চট্টগ্রাম, ২৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জেমি সিডন্স কী তাহলে আগেভাগেই ঢাল তৈরি করে রাখছেন? শিষ্যদের মাঝে ওয়ারিদ সিরিজের শুক্রবার থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে ভালো খেলার আকুতি লক্ষ্য করেছেন। যেটাকে ভীষণ ভালো লক্ষণ বলেও মনে হয়েছে তার। প্রথম টেস্টের ভুল-ত্র"টিগুলো শুধরানোর প্রয়াস হিসেবে দু'দুটো দারুণ প্র্যাকটিস সেশনের কথাও বলেছেন এই অস্ট্রেলিয়ান কোচ। এসব শুনে আশাবাদী হয়ে ওঠার আগে অবশ্য বাংলাদেশ দলের কোচের এ কথাটাও শুনে রাখা ভালো, "এসবের কোনো কিছুই কিন্তু দারুণ ক্রিকেট খেলার নিশ্চয়তা নয়।"
বৃহষ্পতিবার দুপুরে বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন স্টেডিয়ামে বাংলাদেশ দলের সংবাদ সম্মেলন দেখার পর এই অনিশ্চয়তাকে একদমই অস্বাভাবিক মনে হয়নি। মাঠে নামার আগে বাংলাদেশ শিবিরকে কিছু বিষয় নিয়ে এমনই ব্যতিব্যস্ত থাকতে হচ্ছে যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই টেস্টে ক্রিকেটারদের মনযোগ সরে যাওয়াও বিচিত্র নয়। গ্রায়েম স্মিথ এখানেই হানসি ক্রনিয়েকে (৫৩ টেস্ট) টপকে হয়ে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকাকে সবচেয়ে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়া অধিনায়ক।
অন্যদিকে বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল হতে যাচ্ছেন দেশের ৫৩-তম টেস্টে সবচেয়ে বেশি চাপে থাকা অধিনায়ক। এই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেটকে 'গুডবাই' জানাচ্ছেন দেশসেরা স্পিনার মোহাম্মদ রফিক। একসময় না একসময় তা জানাতেনই। তবে শুধু বিদায় ঘোষণাতেই থামলেন না রফিক। জানালেন, তাকে অবসর নিতে একরকম বাধ্যই করা হয়েছে। এজন্য অজ্ঞাত পরিচয় বোর্ড কর্মকর্তা ও নির্বাচকদের দুষে সংবাদ সম্মেলনকক্ষে বিষন্নতার এমন বাষ্প ছড়ালেন যে মুখ কালো করে ফেলতে হলো আশরাফুলকেও।
বাংলা না বুঝলেও ভাবার্থ বেশ ভালোই উদ্ধার করতে পারলেন কোচ সিডন্স। আর রফিকের এই বিদায়ী টেস্টেই বাংলাদেশ অধিনায়ককে তার নেতৃত্বের ছোট ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা গিয়ে জানাতে হয়েছে হাবিবুল বাশারকে, "আপনি এই ম্যাচে খেলছেন না।" কিছুদিন আগেই ঢাকায় তার ৫০-তম টেস্ট খেলে চট্টগ্রামে আসা বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক এই প্রথম পারফরম্যান্সের কারণে বাদ পড়লেন। রফিক আর হাবিবুলই নিয়ে নিলেন সংবাদ সম্মেলনের প্রায় পুরোটা।
এই টেস্টের জন্য বাংলাদেশ ১২ জনের যে দল ঘোষণা করেছে তাতে হাবিবুল বাসার নেই, নেই বাঁ হাতি পেসার সাজিদুল ইসলামও। হাবিবুলের না থাকার ব্যাখ্যা আশরাফুল দিলেন এভাবে, "অবশ্যই তাকে বাদ দেওয়াটা ছিল আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। আমাদের ৫৩টা টেস্ট ম্যাচের মধ্যে সুমন ভাই ৫০টিই খেলেছেন। তার ২৪টা ফিফটি ও তিনটা সেঞ্চুরি। অ্যাভারেজ ৩০। যদিও গত আটটা টেস্টে তার পারফরম্যান্স আমরা যেমন আশা করেছিলাম, তেমন হয়নি। একারণেই...।" তার জায়গায় ১২ জনে ঢুকেছেন বেশ কিছুদিন ধরেই বাংলাদেশ দলের সফরসঙ্গী হয়েও খেলার সুযোগ না পাওয়া রাজিন সালেহ।
