২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আয়ারল্যান্ড সিরিজে রাসেল নেই, ফিরছেন আফতাব

এক বছরে একই দলের মুখোমুখি হওয়ার আগে দু'দুবার দুর্ভাগ্যের শিকার সৈয়দ রাসেল। এই বাঁ হাতি পেসারের দুর্ভাগ্যের ধরনে পার্থক্য থাকলেও সুবিধাভোগী একজনই। শাহাদাত হোসেন, যিনি কিনা ওয়ানডে বোলার হিসেবে স্বীকৃত নন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সেদিনও প্রথম ওয়ানডেতে তিন ওভারে ৩১ রান দেওয়ার পর তাকে দিয়ে আর বল করানোরই সাহস পাননি অধিনায়ক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 04:14 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

ঢাকা, ১৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- এক বছরে একই দলের মুখোমুখি হওয়ার আগে দু'দুবার দুর্ভাগ্যের শিকার সৈয়দ রাসেল। এই বাঁ হাতি পেসারের দুর্ভাগ্যের ধরনে পার্থক্য থাকলেও সুবিধাভোগী একজনই। শাহাদাত হোসেন, যিনি কিনা ওয়ানডে বোলার হিসেবে স্বীকৃত নন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সেদিনও প্রথম ওয়ানডেতে তিন ওভারে ৩১ রান দেওয়ার পর তাকে দিয়ে আর বল করানোরই সাহস পাননি অধিনায়ক। অথচ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৪ জনের বাংলাদেশ দলে শাহাদাত আছেন, কিন্তু বেশিরভাগ সময়ই কম খরচে ১০ ওভারের কোটা শেষ করা রাসেল নেই। গত এপ্রিলে আইরিশদের বিপক্ষে বিশ্বকাপের সুপার এইট ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় গোড়ালি মচকে যায় রাসেলের। শাহাদাত পেয়ে যান তার প্রথম বিশ্বকাপ ম্যাচ খেলার সুযোগ। কিন্তু ৯ ওভারে ৫১ রান দিয়ে আয়ারল্যান্ডের ২৪৩ রানে পৌছানোয় ভূমিকা রাখা ছাড়া তেমন কিছু করতে পারেননি। ওই ম্যাচ হারায় সুপার এইটে প্রোটিয়াদের হারানোর আনন্দ অনেকটা ম্লান হয়ে যায়। এবারও রাসেল বাদ পড়েছেন এবং এটাকে খোদ প্রধান নির্বাচক রফিকুল আলমও বলছেন, "রাসেলের দুর্ভাগ্য"। এই দুর্ভাগ্যের কারণ ব্যাখ্যা করলেন এভাবে, "আসলে আমরা এই সিরিজের জন্য স্পিননির্ভর একটা দল গড়েছি। এজন্যই রাসেল আসতে পারেনি।" তাহলে শাহাদাত এলেন কী করে? এর যা উত্তর তা হয়তো মনঃপুত হবেনা কারোই, "মাশরাফি আমাদের মূল বোলার। যদি ও ইনজুরি কিংবা অসুস্থ্যতার কারণে খেলতে না পারে তখন আমাদের শাহাদাতকে লাগবে।" তাতে শাহাদাতকে এবারো যেন বসিয়ে রাখার আভাস। কিন্তু হোম সিরিজে তো যখন-তখন কাউকে দলে আনার সুযোগ থাকে। শনিবার বিকেলে দল ঘোষণার পর রফিকুল এটা মেনে নিয়েই বললেন, "ইনজুরি কাটিয়ে আফতাব দলে ফিরেছে। ও তো স্লো মিডিয়াম পেসও করে। ওকে দিয়েও বল করানো যাবে।" কে না জানেন, বোলিংটা জানলেও আফতাব স্রেফ 'কাজ চালানো' বোলারের চেয়ে বেশি কিছু নন। বিশেষজ্ঞ বোলার কমিয়ে কাজ চালানোর বোলারের চিন্তাটা আর যা-ই হোক পেশাদারী নয় কিছুতেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাটসম্যানদের খুব খারাপ করার প্রভাবই বোধহয় এটা। বোলার কমিয়ে ব্যাটসম্যান বাড়ানোর পর দেখা যাচ্ছে হিসাবে এই দলের ১১জনই ব্যাটসম্যান। কাউকে সুযোগ দিয়েই ছুঁড়ে ফেলার উদাহরণ তৈরিও অব্যাহত রেখেছেন নির্বাচকরা। সে কারণে তিন ম্যাচ খেলেই বাদ মোশাররফ হোসেন রুবেল। দক্ষিণ আফ্রিকা সিরিজের দলে থাকা আর একজনই নেই এই দলে (রাসেল)। চট্টগ্রাম টেস্টে জ্যাক কালিসের বাউন্সারে ডান চোখে চোট পেয়ে হাসপাতালে যাওয়া আফতাব দলে ফিরেছেন। আর ঢুকেছেন অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। প্রধান নির্বাচক মোশাররফের জায়গায় তাকে নেওয়ার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, "ঘরোয়া ক্রিকেটে মোশাররফ অসাধারণ বল করেছে ঠিকই, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওর বোলিং আমাদের মন ভরাতে পারেনি। রিয়াদের অফস্পিন বোলিং আক্রমণে বৈচিত্র্য আনবে।" ১৪ জনের বাংলাদেশ দল : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), মাশরাফি বিন মর্তুজা (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, আফতাব আহমেদ, নাজিমউদ্দিন, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, ধীমান ঘোষ, আব্দুর রাজ্জাক, শাহাদাত হোসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা এবং রাকিবুল হাসান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২০৩০ ঘ.