২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলে জায়গা নিয়ে প্রশ্নকেও সহজভাবেই নিচ্ছেন মাশরাফি

টেস্ট সিরিজের সবগুলো ম্যাচেই খেলেছেন। কিন্তু একটাও উইকেট পাননি। ক্যারিয়ারে এরকম অভিজ্ঞতার সঙ্গে এবারই প্রথম পরিচয় হল মাশরাফি বিন মর্তুজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ তাই বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলারের জন্য চরম হতাশার প্রতিশব্দ হয়েই থাকছে। এমনকি দলে তার জায়গা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। মোহাম্মদ আশরাফুলের ডেপুটি অবশ্য এটাকে একদম স্বাভাবিকভাবেই নিচ্ছেন। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে প্র্যাকটিসের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে এসে বললেন, "সব খেলোয়াড়ের জীবনেই বাজে সময় আসে। বলতে পারেন, আমারও এখন তেমন সময়ই যাচ্ছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2008, 04:13 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, ৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেস্ট সিরিজের সবগুলো ম্যাচেই খেলেছেন। কিন্তু একটাও উইকেট পাননি। ক্যারিয়ারে এরকম অভিজ্ঞতার সঙ্গে এবারই প্রথম পরিচয় হল মাশরাফি বিন মর্তুজার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টের সিরিজ তাই বাংলাদেশ দলের মূল স্ট্রাইক বোলারের জন্য চরম হতাশার প্রতিশব্দ হয়েই থাকছে। এমনকি দলে তার জায়গা নিয়েও এখন প্রশ্ন উঠতে শুরু করেছে। মোহাম্মদ আশরাফুলের ডেপুটি অবশ্য এটাকে একদম স্বাভাবিকভাবেই নিচ্ছেন। বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে প্র্যাকটিসের ফাঁকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে এসে বললেন, "সব খেলোয়াড়ের জীবনেই বাজে সময় আসে। বলতে পারেন, আমারও এখন তেমন সময়ই যাচ্ছে।" বাজে সময়ের মুখোমুখি হতে দেখেছেন বিশ্বসেরা ক্রিকেটারদেরও। 'তাদেরও দলে জায়গা নিয়ে প্রশ্ন উঠেছে আর আমি তো কোন ছার!' - মাশরাফির এমন মনোভাবের আভাসও পাওয়া গেল তার কথায়, "যখন রান করতে পারছিলেন না, তখন দলে শচীন টেন্ডুলকারের জায়গা নিয়েও কথা উঠেছে অনেক। সুতরাং আমাকে নিয়ে তো উঠতেই পারে। তাছাড়া আমি তো আর অটোমেটিক চয়েস না।" মাশরাফি না বললেও অভিষেকের পর থেকে সবসময়ই তিনি বাংলাদেশ দলে 'অটোমেটিক চয়েস' ছিলেন। এমনকি তার অধিনায়ক মোহাম্মদ আশরাফুলকেও বেশ কয়েকবারই পারফরম্যান্সের কারণে দলে জায়গা হারাতে হয়েছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ইনজুরি ছাড়া কখনোই জাতীয় দলের বাইরে ছিটকে পড়তে হয়নি 'নড়াইল এক্সপ্রেস'কে। কিন্তু প্রোটিয়াদের বিপক্ষে সিরিজে তাকে 'লোকাল ট্রেন' বলেই মনে হয়েছে যেন! আগের সেই আগ্রাসী ভাবটা আর নেই। এমন কথায় অবশ্য আপত্তিই করছেন তিনি, "আমার বোলিংয়ে আগ্রাসন ছিলই। কিন্তু উইকেট পাচ্ছি না বলেই এমন কথা হচ্ছে।" এই দুঃসময়ে তার অধিনায়ককে অবশ্য পাশেই পাচ্ছেন মাশরাফি। এই একটা সিরিজের পারফরম্যান্সেই মাশরাফির ব্যাপারে কোনো সিদ্ধান্তে পৌছে যাওয়া যে ঠিক হবে না, সেটা মনে করিয়ে দিতেই কি-না মোহাম্মদ আশরাফুল বললেন, "ভুলে যাচ্ছেন কেন, নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি উইকেট পেয়েছিল মাশরাফিই।" দক্ষিণ আফ্রিকা সিরিজে কোনো উইকেটই না পাওয়া মাশরাফি এর পেছনে ভাগ্যের দায়ও দেখছেন, "উইকেট পেতে ভাগ্য লাগে। দ্বিতীয় টেস্টে তো একটা খুব ভালো স্পেল করেছি আমি। এই টেস্টে আমার ইকোনমি রেট তিনের কিছু ওপরে। কোচ বলেছেন বক্সে বল ফেলতে। শাহাদাত এই কাজটা খুব ভালোভাবে করেছে। আমিও চেষ্টা করেছি। এজন্য কোচের প্রশংসাও পেয়েছি। চেষ্টা থাকবে ওয়ানডে সিরিজ দিয়ে এই বাজে সময়টাকে পেছনে ফেলার।" চরম হতাশার এক টেস্ট সিরিজ শেষে বাংলাদেশের জন্যই মাশরাফির ছন্দে ফেরাটা সবচেয়ে বেশি দরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯৪৫ঘ.