ঢাকা, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- যাদের কাছে যা প্রত্যাশা নয় তারা দিলেন এরচেয়েও অনেক বেশি। এই যেমন 'অলস' ফিল্ডার হিসেবে পরিচিত শাহরিয়ার নাফীস হয়ে থাকলেন দুর্দান্ত এক ক্যাচের বিজ্ঞাপন। অনেকের মনেই বহুদিন স্থায়ী হয়ে থাকার মতো ক্যাচটা তিনি না নিলে ফরহাদ রেজারও ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পাওয়া হয় না। অথচ এই মিডিয়াম পেসারের কাছ থেকে এমন কৃতিত্ব বাংলাদেশ শিবিরও কখনো প্রত্যাশা করেনি। ৮ উইকেটে ২৪৬ রান তুলে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার পর প্রত্যাশাতীত এরকম অনেক কিছুর যোগফলে আয়ারল্যান্ড ৩৮.৩ ওভারে ১৬২ রানে অলআউট। ৮৪ রানের জয় দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই প্রথম সিরিজ জয়ের আনন্দেও ডুব দিতে পারছেন মোহাম্মদ আশরাফুল।
২৪৭ রানের টার্গেট দেওয়া গেছে। সুতরাং আব্দুর রাজ্জাককে নতুন বল দেওয়ার ঝুঁকি না নিলেও চলছে, এই চিন্তা থেকে চার ম্যাচ পর নতুন বল পেলেন দুই পেসার। মাশরাফি বিন মর্তুজার সঙ্গে ফরহাদ। কিন্তু দুই আইরিশ ওপেনার মিলে ৪২ রান তুলে নেওয়ার পর দলকে প্রথম ব্রেক থ্রু দেন রাজ্জাকই। রেইনহার্ট স্ট্রাইডমকে (১৫) লেগ বিফোরের ফাঁদে ফেলার পরপরই দৃশ্যপটে আবির্ভাব ফরহাদ-নাফীসের। ইয়ন মরগানের তুলে মারা বল এক্সট্রা কাভারে দাঁড়ানো নাফীসের সাধ্যের বাইরেই মনে হচ্ছিল। কিন্তু তিনি অনেকটা পিছিয়ে এক হাতে যে ক্যাচ নিলেন তাতে এখন 'অলস' ফিল্ডারের তকমা নিয়ে আপত্তি তুলতেই পারেন। পরের বলেই অন্য ওপেনার উইলিয়াম পোর্টারফিল্ডও (২৫) পয়েন্টে আরেকটি দুর্দান্ত ক্যাচের বলি হলেন। মাটির ইঞ্চিখানেক ওপর থেকে আফতাবের ক্যাচ নেওয়া হ্যাটট্টিকের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেয় ফরহাদকে।
হ্যাটট্টিক না হলেও পরে দ্বিতীয় স্পেলে এসে অধিনায়ককে প্রত্যাশার চেয়ে বেশিই দিয়েছেন এই পেসার। ৭-২-৩৫-২, এরকম প্রথম স্পেলের তুলনায় তার দ্বিতীয় স্পেলটাই দেখার মতো বেশি : ৩-০-৭-৩! আর অধিনায়কও তাকে এমন সময়ে আবার আক্রমণে আনলেন, যখন প্রতিপক্ষ বেশ ভালোভাবেই ম্যাচে আছে বলে মনে হয়েছিল আশরাফুলের। ১২০ বলে ৫ উইকেট হাতে রেখে ১২২ রান প্রয়োজনের পেছনে আইরিশরা ছুটছিল যার ব্যাটে ভর করে, সেই আন্দ্রে বোথাকে (৩৪) রিটার্ন ক্যাচ দিতে বাধ্য করেন। বোথার সঙ্গে ৫২ রানের পার্টনারশিপ গড়া অ্যালেক্স কুসাকও (২৪) তার শিকার। সেখানেই শেষ আয়ারল্যান্ড। একটু পরে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে পাঁচ উইকেট নেওয়ার পঞ্চম কৃতিত্বটি দেখানো ফরহাদকে (৫/৪২) ম্যাচ সেরা হিসেবে বেছে না নেওয়ার কোনো কারণ দেখেননি ম্যাচ অ্যাডজুডিকেটররা।
অনেক বড় দলের বিপক্ষেও সফল বাংলাদেশের বাঁ হাতি স্পিনাররা। আর আয়ারল্যান্ডের বিপক্ষেও তারা কিছু না করলে কী করে হয়! আব্দুর রাজ্জাক (৩/২৭) ও সাকিব আল হাসানরা (২/১৬) তা করলেনও। এই দুই বাঁ হাতির জুটির মতো ব্যাটিংয়েও দুই বাঁ হাতির সৌজন্যে গত ৪৮ ম্যাচের মধ্যে ওপেনিংয়ে সর্বোচ্চ ৯৪ রানের শুরু পায় বাংলাদেশ। ২০০৬ সালের মার্চে কেনিয়ার বিপক্ষে জাভেদ ওমর-শাহরিয়ার নাফীসের উদ্বোধনী জুটি দিয়েছিল ৯২ রান। এই ম্যাচে সেটা ছাড়িয়ে যাওয়ার পথে তামিম ইকবাল (৮৪ বলে ৪৬) ও নাফীস (৯২ বলে ৬০) শুরু থেকেই করেছেন সাবধানী ব্যাটিং। পরে রানরেট বাড়ানোর দাবি মেটাতে গিয়ে আউট হয়েছেন দুজনেই। তবে ব্যাটিং বিনোদন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দর্শকরা পেয়েছেন আফতাব আহমেদ (৫৭ বলে ৬১), আশরাফুল (৩৮ বলে ৩৮) এবং মাশরাফির (১৫ বলে ২৬) ব্যাট থেকে।
অথচ এই দলটারই কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেড়শো করতে প্রাণ ওষ্ঠাগত হয়েছে। এই সিরিজ জয়ে তাই মিটল সব প্রত্যাশা; পাওয়া গেলো প্রত্যাশারও বেশি কিছু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০৫ঘ.
bdnews24