চট্টগ্রাম, ৩ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- পাঁচ বছর আগে যাদের বিপক্ষে খেলে গিয়েছিলেন, এবার এসে দেখলেন তাদের বেশিরভাগই দলে নেই। একগাঁদা তরুণ ক্রিকেটার দলে কিন্তু চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সেই পাঁচ বছর আগেরই পরিণতি। আরেকটি ইনিংসের ব্যবধানে হার (এক ইনিংস ও ২০৫ রানে), যা ৫৩ টেস্টে বাংলাদেশের ৩১-তম। পাঁচ বছর আগের আর এখনকার বাংলাদেশ দলের তুলনা করতে গিয়ে তাই আশাব্যঞ্জক কিছু শোনাতে পারলেন না গ্রায়েম স্মিথ।
বাংলাদেশের ব্যাটিংটা সেই আগের জায়গাতে রয়ে গেছে বলেই মনে হয়েছে প্রোটিয়া অধিনায়কের। চট্টগ্রাম টেস্টে ডাবল সেঞ্চুরি করার পাশাপাশি নিল ম্যাকেঞ্জিকে সঙ্গে নিয়ে ওপেনিংয়ের নতুন বিশ্বরেকর্ড গড়ে ম্যান অফ দি ম্যাচের পুরস্কার পাওয়া স্মিথের চোখে অবশ্য বোলিংয়ে বাংলাদেশের উন্নতিটা চোখে পড়েছে, "আপনাদের বোলিংটা ভালো হয়েছে। পাঁচ বছর আগে যখন এখানে এসেছিলাম তখনকার চেয়ে তো অনেক ভালো। এখন যারা বোলিং করছে তাদের মধ্যে স্কিলটা আছে।"
ব্যাটসম্যানদের মাঝে যে বড় একটা জিনিষের ঘাটতি আছে সেটা বুঝিয়ে দিতেও ভুললেন না স্মিথ, "তোমাদের ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়া শিখতে হবে।" পাঁচ বছর আগে বাংলাদেশেই হয়েছিল তার অধিনায়কত্বের অভিষেক। আবার দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বেশি টেস্টে (৫৪ টেস্ট) নেতৃত্ব দেওয়া অধিনায়কও হয়েছেন এখানেই। বাংলাদেশকে তাই আজীবনই মনে রাখতে হবে তার। মনে আছে পাঁচ বছর আগের সেই দলটার কথাও, "পাঁচ বছর আগে যেসব ব্যাটসম্যানদের দেখে গিয়েছিলাম, তাদের বেশিরভাগকেই এবার দেখছি না। ২০০৩ সালের সিরিজে খেলা হাবিবুলকেই শুধু এবার দেখলাম (আশরাফুলের কথা হয়তো ভুলেই গেছেন)। বাকি সবাই-ই তো নতুন।"
ব্যাটিংয়ে উন্নতির জন্য এই নতুনদের অভিজ্ঞ হওয়ার সুযোগ দেওয়ার দিকেই জোর দিচ্ছেন প্রোটিয়া অধিনায়ক। কেবল তারুণ্যে আস্থা রেখে ঘনঘন তরুণ ক্রিকেটারদের দলে ভেড়ানোতে নয়, "আমি ঠিক বুঝতে পারছি না কীভাবে ওরা বিশ্বের নানা প্রান্তে খেলার ব্যাপারটা শিখছে। কিংবা কীভাবে অভিজ্ঞতা অর্জন করছে। আপনারা সবসময়ই ১৯/২০ বছর বয়সী ছেলেদের দলে নিচ্ছেন। মূল বিষয় হচ্ছে যাদেরকে সম্ভাবনাময় বলে চিহ্নিত করেছেন, তাদের অভিজ্ঞ হওয়ার সুযোগ দিতে হবে। বিশ্বের নানা প্রান্তে খেলে শেখার সুযোগটা ওদের দিন। যাতে পরেরবার এসে আমরা দেখতে পাই ওরা আরো ভালো খেলোয়াড় হওয়ার পাশাপাশি অভিজ্ঞও হয়ে গেছে। এবং এর প্রভাবটা ব্যাটিংয়ে পড়ছে। যদি ১৯/২০ বছর বয়সের ছেলেদেরই প্রত্যেকটা সিরিজে দলে নিতে থাকেন তাহলে কিছুই হবে না।"
কথাগুলো বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সের খুব মনে ধরার কথা। তিনি তো এই তরুণদের ধরে রেখেই একটা দল গড়ার পক্ষপাতী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৯০০ঘ.
bdnews24