ঢাকা, ৫ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রকৃতি ভালোই বাগড়া দিচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগে। আগের রাতের বৃষ্টির কারণে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার নির্ধারিত আবাহনী-বিকেএসপির ম্যাচটি হতে পারেনি বুধবারও। বাইলজ অনুযায়ী দু'দলই তাই পাচ্ছে এক পয়েন্ট করে। আর নারায়ণগঞ্জের ফতুল্লায় ৩৩ ওভারে নির্ধারিত ম্যাচে পারটেক্স স্পোর্টিংকে ৬ উইকেটে হারিয়ে দ্বিতীয় জয়ের মুখ দেখেছে মোহামেডান।
টস হেরে ব্যাটিংয়ে নামা পারটেক্স নির্ধারিত ৩৩ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে তাদের পাকিস্তানি ক্রিকেটার রাশেদ হানিফের ব্যাটে ভর দিয়ে। সাত বাউন্ডারিতে তিনি ম্যাচ সর্বোচ্চ ৬৮ রান করেন। তবে ওপেনার ইমরুল কায়েস (৬৬*) ও ফয়সাল হোসেনের (৫২*) অপরাজিত ফিফটিতে ৩০ ওভারে জয়ের লক্ষ্যে পৌছে যেতে কোনো সমস্যাই হয়নি মোহামেডানের। একপ্রান্ত আগলে রেখে শেষপর্যন্ত দলকে জয়ের তীরে পৌছে দেওয়া ইমরুল কায়েস হয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩০ঘ.
bdnews24