মুম্বাই, ১২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারত-পাকিস্তান লড়াইয়ের চেয়েও ইদানিং ভারত-অস্ট্রেলিয়ার ক্রিকেট-দ্বৈরথ অনেক বেশি উত্তেজনাপূর্ণ, রোমাঞ্চকর। এ মৌসুমে তা ভালোমতোই প্রমাণিত হয়েছে আরো একবার। শুধু ক্রিকেট-রোমাঞ্চের জন্যই নয়, ব্যবসায়িক দিক দিয়েও এবারের ভারত-অস্ট্রেলিয়া সিরিজ ছাপিয়ে গেছে এর ঠিক আগে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান সিরিজকে। আর তাই বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে আরো বেশি সিরিজ আয়োজনে আগ্রহী এখন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সেই লক্ষ্যে অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনাও শুরু করেছেন ভারতের ক্রিকেট কর্মকর্তারা। বিসিসিআই সেক্রেটারি নিরঞ্জন শাহ নিশ্চিত করেছেন সেটা, "সিএ'র (ক্রিকেট অস্ট্রেলিয়া) প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডের সঙ্গে এ ব্যাপারে আমি আলোচনা করেছি। আমাদের দুজনেরই উপলব্ধি, ভারত-অস্ট্রেলিয়া সিরিজ আরো বেশি আয়োজিত হওয়া উচিৎ।"
সমস্যা অবশ্য আছে একটা। ভারত এবং অস্ট্রেলিয়া চাইলেও দু'দেশের সিরিজ আরো বেশি করে আয়োজন সম্ভব নয়। কারণ আইসিসি'র 'ফিউচার ট্যুর প্রোগ্রাম' বা ভবিষ্যত সফরসূচী অনুযায়ী একটি দেশ অন্য দেশের সঙ্গে নির্দিষ্ট সংখ্যক সিরিজ খেলতেই বাধ্য। সমস্যাটা জানেন বলেই নিরঞ্জন শাহর উপলব্ধি, "(আইসিসি'র) ফিউচার ট্যুর প্রোগ্রামের সঙ্গে সংশ্লিষ্ট করতে হবে এই সিরিজকে। তবে বিসিসিআই'কেও সিদ্ধান্ত নিতে হবে এ ব্যাপারে।"
এ বছরই অবশ্য আরেকটি ভারত-অস্ট্রেলিয়া লড়াই উপভোগ করতে পারবেন ক্রিকেটভক্তরা। আগামী অক্টোবরে চার টেস্টের সিরিজ খেলতে ভারত সফরে আসবে রিকি পন্টিংয়ের দল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৯৩০ঘ.
bdnews24