২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের চাই ৬ উইকেট, দক্ষিণ আফ্রিকার ২৭ রান

প্রথম টেস্ট জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার ২৭ রান। তৃতীয় দিনশেষে সমীকরণটা নিঃসন্দেহে প্রোটিয়াদের দিকেই ঝুঁকে আছে অনেক বেশি। ২০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৮ রান। অ্যাশওয়েল প্রিন্স ২৪ ও এবি ডি ভিলিয়ার্স ৮ রানে অপরাজিত। শাহাদাত ও রফিক নিয়েছেন দুটি করে উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 05:46 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ২৪ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রথম টেস্ট জিততে হলে বাংলাদেশের প্রয়োজন ৬ উইকেট। আর দক্ষিণ আফ্রিকার ২৭ রান। তৃতীয় দিনশেষে সমীকরণটা নিঃসন্দেহে প্রোটিয়াদের দিকেই ঝুঁকে আছে অনেক বেশি। ২০৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে রোববার দিনশেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ১৭৮ রান। অ্যাশওয়েল প্রিন্স ২৪ ও এবি ডি ভিলিয়ার্স ৮ রানে অপরাজিত। শাহাদাত ও রফিক নিয়েছেন দুটি করে উইকেট। দক্ষিণ আফ্রিকার আউট হওয়া চার ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ (৬২), নিল ম্যাকেঞ্জি (২৬), হাশিম আমলা (৪৬) ও জ্যাক ক্যালিস (৭)। এর আগে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়েছে ১৮২ রানে। এই টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ ওভার বল করা ক্যালিস বাংলাদেশকে স্বল্প রানে গুটিয়ে দিতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন। রোববার তার ৮ ওভারের স্পেলে মাত্র ২০ রান খরচে বাংলাদেশের বাকি ছয় উইকেটের পাঁচটিই তুলে নিয়েছেন এই অলরাউন্ডার। ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। টেস্টে এই নিয়ে পঞ্চম বারের মতো ইনিংসে ৫ উইকেট পেলেন ক্যালিস। জুনায়েদ সিদ্দিকী আগের দিনের ৬৪ রানের সঙ্গে আর মাত্র ১০ রান যোগ করে আউট হয়ে যান। তিনিই ক্যালিসের প্রথম শিকার। এরপর থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ক্যালিস একে একে ফিরিয়ে দেন জুনায়েদ সিদ্দিকী (৭৪), মুশফিকুর রহিম (২), মোহাম্মদ রফিক (১৪), মাশরাফি বিন মুর্তজা (১১) ও সাকিব আল হাসানকে (৩)। মাঝে আফতাবকে আউট করেছেন ডেল স্টেইন। আর তাই ৩৪ রানে শেষ ৫ উইকেট হারাতে হয়েছে আশরাফুলের দলকে। বাংলাদেশের অলআউট হওয়ার পথে টেস্টে অ্যাডাম গিলক্রিস্টকে (৪১৬) টপকে সর্বাধিক ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার মার্ক বাউচার। ক্যালিসের বলে মুশফিকুর রহিম হয়েছেন তার ৪১৭তম ডিসমিসাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/১৭৫২ঘ.