২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিরোপা জয় আর গিলক্রিস্টের বিদায় দুটোকেই এগিয়ে আনতে তৈরি ভারত

ত্রিদেশীয় সিরিজের নিয়মিত আয়োজনটা অন্যদের কাছে যেমনই হোক না কেন অস্ট্রেলিয়ার কাছে এটা দারুণ সম্মানজনক এক টুর্নামেন্ট। কয়েক বছর পর পর নাম পাল্টালেও ২৯ বছর ধরে চলা এই টুর্নামেন্টকে ঘিরে অস্ট্রেলীয়দের আবেগও সব সময় তুঙ্গস্পর্শী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2008, 04:01 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ব্রিসবেন, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় সিরিজের নিয়মিত আয়োজনটা অন্যদের কাছে যেমনই হোক না কেন অস্ট্রেলিয়ার কাছে এটা দারুণ সম্মানজনক এক টুর্নামেন্ট। কয়েক বছর পর পর নাম পাল্টালেও ২৯ বছর ধরে চলা এই টুর্নামেন্টকে ঘিরে অস্ট্রেলীয়দের আবেগও সব সময় তুঙ্গস্পর্শী। এবার কি সেই আবেগ পদদলিত হতে যাচ্ছে? মঙ্গলবারই পাওয়া যেতে পারে প্রশ্নটার উত্তর। রোববার শচীন টেন্ডুলকারের আরেকটি দুর্দান্ত সেঞ্চুরিতে কমনওয়েল ব্যাংক ত্রিদেশীয় সিরিজের প্রথম ফাইনাল জিতে নেয়া ভারতের সামনে এখন শিরোপা জয়ের হাতছানি। মঙ্গলবার ব্রিসবেনের গ্যাবায় অনুষ্ঠেয় দ্বিতীয় ফাইনালে জিততে পারলেই শিরোপার জয়ের উৎসবে মেতে উঠতে পারবে 'টিম ইন্ডিয়া', দিতে পারবে সফরের শুরু থেকে চলে আসা একের পর এক বিতর্কের দাঁতভাঙ্গা জবাব! সেই লক্ষ্য পূরণে ভারতের সামনে এ মুহূর্তে সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে গত বছরের ইংল্যান্ড। টুর্নামেন্টের গত আসরে 'আন্ডারডগ' হয়েও ইংল্যান্ড প্রথম দুটো ফাইনালেই অস্ট্রেলিয়াকে হারিয়ে বিস্মিত করে দিয়েছিল ক্রিকেট দুনিয়াকে। অবশ্য 'বেস্ট অব থ্রি'র ফাইনালে পিছিয়ে পড়েও এই টুর্নামেন্টের শিরোপা জয়ের অভিজ্ঞতা অস্ট্রেলিয়ারও আছে। এক বার নয়, তিন তিন বার। দু বার নব্বইয়ের দশকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, অন্যবার ২০০৫-০৬ মৌসুমে শ্রীলঙ্কার সঙ্গে। অর্থাৎ ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণার জন্য রিকি পন্টিংয়ের দলেরও খুব বেশি পেছনে তাকানোর প্রয়োজন নেই। আসলে বিশ্ব চ্যাম্পিয়নদের এখন সবচেয়ে বেশি দরকার ব্যাটসম্যানদের ফর্ম ফিরিয়ে আনার সর্বাত্মক প্রচেষ্টা। টুর্নামেন্টের শুরু থেকে প্রথম ফাইনাল পর্যন্ত ব্যাটসম্যানদের ফর্মহীনতাই সবচেয়ে বেশি ভোগাচ্ছে অস্ট্রেলিয়াকে। রোববার সিডনির মোটামুটি ব্যাটিং সহায়ক উইকেটে ম্যাথু হেইডেনের ৮২ রানের পরও ২৩৯ রানের বেশি করতে পারেনি। ৬ উইকেটের পরাজয়ের সেটাও একটা বড় কারণ। স্বয়ং পন্টিংয়ের ব্যাটেই রান-খরা! লিগ পর্বে ভারতের সঙ্গে একটি ম্যাচে ১২৪ রান করলেও টুর্নামেন্টে ৯ ম্যাচে অস্ট্রেলিয়া অধিনায়কের সংগ্রহ ২১.