২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহাদাত এখন পরিবর্তিত এবং পরিণত এক বোলারের নাম

জেমি সিডন্স তাকে নিয়ে গর্বভরেই বলেছিলেন, "আমাদের হাতে খুব ভালো একজন টেস্ট বোলার আছে।" ক্যারিয়ার সেরা বোলিং করে প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে সেই টেস্ট বোলারটি এমনকি দলের হারের আশঙ্কাও করতে পারছিলেন না। শাহাদাত হোসেন বরং হিন্দিতে বলেছিলেন , "ফিল্ম আভি বাকি হ্যায়।" দুর্ভাগ্য যে চিত্রনাট্যের শেষাংশে দক্ষিণ আফ্রিকার জয়ই লেখা হয়েছে। বিফলে গেছে ম্যাচে তার ৯৭ রানে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 04:35 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জেমি সিডন্স তাকে নিয়ে গর্বভরেই বলেছিলেন, "আমাদের হাতে খুব ভালো একজন টেস্ট বোলার আছে।" ক্যারিয়ার সেরা বোলিং করে প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে সংবাদ সম্মেলনে সেই টেস্ট বোলারটি এমনকি দলের হারের আশঙ্কাও করতে পারছিলেন না। শাহাদাত হোসেন বরং হিন্দিতে বলেছিলেন , "ফিল্ম আভি বাকি হ্যায়।" দুর্ভাগ্য যে চিত্রনাট্যের শেষাংশে দক্ষিণ আফ্রিকার জয়ই লেখা হয়েছে। বিফলে গেছে ম্যাচে তার ৯৭ রানে ৯ উইকেট নেওয়ার কৃতিত্ব। এটা টেস্টে কোনো বাংলাদেশী বোলারের দ্বিতীয় সেরা পারফরম্যান্স। ২০০৫ সালে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০ রানে এনামুল হক জুনিয়রের ১২ উইকেট নেওয়াটাই হয়ে আছে সেরা পারফরম্যান্স। উইকেট সংখ্যা বিবেচনায় না নিয়ে প্রতিপক্ষের শক্তিমত্তা বিচার করলে অবশ্য শাহাদাতের বোলিংকেই অবশ্য সেরা পারফরম্যান্স বলে স্বীকৃতি দিতে হয়। সেটা দিলেও বোধহয় খুব একটা দোষের কিছু হয় না। কারণ খোদ দক্ষিণ আফ্রিকান অধিনায়ক গ্রায়েম স্মিথও তার উচ্ছ্বসিত প্রশংসা করতে কার্পণ্য করেননি কোনো, "ফাস্ট বোলারটা (নাম উল্লেখ না করে) অসাধারণ বোলিং করেছে। কন্ডিশনটা তো ভালোমতো ব্যবহার করেছেই, পাশাপাশি রিভার্স সুইংও করাচ্ছিল। সেই সঙ্গে সঠিক জায়গায় বল ফেলায় আমাদের রান করাও কঠিন করে দিয়েছিল।" অথচ একটা সময় লাইন আর লেন্থের ওপর তেমন একটা নিয়ন্ত্রণ ছিল না বাংলাদেশের এই নতুন বলের বোলারের। লর্ডসে টেস্ট অভিষেকের সময় থেকে তাকে দেখে আসা মোহাম্মদ আশরাফুলের চোখেই তার পরিবর্তনটা সবচেয়ে বেশি ধরা পড়ার কথা। বাংলাদেশ অধিনায়ক পরিবর্তিত শাহাদাতকে তুলে ধরেছেন এভাবে, "রাজীব (শাহাদাতের ডাকনাম) এখন আগের চেয়ে অনেক বেশি নিয়ন্ত্রিত বোলিং করে। ঠিক জায়গায় বল ফেলতে পারে। যা একজন বড়ো বোলারের গুণ। নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্ট থেকেই দেখছি ওর এই পরিবর্তনটা। আর ওকে যা বলা হয় তা খুব মনোযোগ দিয়েও শোনে এখন।" তবে ম্যাচ সেরা বোলিং করেও অবশ্য ম্যান অফ দি ম্যাচের পুরস্কারটা তিনি পাননি। পুরস্কারের চেকটা গেছে ম্যাচের তৃতীয় দিনের সকালে ৮ ওভারের এক স্পেলে মাত্র ২০ রান দিয়ে ৫ উইকেট তুলে নেওয়া এবং একই সঙ্গে বাংলাদেশকে শেষ করে দেওয়া জ্যাক কালিসের পকেটে। ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত মিনি বিশ্বকাপ থেকেই যার উত্থান হয়েছিল। সেবার দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ে সবচেয়ে বড় ভূমিকা ছিল ম্যান অফ দি টুর্নামেন্ট জ্যাক কালিসের। টেস্টে ৯,৪৩৮ রান ও ২২৯ উইকেট পাওয়া এই অলরাউন্ডারকে নিয়ে অবশ্য তেমন একটা মাতামাতি হয় না ক্রিকেট বিশ্বে, যতোটা অ্যান্ড্রু ফ্লিনটফ ও সাইমন্ডসদের নিয়ে হয়। ফ্লিনটফকে তো কখনো কখনো কপিল দেব কিংবা ইমরান খানদের মতো অলরাউন্ডারের কাতারেও নিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়। তাকে নিয়ে এটা হয় না বলে কী কোনো আফসোস হয়? এমন প্রশ্নে নিজেকে ব্যাটিং অলরাউন্ডার বলে পরিচয় দিতে ভালোবাসা কালিস বললেন, "এসব বিষয় আসলে আমাকে খুব একটা ভাবায় না। নিজের খেলাটা নিয়েই শুধু ভাবি আমি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮১০ঘ.