মুম্বাই, ১৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতীয় প্রিমিয়ার লিগ (আইপিল)-এর সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) স্পনসরশিপ নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তা চুকে গেছে। শুক্রবার আইপিএল-এর চেয়ারম্যান এবং কমিশনার ললিত মোদি জানিয়েছেন, সিএ'র তরফ থেকে কোনো বাধা না থাকায় বুধবারের নিলামে অংশ নিতে যাচ্ছেন রিকি পন্টিং, ব্রেট লি, অ্যাডাম গিলক্রিস্টরা।
ভারতীয় ক্রিকেট বোড বিসিসিআই আয়োজিত পেশাদার টোয়েন্টি টোয়েন্টি লিগের প্রথম আসরে খেলার জন্য এবার ৮০ জন আন্তর্জাতিক ক্রিকেটার নিলামে অংশ নেবেন। নিলাম হবে আগামী বুধবার। ওই ৮০ জনের মধ্যে পন্টিং, লি, গিলক্রিস্ট, ম্যাথু হেইডেন, মাইক হাসি, শেন ওয়ার্ন, গ্লেন ম্যাকগ্রা এবং জাস্টিন ল্যাঙ্গারসহ ১৬ জন অস্ট্রেলিয়ানের নামও শোনা যাচ্ছে। তবে ১৬ জন কেন, এতদিন ১ জন অস্ট্রেলিয়ানের ব্যাপারেও নিশ্চিত হতে পারছিল না আইপিএল। সিএ তাদের স্পনসরের স্বার্থ সংরক্ষনের শর্ত জুড়ে খেলোয়াড়দের অনাপত্তি দিতে কালক্ষেপন শুরু করে। আইপিএল-ও জানিয়ে দেয় তাদের পক্ষে সিএ'র দাবি মানা সম্ভব নয়। অচলাবস্থা না কাটায় শেষপর্যন্ত সিএ'র অনাপত্তি সনদ ছাড়াই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের রোববারের মধ্যে চুক্তিপত্রে সাক্ষর করতে বলেছিল আইপিএল। তাদের অবজ্ঞা করার এই হুমকিতে টলেই কিনা কে জানে, হঠাৎ সর্বংসহা হয়ে গেছে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। ললিত মোদি জানিয়েছেন ইতিমধ্যে নাকি অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চুক্তিপত্রে স্বাক্ষর করার ব্যাপারে সব বাধা দূর হয়ে গেছে, " অস্ট্রেলিয়ার খেলোয়াড়রা ইতোমধ্যে চুক্তিতে সই করতে শুরু করেছেন।"
চুক্তিতে স্বাক্ষর করার পর ক্রিকেটাররা বুধবারের নিলামে অংশ নিতে পারবেন। সেখানে টুর্নামেন্টের আটটি দল তাদের মোট বাজেট ৫০ লক্ষ ডলার ব্যয় করে খেলোয়াড় সংগ্রহের চেষ্টায় নামবেন। আটটি দল চূড়ান্ত হলে আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম আসর। টুর্নামেন্ট চলবে ৪৪ দিন ধরে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসি/এমএম/২১০৫ঘ.
bdnews24