ওয়েলিংটন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম/রয়টার্স)-- ওয়ানডে থেকে বিদায় নিয়েছেন আগেই, এবার টেস্ট ক্রিকেটকেও বিদায় বলে ফেললেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিং। বৃহস্পতিবার অকল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজটাই শেষ, এর পর আর আন্তর্জাতিক ক্রিকেটে খেলবেন না।
বয়স মাত্র ৩৪, ব্যাটসম্যানদের জন্য সেটা এমন কিছু নয়। কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে টেস্ট, ওয়ানডে দু ধরনের ক্রিকেটেই সবচেয়ে বেশি রানের মালিক ফ্লেমিং মনে করছেন এটাই অবসরের উপযুক্ত সময়। এই সিরিজটার পর পরই ফিরতি সফরে ইংল্যান্ড যাবে 'ব্ল্যাক ক্যাপস' নামে পরিচিত নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু ঠিক ঐ সময়ে তার স্ত্রী কেলি জন্ম দেবেন তাদের দ্বিতীয় সন্তানের। তখন স্ত্রীর পাশে থাকতে চান বলেই তড়িঘড়ি করে ঘোষণাটা দিয়ে ফেললেন গত বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়া এই বাঁহাতি ব্যাটসম্যান।
"আমি বরাবরই ইঙ্গিত দিয়ে আসছি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে খুব শীগগিরই কোনো একটা সময়ে অবসর নেবো। মনে হচ্ছে আমার আর আমার পরিবারের পক্ষে এটাই তার জন্য উপযুক্ত সময়"
bdnews24