২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-শ্রীলঙ্কার ফাইনালে ওঠার ম্যাচ

টুর্নামেন্টে তিন বারের মুখোমুখি লড়াইয়ে দু দলেরই একটি করে জয়, অন্য ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত। মঙ্গলবার হোবার্টের বেলেরিভ ওভালে কমনওয়েলথ ব্যাংক সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচটা তাই এক দিক দিয়ে ভারত ও শ্রীলঙ্কার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তবে ম্যাচটার গুরুত্ব আসলে অন্যখানে। এই ম্যাচ দু দলের ফাইনালে ওঠার লড়াই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 04:34 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

হোবার্ট, ২৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টুর্নামেন্টে তিন বারের মুখোমুখি লড়াইয়ে দু দলেরই একটি করে জয়, অন্য ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত। মঙ্গলবার হোবার্টের বেলেরিভ ওভালে কমনওয়েলথ ব্যাংক সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচটা তাই এক দিক দিয়ে ভারত ও শ্রীলঙ্কার একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার লড়াই। তবে ম্যাচটার গুরুত্ব আসলে অন্যখানে। এই ম্যাচ দু দলের ফাইনালে ওঠার লড়াই। মঙ্গলবার জিতলেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। তবে শ্রীলঙ্কার সামনে সমীকরণটা এত সহজ নয়। এই ম্যাচে জিততে তো হবেই, ফাইনালে উঠতে হলে ২৯ ফেব্র"য়ারি লিগ পর্বের শেষ ম্যাচে হারাতে হবে অস্ট্রেলিয়াকেও। মহেন্দ্র সিং ধোনি অবশ্য শেষ ম্যাচের ফলের দিকে তাকিয়ে থাকতে রাজি নন। ভারতের ওয়ানডে অধিনায়ক সব হিসাব-নিকাশ মঙ্গলবারই শেষ করে দিতে আগ্রহী, "আমরা ২৯ ফেব্র"য়ারির ফলের জন্য অপেক্ষা করতে রাজি নই। আমরা শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই সব কিছু শেষ করে দিতে আগ্রহী। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার শেষ ম্যাচ পর্যন্ত (আমাদের ফাইনালে উত্তরণ) ঠেকিয়ে রাখতে চাই না। আর তাই ম্যাচটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।" শ্রীলঙ্কা যে 'অত্যন্ত চতুর' দল সেটা জানিয়ে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন ধোনি। সেই 'চতুর' দলের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এখন তার দলের ব্যাটিং নিয়ে ভীষণ দুশ্চিন্তায়। টুর্নামেন্টে এখন পর্যন্ত শ্রীলঙ্কার সর্বোচ্চ রান ২৩৮, অস্ট্রেলিয়ার সঙ্গে এক বার ১২৫ রানে অলআউটও হয়েছে তারা। মূলত ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই ৬ পয়েন্ট নিয়ে সবার নিচে গত বিশ্বকাপের রানার্সআপরা। জয়াবর্ধনে তাই মনে-প্রাণে চাইছেন সমস্যাটা সমাধান করার, "আমাদের বাকি দুটো ম্যাচে জিততেই হবে। ব্যাটিং সমস্যার সমাধান করতে পারলে আমাদের খুব ভালো সুযোগ আছে ফাইনালে ওঠার। তবে সবার আগে মঙ্গলবার জেতার দিকে পুরো মনযোগ দিতে হবে আমাদের।" এই ম্যাচে ভারতীয় দলে একটা পরিবর্তন আসতে পারে। পাকস্থলীর সমস্যা কাটিয়ে ফিরতে পারেন পেসার মুনাফ প্যাটেল। সেক্ষেত্রে বীরেন্দর শেবাগের আবার একাদশের বাইরে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি। ক্রিকইনফোর সহায়তায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২০৪০ঘ.