নারায়ণগঞ্জ, ১৮ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- দ্বিতীয় দিনের শেষে রীতিমতো কাঁপতে কাঁপতে সংবাদ মাধ্যমের সামনে এলেন জুনায়েদ সিদ্দিকী। দক্ষিণ আফ্রিকান পেসাররা তার কাঁপুনির কারণ, সেঞ্চুরির পর তো এমন ভাবনা অবান্তর। তাহলে? নিউজিল্যান্ড সফরে টেস্ট অভিষিক্ত এই ওপেনার নিজেই তার রহস্য ভেদ করলেন, "খুব শীত শীত করছে। একটু আগেই আইস বাথ নিলাম।"
মাঠে অবশ্য প্রতিপক্ষের তিন পেসার (মাখায়া এনটিনি, ডেইল স্টেইন ও মরনে মরকেল) তার মাঝে কাঁপুনি ধরানোর চেষ্টা কম করেননি। বাউন্সার দিয়ে গেছেন নিয়মিতই। জুনায়েদ কখনো ডাক করেছেন। কখনোবা তার শরীরে লেগেছে। তারপরও বুক চিতিয়ে লড়ে শেষপর্যন্ত তিন অঙ্কের ম্যাজিক ফিগারই শুধু ছুঁয়ে আসেননি জুনায়েদ। ২২ ফেব্র"য়ারি টেস্ট সিরিজ শুরুর আগে জাতীয় দলের সতীর্থদের জন্য দক্ষিণ আফ্রিকান বোলারদের সামলানোর প্রেসক্রিপশনও লিখে এনেছেন, "যদি সাহস আর আত্মবিশ্বাস থাকে, তাহলে ওদের পেসারদের খেলা কোনো সমস্যাই না। আজকের দিনটাতে ব্যাটিং করে এরকমই মনে হল আমার। ওরা তো আপনাকে আতঙ্কিত করার জন্য বাউন্সার মারবেই। আমরা ভয় না পেলেই হল।"
যদিও প্রোটিয়া পেসারদের বলে গতি যথেষ্টই আছে বলে মনে হয়েছে তার। এক্ষেত্রে জুনায়েদ যে পন্থা দিচ্ছেন, সেটাও বেশ ভালো করেই শুনে রাখা উচিত জাতীয় দলের ব্যাটসম্যানদের, "আমাদের দেশের পেসারদের চেয়ে ওরা বেশি কুইক। তবে দেখে খেললে এবং বলের পেছনে গিয়ে খেললে তেমন সমস্যা হওয়ার কথা নয়।" এমনকি দক্ষিণ আফ্রিকান বোলিং অ্যাটাকের শক্তিশালী দিক বের করা নিয়েও তেমন একটা আগ্রহী মনে হলো না তাকে। এ প্রসঙ্গ তুলতেই যে কথাগুলো বললেন, তাও হতে পারে বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মানসিক শিক্ষার বটিকা, "আসলে আমরা যখন ভুল করি, তখনই ওদের শক্তির জায়গাটা বেরিয়ে আসে। আমরা যখন ভুল করবো না, তখন ওদের শক্তির জায়গাটাও আর সেভাবে দেখা যাবে না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০০০ঘ.
bdnews24