ্বাস্য, ১০২! এমন চমৎকার ব্যাটিং তাকে দারুণ স্বস্তিও এনে দিচ্ছে, "গত কিছুদিন ধরে টেস্ট ক্রিকেটে ভালোই ব্যাট করছি। কিন্তু ওয়ানডেতে অনেকদিন রানই পাচ্ছিলাম না। এ কারণে দলে আমার জায়গা নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। তাছাড়া ব্যাটিংয়ের ধারাবাহিকতায় বিশ্বাস করি আমি। এই সিরিজে সেটাও দেখাতে পেরেছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২০৪১ঘ.