চট্টগ্রাম, ৭ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---টাই হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ-দক্ষিণ আফ্রিকা একদিনের প্রস্তুতি ম্যাচ। চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে প্রথমে ব্যাট করতে নেমে বিসিবি একাদশ ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে করেছিল ২৪৩। দক্ষিণ আফ্রিকান ইনিংস শেষ হয় ৮ উইকেটে ২৪৩ রানে।
টাই ম্যাচ মানেই শেষ ওভারে কিছু নাটক। এখানেও হয়েছে। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫ রান, হাতে ৪ উইকেট। বল করছিলেন পেসার রুবেল হোসেন। তার প্রথম ৪ বলে ৩ রান তুলে নেন বোথা-এবি মরকেল জুটি। কিন্তু পঞ্চম বলে রুবেল ফিরিয়ে দেন বোথাকে। এবি মরকেলের সঙ্গে যোগ দেন তার ভাই মর্নে মরকেল। ২ রানের প্রয়োজন মেটাতে শেষ বলটাকে ডিপ ফাইনলেগে পাঠিয়েছিলেন এবি মরকেল, কিন্তু দ্বিতীয় রান নিতে গিয়ে মর্নে মরকেল রান আউট হয়ে গেলে টাই হয়ে যায় ম্যাচ।
বাংলাদেশের ইনিংসে রান করতে পারেননি শুধু জুনায়েদ সিদ্দিকী। মুখোমুখি হওয়া প্রথম বলেই ফিরে যান তিনি, বাকি সবাই পৌঁছেছেন দুই অংকে। ফলে ফিফটিবিহীন হওয়া সত্ত্বেও বাংলাদেশ পৌঁছে যায় প্রায় আড়াইশো রানের স্কোরে। ত্রিশের ঘরে রান বেশ কয়েকজনের; এরা হচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ অপরাজিত ৩৭, রাকিবুল ৩৩, সাকিব ৩২, তামিম ৩০, নাঈম ইসলাম ৩০।
দক্ষিণ আফ্রিকার পক্ষে অধিনায়ক গ্রায়েম স্মিথ করেছেন সর্বোচ্চ ৭০ রান। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এবি মরকেলের। বিসিবি একাদশের পক্ষে মোশারফ হোসেন রুবেল ৩ উইকেট পেয়েছেন ১৯ রানে, রুবেল ২১ রানে পেয়েছেন ২ উইকেট।
রোববার চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএম/এসি/১৯০৭ ঘ.
bdnews24