২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরাজয়ের আশঙ্কাও নেই শাহাদাতের মনে

টেস্ট ক্রিকেটেও তীরে এসে তরী ডোবার ঘটনা আছে বাংলাদেশের। ২০০৩ সালে মুলতানে ২৬১ রানের টার্গেট দিয়ে চেপে ধরার পরও ইনজামাম-উল হকের মহাকাব্যিক এক ইনিংসে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লায় হারতে হারতেও শেষ পর্যন্ত রিকি পন্টিংয়ের সেঞ্চুরি জয়ের হাসি ফোটায় অস্ট্রেলিয়ানদের মুখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 04:10 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ২৩ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- টেস্ট ক্রিকেটেও তীরে এসে তরী ডোবার ঘটনা আছে বাংলাদেশের। ২০০৩ সালে মুলতানে ২৬১ রানের টার্গেট দিয়ে চেপে ধরার পরও ইনজামাম-উল হকের মহাকাব্যিক এক ইনিংসে নাটকীয়ভাবে ম্যাচ জিতে নেয় পাকিস্তান। ২০০৬ সালের এপ্রিলে ফতুল্লায় হারতে হারতেও শেষ পর্যন্ত রিকি পন্টিংয়ের সেঞ্চুরি জয়ের হাসি ফোটায় অস্ট্রেলিয়ানদের মুখে। এসব উদাহরণ আছে বলেই প্রশ্নটা উঠলো। তার ক্যারিয়ার সেরা বোলিংয়ের পরও যদি এবার ঢাকায় দক্ষিণ আফ্রিকার কাছে হারের বেদনায় ডুবতে হয় বাংলাদেশকে? হিন্দি গানের ভক্ত বলেই হয়তো জবাবটা হিন্দিতে দিলেন শাহাদাত হোসেন, "একটা কথা আছে না? ফিল্ম আভি বাকী হ্যায়।" মানে খেলাটা এখনো শেষ হয়নি। ফতুল্লায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টের পর এই প্রথম বাংলাদেশকে লিড এনে দেওয়া শাহাদাতের অবশ্য দলের হারে ব্যক্তিগত অর্জন মাটি হয়ে যাওয়ার তিক্ত অভিজ্ঞতাও হয়েছে। ২০০৬ সালের জুলাইতে প্রথম এবং একমাত্র বাংলাদেশী বোলার হিসেবে ওয়ানডেতে হ্যাটট্রিক করলেও হারারেতে জিম্বাবুয়ের কাছে হেরে যায় বাংলাদেশ। তবে এবার তেমন কিছু তার ভাবনায় আসবেই না, যদি, "ম্যাচ জিততে হলে কাল (রোববার) আমাদের চা বিরতি পর্যন্ত ব্যাটিং করতে হবে। আড়াই শ'র বেশি রানের লিড নিতে হবে।" ব্যাটসম্যানরা তার এই দাবি মেটাতে পারলে তো শাহাদাত আবার ঝাঁপাবেনই। এর আগে শনিবার ২৭ রানে ৬ উইকেট নেওয়া এই ফাস্ট বোলারই পরিসংখ্যানের পাতায় নতুন একটা অধ্যায়ও লিখিয়েছেন। দক্ষিণ আফ্রিকার ১৭০ রান টেস্টে বাংলাদেশের বিপক্ষে কোনো দলের প্রথম ইনিংসের সর্বনিম্ন স্কোর। এর চেয়ে কম (১৫৪) আছে, তবে জিম্বাবুয়ে সেটা করেছিল দ্বিতীয় ইনিংসে। এমন পারফরম্যান্সের পর বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সও তাকে দিচ্ছেন দুর্দান্ত একজন টেস্ট বোলারের স্বীকৃতি, "গত দুটো টেস্টে (নিউজিল্যান্ডে) ও খুব ভালো করেছে। সে জানে টেস্ট ম্যাচে কোথায় বল করতে হয়। এটুকু বলতে পারি আমাদের হাতে দারুণ একজন টেস্ট বোলার আছে।" এর আগে ২০০৬ সালে বগুড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ৮৬ রানে ৫ উইকেট নেওয়াটাই এতো দিন টেস্টে তার সেরা পারফরম্যান্স হয়ে ছিল। দল লিড পেয়েছে বলেই শুধু নয় এবং এমনকি উইকেট সংখ্যা বিবেচনাতেও নয়, শাহাদাত এটাকে তার ক্যারিয়ারের সেরা বোলিং বলছেন অন্য কারণেও, "এটাই আমার জীবনের সেরা বোলিং। দক্ষিণ আফ্রিকা বিশ্বের দুই নম্বর দল। জানতাম ওদের ব্যাটসম্যানরা অনেকক্ষণ খেলতে পারে। (জ্যাক) ক্যালিসের মতো ব্যাটসম্যান আছে ওদের। তাছাড়া উইকেটে বাউন্স-পেস কিছুই ছিল না। কোচ বলেছিলেন একটা নির্দিষ্ট জায়গায় বল ফেলতে। আমি সেটাই করে গেছি।" ব্যাটসম্যানরা প্রত্যাশিত টার্গেট দিলে আবারো দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানদের বধ করার জন্য তৈরি হয়েই আছেন। সুতরাং খেলা শেষ হওয়ার আগেই হারের ভাবনা তার মাথায় আসবে কেন! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১০৫ঘ.