এ যাত্রায় বোধহয় আরাধ্য সুযোগটা পেয়েই যাচ্ছেন রাজিন। এর পেছনে একাধিক কারণ। প্রথমত, একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলার ঝুঁকি নিশ্চয়ই নিতে চাইবে না বাংলাদেশ শিবির। দ্বিতীয়ত, চট্টগ্রামের এই উইকেটকে ব্যাটিংয়ের জন্য মিরপুরের চেয়ে অনেকখানি এগিয়েও রাখছে টাইগাররা। মরা উইকেটেও রান করতে না পারার কুখ্যাতি যাদের, একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলা বোধহয় তাদের সাহসে কুলোবে না! সুতরাং এই টেস্টেও পানির বোতল আর তোয়ালে নিয়ে ছোটাছুটির দায়িত্বটা আব্দুর রাজ্জাকের ওপর থাকার সম্ভাবনাই বেশি।
বাংলাদেশ যখন রফিক আর হাবিবুলকে নিয়ে প্রশ্নের ঝাপটা সামাল দিতে ব্যস্ত, তখন পুরো ফুরফুরে মেজাজেই পাওয়া গেল দক্ষিণ আফ্রিকান শিবিরকে। তবে প্রথম টেস্টের ধাক্কাটা (প্রথম ইনিংসে বাংলাদেশের লিড) আর দ্বিতীয়বার যাতে খেতে না হয়, সে ব্যাপারে তারা ভীষণ সাবধানী। তাছাড়া রুহুল আমিন স্টেডিয়ামের উইকেট দেখেও চোখ চকচক করছে তাদের, স্মিথ বললেন, "প্রথম টেস্টে আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম তা এক কথায় দুর্দান্ত। তবে এখানকার উইকেটকে আলাদাই মনে হলো। মনে হচ্ছে রানও আছে। এখন শুধু আমাদের ব্যাটসম্যানদের ধৈর্য্য ধরে খেলতে হবে।" তাদের একাদশে সম্ভবত একটাই পরিবর্তন আসছে। অফস্পিনার ইয়োহান বোথার জায়গায় আসতে পারেন বাঁ হাতি স্পিনার রবিন পিটারসন।
এই উইকেটে স্মিথের মতো রান দেখছেন সিডন্সও, "দেখে তো ফ্ল্যাট উইকেটই মনে হলো। ব্যাটিং উইকেটই হওয়ার কথা। ৩০০-৩৫০ রান হলে খুব ভালো হয়। এরচেয়ে বেশি হলে তো কথাই নেই।" কিন্তু খেলা শুরুর আগেই যে একসঙ্গে দু'দুটো বড় ঘটনা বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে। রফিকের অবসর নিতে বাধ্য হওয়া এবং হাবিবুলের প্রথমবারের মতো একাদশের বাইরে ছিটকে যাওয়া। দুয়ে মিলে অবশ্য ক্রিকেটারদের মনসংযোগে ব্যাঘাত ঘটাবে এমনটা মানতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক, "আমরা যারা খেলছি, তাদের সবারই মনসংযোগ এই টেস্টের দিকে। অন্য আর কিছুতে নয়।"
মুখের কথা সবসময় মনের কথা নয়। এই টেস্টের বাংলাদেশকে নিয়ে ঝুঁকি তাই থাকছেই। বিশেষ করে কোচও যখন ভালো পারফরম্যান্সের নিশ্চয়তা দেননি!
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : জুনায়েদ সিদ্দিকী, তামিম ইকবাল, রাজিন সালেহ, আফতাব আহমেদ, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ রফিক এবং শাহাদাত হোসেন। আব্দুর রাজ্জাক (দ্বাদশ ব্যক্তি)
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ : গ্রায়েম স্মিথ, নিল ম্যাকেঞ্জি, হাশিম আমলা, জ্যাক কালিস, এবি ডি ভিলিয়ার্স,
অ্যাশওয়েল প্রিন্স, মার্ক বাউচার, মাখায়া এনটিনি, রবিন পিটারসন, ডেইল স্টেইন এবং মরনে মরকেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২০৩০ ঘ.
bdnews24