২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেন্ডুলকারকে দুই সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ

অস্ট্রেলিয়া থেকে ভারত শুধু সিবি সিরিজ জয় করেই ফেরেনি, ইনজুরির যন্ত্রণাতেও তারা এখন জর্জরিত। স্বয়ং শচীন টেন্ডুলকারই ইনজুরিতে আক্রান্ত। সামনেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ঝুঁকি না নিয়ে তাই 'লিটল জিনিয়াস'কে দুই সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের ফিজিও জন গ্লস্টার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 03:37 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

মুম্বাই, ৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অস্ট্রেলিয়া থেকে ভারত শুধু সিবি সিরিজ জয় করেই ফেরেনি, ইনজুরির যন্ত্রণাতেও তারা এখন জর্জরিত। স্বয়ং শচীন টেন্ডুলকারই ইনজুরিতে আক্রান্ত। সামনেই দক্ষিণ আফ্রিকার সঙ্গে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। ঝুঁকি না নিয়ে তাই 'লিটল জিনিয়াস'কে দুই সপ্তাহ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ভারতীয় দলের ফিজিও জন গ্লস্টার। প্রায় তিন মাস দীর্ঘ অস্ট্রেলিয়া সফরে শুধু টেন্ডুলকার একাই ইনজুরিতে আক্রান্ত হননি। যুবরাজ সিং, হরভজন সিং ও ইশান্ত শর্মাও একই সমস্যায় আক্রান্ত। টেন্ডুলকারের নিতম্বের ডান দিকে, যুবরাজের হাঁটুতে, হরভজনের বাঁ হ্যামস্ট্রিংয়ে এবং ইশান্তের ইনজুরি পায়ের পাতা ও আঙ্গুলে। গ্লস্টারের পরামর্শ অনুযায়ী টেন্ডুলকারের মতো বাকি তিন জনকেও বিশ্রামে থাকতে হচ্ছে। এর মধ্যে হরভজন অন্তত দুই সপ্তাহ এবং ইশান্তকে তিন সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দেয়া হয়েছে। মেলবোর্নের বিখ্যাত চিকিৎসক ডেভিড ইয়াংয়ের চিকিৎসা নেয়ার পরামর্শও দেয়া হয়েছে চার জনকে। ভারতীয় দলে ইনজুরি সমস্যা এখানেই শেষ নয়। মহেন্দ্র সিং ধোনির ডান অনামিকা, শ্রীশান্তের বাঁ অ্যাঙ্কেল এবং ইরফান পাঠানের পিঠের নিচের অংশে ব্যথা অনুভূত হচ্ছে কয়েক দিন ধরে। অবশ্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্র জানিয়েছে কারো ইনজুরিই তেমন মারাত্মক নয়। এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজটা মিস করার আশঙ্কাও নেই কারো। ভারত-দক্ষিণ আফ্রিকা তিন টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ২৬ মার্চ থেকে। ভারতীয় দল ঘোষণা করা হবে ১৭ মার্চ। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৯৫৯ঘ.