২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা ভারতের

রোববার ভারতীয় ক্রিকেটের এক স্বর্ণোজ্জ্বল দিন নিঃসন্দেহে! প্রথমে সিবি সিরিজের প্রথম ফাইনালে শচীন টেন্ডুলকারের এক অসাধারণ সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটের জয়। সেই আনন্দের রেশ মিলিয়ে যেতে না যেতেই মালয়েশিয়ার রাজধানী থেকে এলো তরুণদের বিশ্ব জয়ের সুখবর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১২ রানে হারিয়ে ক্রিকেট-পাগল দেশকে আরেকটি উৎসবের উপলক্ষ্য এনে দিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটাররা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 04:28 PM

Updated : 26 Aug 2022, 01:28 PM

কুয়ালালামপুর, ২ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববার ভারতীয় ক্রিকেটের এক স্বর্ণোজ্জ্বল দিন নিঃসন্দেহে! প্রথমে সিবি সিরিজের প্রথম ফাইনালে শচীন টেন্ডুলকারের এক অসাধারণ সেঞ্চুরির সুবাদে ৬ উইকেটের জয়। সেই আনন্দের রেশ মিলিয়ে যেতে না যেতেই মালয়েশিয়ার রাজধানী থেকে এলো তরুণদের বিশ্ব জয়ের সুখবর। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ডাকওয়ার্থ/লুইস পদ্ধতিতে ১২ রানে হারিয়ে ক্রিকেট-পাগল দেশকে আরেকটি উৎসবের উপলক্ষ্য এনে দিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটাররা। কুয়ালালামপুরের কিনরারা একাডেমি ওভালে ভারতের জয়টা সম্মিলিত প্রচেষ্টার ফল। টস হেরে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৫৯ রানে অলআউট হয়ে যায় তারা। সর্বোচ্চ ৪৬ রান এসেছে তন্ময় শ্রীবাস্তবের ব্যাট থেকে। এছাড়া সৌরভ তিওয়ারি ও মনীশ পান্ডে করেছেন ২০ রান করে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ওয়েইন পার্নেল, ম্যাথু আরনল্ড ও রয় অ্যাডামস প্রত্যেকেরই শিকার দুটি করে উইকেট। লক্ষ্য তেমন বড় না হলেও প্রোটিয়াদের শুরুটা কিন্তু মোটেই ভালো হয়নি। মাত্র ১১ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। ৮.৪ ওভারে ৩ উইকেটে ১৭ রান তোলার পর বৃষ্টি এসে খেলা থামিয়ে দিয়েছিল। আবার খেলা শুরু হওয়ার পর দক্ষিণ আফ্রিকার সামনে পুননির্ধারিত টার্গেট দাঁড়ায় ২৫ ওভারে ১১৬ রান। রিজা হেনড্রিকস (৩৫), পার্নেল (২৯) ও ব্র্যাডলি বার্নস (১৯) অনেক চেষ্টা করলেও ৮ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি তারা। অবশ্য ভারতের ফিল্ডাররা, বিশেষ করে উইকেট কিপার শ্রীবৎস গোস্বামী একাধিক ক্যাচ ও স্টাম্পিং মিস না করলে আরো আগেই শেষ হতে পারতো প্রোটিয়াদের ইনিংস। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন অজিতেশ আর্গাল, রবীন্দ্র জাদেজা ও সিদ্ধার্থ কাউল। তবে শুরুতেই দুটো উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপের মধ্যে ফেলে দেয়ার পুরস্কার হিসাবে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন আর্গাল। এই ডান হাতি মিডিয়াম পেসারের বোলিং ফিগারও (৫-২-৭-২) ছিল দুর্দান্ত। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/