১১ গড়ে মাত্র ১৯০ রান! কয়েক বছর ধরে ওয়ানডেতে অস্ট্রেলিয়ার অন্যতম সেরা ব্যাটসম্যান অ্যান্ড্রু সাইমন্ডসের আরো শোচনীয় অবস্থা। পন্টিংয়ের সমান ম্যাচ খেললেও ১৬.৫ গড়ে ১৩২ রান করেছেন তিনি। তুলনায় ব্যাটিং নিয়ে ভারত অনেক বেশি নির্ভার। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ওয়ানডে সেঞ্চুরি পাওয়া টেন্ডুলকার যথারীতি দারুণ ফর্মে আছেন। ৯ ম্যাচে 'লিটল জিনিয়াস'-এর ব্যাট থেকে এসেছে ৩০৮ রান। অধিনায়ক মহেন্দ্র ধোনি তার চেয়েও ৩ রান বেশি করে নির্ভরতা দিয়ে যাচ্ছেন দলের মিডল অর্ডারকে। টুর্নামেন্টে ২৩৩ রান করা তরুণ রোহিত শর্মার ব্যাটেও নির্ভরতার প্রতিচ্ছবি। তবে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন গৌতম গম্ভীর। ধারাবাহিকভাবে ভালো ব্যাট করে যাওয়া দিল্লীর এই ব্যাটসম্যানই এখন পর্যন্ত এবারের টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ৯ ম্যাচে দুটো সেঞ্চুরি সহ ৬০.৭১ গড়ে ৪২৫ রান করেছেন তিনি। ভারত বরং কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকতে পারে উইকেট নিয়ে। ব্রিসবেনের গ্যাবার উইকেট সিডনির মতো ফ্ল্যাট নয়, বরং অনেক বেশি ফাস্ট ও বাউন্সি। আর তাই মঙ্গলবারের ম্যাচে বাঁহাতি স্পিনার ব্র্যাড হগের বদলে স্টুয়ার্ট ক্লার্ককে দেখা যেতে পারে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে। ভারতও অবশ্য চুপচাপ বসে থাকছে না। সুইং-সহায়ক উইকেটকে কাজে লাগানোর লক্ষ্যে শ্রীশান্তকে দলে রাখতে পারে তারা। সেক্ষেত্রে প্রথম ফাইনালে দারুণ বল করা লেগস্পিনার পীযূষ চাওলার (১০-০-৩৩-০) বাদ পড়ার সম্ভাবনাই বেশি। আগেই ঘোষণা দিয়েছিলেন, এই টুর্নামেন্ট শেষে বিদায় জানাবেন আন্তর্জাতিক ক্রিকেটকে। প্রথম ফাইনালশেষে শিরোপা হারানোর আশঙ্কার কথা তখন নিশ্চয়ই ভাবেননি অ্যাডাম গিলক্রিস্ট! অথচ এখন তার সামনে এবং তার প্রিয় দলের সামনেও এই আশঙ্কার চোখরাঙানি। অস্ট্রেলিয়া কি পারবে বিদায়বেলায় এই সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যানকে শিরোপা উপহার দিতে? সেটা অবশ্য পরের ব্যাপার, সবার আগে প্রয়োজন দ্বিতীয় ফাইনালটা জিতে শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখা। অন্যদিকে শেষ অস্ট্রেলিয়া সফরে আসা টেন্ডুলকারকে স্মরণীয় এক উপহার দিতে চাইছে ভারতও। সেই সঙ্গে হরভজন-ইশান্তদের ঘিরে জন্ম নেয়া অপমানজনক বিতর্কের জবাব দেয়ার তাগিদ তো আছেই। সব কিছুর যোগফলে ব্রিসবেনে ভারত-অস্ট্রেলিয়ার আরেকটা জমজমাট লড়াইয়ের মঞ্চ প্রস্তুত! ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯১৫ঘ.