২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টাই ম্যাচ থেকেই অনুপ্রেরণা খুঁজছে বাংলাদেশ

২-০ তে টেস্ট সিরিজ হারা বাংলাদেশ রাতারাতি অন্যরকম চেহারায়। যে চেহারায় আছে সাহস ও জয়ের ক্ষুধার অপূর্ব মিশ্রণ। একদফা তার প্রদর্শনী হয়ে গেছে শুক্রবার বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে। আর সেই টাই ম্যাচটাই জেমি সিডন্সের কাছে ওয়ানডে ম্যাচের দুর্দান্ত এক মডেল হয়ে আছে। তাই ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের এই অস্ট্রেলিয়ান কোচ বারবার বলছিলেন এই ম্যাচের কথা। প্রকারান্তরে এই ম্যাচের মতো খেলার তাগিদ দিচ্ছেন আর কি!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 12:55 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

চট্টগ্রাম, ৮ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২-০ তে টেস্ট সিরিজ হারা বাংলাদেশ রাতারাতি অন্যরকম চেহারায়। যে চেহারায় আছে সাহস ও জয়ের ক্ষুধার অপূর্ব মিশ্রণ। একদফা তার প্রদর্শনী হয়ে গেছে শুক্রবার বিসিবি একাদশের প্রস্তুতি ম্যাচে। আর সেই টাই ম্যাচটাই জেমি সিডন্সের কাছে ওয়ানডে ম্যাচের দুর্দান্ত এক মডেল হয়ে আছে। তাই ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশের এই অস্ট্রেলিয়ান কোচ বারবার বলছিলেন এই ম্যাচের কথা। প্রকারান্তরে এই ম্যাচের মতো খেলার তাগিদ দিচ্ছেন আর কি! আসলে টেস্ট ক্রিকেট দিয়ে বাংলাদেশের ক্রিকেট শক্তিকে বিবেচনা করতে গেলে আপনি ধাঁধায় পড়তে বাধ্য। ঠিক বিদেশীরা ঢাকার রাস্তায় পা ফেলে যেমন হতবাক হয়ে যায় মার্সিডিজ বেঞ্জ কিংবা অন্যান্য দামি মডেলের গাড়ি দেখে। দরিদ্র বাংলাদেশের গল্পের সঙ্গে মেলাতে কষ্ট হবে। তেমনি টেস্ট ক্রিকেটের দরিদ্র বাংলাদেশ ওয়ানডেতে দুর্বার। পাঁচ দিনের খেলায় যারা ব্যর্থতার মিছিলে শরিক হয় এখানে তারা মার্সিডিজের মতোই দুর্বার। তারা দুরন্ত গতিতে ছোটে এবং যে কোনো দিনই চ্যালেঞ্জ জানিয়ে বসতে পারে বিশ্বের যে কোনো দলকেকে। এবার তাতে একটু লাগাম লাগাতে চাইছেন সিডন্স, নির্দিষ্ট টার্গেটের কথা উল্লেখ করেই তিনি বলেছেন, "২৩০-২৪০ রান হলেই হবে।" এটাকেই লড়াইয়ের জন্য যথেষ্ট মনে করছেন এই অস্ট্রেলিয়ান কোচ। আর শুক্রবারের ২৪৩ রান করা প্রস্তুতি ম্যাচটা হয়ে গেছে এক মডেল। যে ম্যাচে বিসিবি একাদশের কেউ ফিফটি করেননি বটে। কিন্তু কয়েকটি তিরিশের ঘরের স্কোর বাংলাদেশকে নিয়ে গেছে ভাল একটা জায়গায়। তাই চার-ছক্কার চেয়ে সিডন্স বেশি গুরুত্ব দিচ্ছেন প্রতি বলে রান করার দিকে, "ওয়ানডেতে প্রত্যেক বলে-বলে স্কোর করতে হবে।" সেজন্য তামিমের ঝড়ের সঙ্গে পাল্লা দেওয়ার খুব প্রয়োজন নেই, বরং জুনায়েদের মতো ইনিংস গড়ার দায়িত্ব নিলে অন্যান্যদের কাজটা সহজ হয়ে যায়। নইলে শুরুতে মড়ক লাগিয়ে দিলে পরের ব্যাটসম্যানদের মধ্যে তা সংক্রমিত হওয়ার আশংকা প্রবল। ইনজুরিতে পড়ে আফতাব নেই। আছেন আশরাফুল, সাকিব, নাজিমউদ্দিন ও ধীমান ঘোষ। ঘরোয়া ক্রিকেট ও একাডেমি দলের হয়ে সাফল্য শেষের দুজনকে নিয়ে এসেছে মূল দলে। তাদের খেলাটাও একরকম নিশ্চিত। এখন তাদের তরফ থেকে শুধু ২৪০ রান করার নিশ্চয়তা চাইছেন সিডন্স। কারণ অনাস্থার প্রতীক হয়ে থাকা ব্যাটিংয়ের চেয়ে বোলিং অনেক বেশি আস্থাভাজন। বাংলাদেশের বোলারা ওইটুকু সম্বল নিয়ে লড়াই করতে পারবেন বলেই সিডন্সের বিশ্বাস। এই বিশ্বাসের প্রতিদান দিতে পারলে চট্টগ্রামেও হয়তো আরেকটা গায়ানা-গাঁথা রচিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/১৮৫২ঘ.