ঢাকা, ২০ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ডকে দাঁড়াতেই দেয়নি বাংলাদেশ। ফরহাদ রেজা ৪২ রানে ৫ উইকেট নেয়ায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ ৮৪ রানে জিতে নিয়েছে মোহাম্মদ আশরাফুলের দল। টস জিতে শাহরিয়ার নাফীস ও আফতাব আহমেদের ফিফটি আর আশরাফুল, মাশরাফির ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ৮ উইকেটে ২৪৬ রান করেছিল বাংলাদেশ। জবাবে ৩৮ ওভারে মাত্র ১৬২ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। প্রথম ম্যাচ ৮ উইকেটে জেতায় ২-০তে এগিয়ে তিন ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ২২ মার্চ।
দুই নতুন বলের বোলার মাশরাফি কিংবা ফরহাদ নন, বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছিলেন আব্দুর রাজ্জাক। আইরিশ ইনিংসের একাদশ ওভারে বল হাতে পান এই বাঁ-হাতি স্পিনার। সেই ওভারের দ্বিতীয় বলেই তিনি এলবিডব্লুর ফাঁদে ফেলেন ১৫ রান করা স্ট্রাইডমকে। ফরহাদের করা পরের ওভারের পঞ্চম বলে এক হাতে অসাধারণ এক ক্যাচ নিয়ে মর্গানকে (৪) ফিরিয়ে দেন শাহরিয়ার নাফীস। ঠিক তার পরের বলে পোর্টারফিল্ডও (২৫) ক্যাচ দেন আফতাবকে। বাংলাদেশকে চতুর্থ সাফল্য এনে দেন সাকিব আল হাসান। কেভিন ও'ব্রায়েনকে (২১) রাজ্জাকের ক্যাচে পরিণত করেন তিনি। কেভিনের ভাই নিয়াল ও'ব্রায়েনের (১৮) উইকেটটাও সাকিবের (২/১৬)। শেষ ব্যাটসম্যান হিসেবে ল্যাঙ্গফোর্ড-স্মিথকে আউট করে ম্যাচে ৩ উইকেট পেয়েছেন আব্দুর রাজ্জাক (৩/২৭)। তবে ওয়ানডেতে ক্যারিয়ারসেরা বোলিং করে আয়ারল্যান্ডকে ৫ উইকেটে ১৪৪ থেকে ১৬২ রানে অলআউট করায় সবচেয়ে বড় অবদান রেখে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ফরহাদ রেজা।
এর আগে শাহরিয়ার নাফিস ও আফতাবের ফিফটির সুবাদে বেশ বড় স্কোরই দাঁড় করায় বাংলাদেশ। সকালে আকাশে মেঘের আভাস থাকলেও টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দ্বিধা করেননি মোহাম্মদ আশরাফুল। তবে ব্যাটিং সহায়ক উইকেটেও বাংলাদেশ শুরু করে ধীরগতিতে, সতর্কতার সঙ্গে। আইরিশ বোলারদের মাপা লাইন-লেন্থের বোলিংই তার প্রধান কারণ। অবশ্য শেষ পর্যন্ত দুই ওপেনার শাহরিয়ার নাফীস ও তামিম ইকবাল মজবুত একটা ভিত্তিই এনে দেন দলকে। ২৫.৫ ওভারে ৯৪ রান ওঠে উদ্বোধনী জুটিতে। রানরেট বাড়ানোর আশায় হাত খুলে খেলার ইঙ্গিত দিচ্ছিলেন তামিম। ম্যাককালানকে ছক্কা হাঁকিয়ে উন্মাতালও করে তুলেছিলেন দর্শকদের। কিন্তু পরের বলটি আবারো তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে কেভিন ও'ব্রায়েনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান তিনি। তামিমের ৮৪ বলে ৪৬ রানের ইনিংসে ঐ ছক্কা ছাড়াও ছিল ৩টি বাউন্ডারি।
প্রথম ওয়ানডেতে ম্যাচ জেতানো অপরাজিত ৯০ রানের দারুণ এক ইনিংস খেলা শাহরিয়ার নাফীসের দুর্ভাগ্য, রান আউটের খাঁড়ায় কাটা পড়তে হয়েছে তাকে। শুরু থেকে আস্থার সঙ্গে খেললেও মিডউইকেটে ঠেলে প্রায় অসম্ভব দ্বিতীয় রান নিতে গিয়ে আউট হয়ে যান তিনি। ৯২ বলে ৬টি বাউন্ডারিসহ ৬০ রান করেন নাফীস। এটা তার নবম ওয়ানডে ফিফটি।
তবে দুঃখজনক এই রান আউট আফতাবকে দমাতে পারেনি। শুরু থেকে এক রান-দুই রান করে নিয়ে স্কোরবোর্ড সচল রাখা আফতাব সময়ের সঙ্গে সঙ্গে আক্রমণাত্মক হয়ে ওঠেন। তবে বেশি হাত খুলে খেলারই মাশুল দিতে হয়েছে তাকে। দুটি করে ছক্কা ও বাউন্ডারিতে ক্যারিয়ারের চতুর্দশ ফিফটি পাওয়ার পর আবারো মাঠের বাইরে বল পাঠাতে গিয়ে প্রতিপক্ষ অধিনায়ক জনস্টনকে ক্যাচ দেন ইনজুরি কাটিয়ে ফিরে দ্বিতীয় ম্যাচেই ফিফটি পাওয়া এই ব্যাটসম্যান। তার মাত্র ৫৭ বলে ৬১ রানের ইনিংসটিতে ইতি টেনে আইরিশ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনেন থম্পসন।
আফতাব ফিরে যাওয়ার পর ফরহাদ রেজা (১) ও সাকিব আল হাসান (২) বেশি দূর যেতে পারেননি। দু জনই ল্যাঙ্গফোর্ড-স্মিথের শিকার। সে সময় মাত্র ১২ রানে ৩ উইকেট হারিয়ে পথ হারানোর শঙ্কায় পড়েছিল বাংলাদেশ। অবশ্য আশরাফুল ছিলেন। আগের ম্যাচে ফিফটি পাওয়া বাংলাদেশ অধিনায়ক ৩৬ বলে ৩৮ রান করে বেশ কিছুটা এগিয়ে দেন দলকে। আর শেষ দিকে মাশরাফির ৩টি বাউন্ডারি ও একটি ছক্কাসহ ১৬ বলে ২৬ রানের 'ক্যামিও' ইনিংস আড়াই শ'র কাছাকাছি পৌঁছে দেয়। ৪৩ রানে ৩ উইকেট নেয়া ল্যাঙ্গফোর্ড-স্মিথ আইরিশদের সফলতম বোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসি/১৭৩৬ ঘ.
bdnews24