ঢাকা, ৭ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বুধবার বিকাল চারটা থেকে শুরু করে রাত ১২টা পর্যন্তম্যারাথন এক সভাই করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্যরা। মুখপাত্র আহমেদ সাজ্জাদুল আলমের ভাষায় এরচেয়ে লম্বা বৈঠক আর কখনো হয়নি, "চার-পাঁচ ঘন্টার সভাও করেছি অনেক। কিন্তু আট ঘন্টা এই প্রথম।" তবে আট ঘন্টার আলোচনার পরেও সভাটা নিস্ফলাই থেকেছে বলা যায়। গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে বরং দীর্ঘসূত্রিতার আশ্রয়ই নেওয়া হয়েছে। যেমন বিসিবির নতুন প্রধান নির্বাহী এবং জাতীয় দলের টিম অপারেশন্স ম্যানেজার নিয়োগ এখনই না দিয়ে নিয়োগের প্রক্রিয়া দীর্ঘ করা হয়েছে আরো। তাছাড়া নিম্বাসের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি সইয়ের ব্যাপারে তেমন কোনো অগ্রগতির খবরও বেরিয়ে আসেনি সভা থেকে।
বিসিবির বর্তমান প্রধান নির্বাহী মাহমুদুর রহমানের মেয়াদ ফুরিয়ে যাচ্ছে ১৫ ফেব্র"য়ারি। তবে চারদিন ছুটি পাওনা থাকায় তিনি বিদায় নিচ্ছেন ১১ ফেব্র"য়ারি। সভায় আনুষ্ঠানিকভাবে তার প্রতি বিসিবির কৃতজ্ঞতাও জ্ঞাপন করা হয়েছে। সুতরাং দ্রুত তার শূন্যস্থান পূরণও জরুরী হয়ে পড়েছে। কিন্তু মিডিয়া কমিটির চেয়ারম্যান আহমেদ সাজ্জাদুলের কথায় সেটা দ্রুত হবে বলে মনে হচ্ছে না, "যারা সাক্ষাৎকার দিয়ে গেছেন তাদের আরেক রাউন্ড সাক্ষাৎকারের জন্য ডাকার সিদ্ধান্ত হয়েছে। তাছাড়া প্রধান নির্বাহী হওয়ার জন্য আবেদন করা ২৯ জনের ভেতর যোগ্য আর কেউ আছেন কিনা, সেটাও খুঁজে দেখার কথা বলা হয়েছে এই সংক্রান্ত কমিটিকে।" অথচ কমিটি ২৯ জন থেকে অনেক যাচাই-বাছাই করেই ছয়জনকে সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠিয়েছিল। তাদের মধ্য থেকে তিনজনের শর্টলিস্ট করার খবরও এখন আর অজানা নয় কারো। বোর্ডসভায় আবারো প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডেকে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে তাই প্রশ্ন না উঠে পারেই না।
প্রশ্ন উঠছে টিম অপারেশন্স ম্যানেজারের নিয়োগ প্রক্রিয়া নিয়েও। এই পদের জন্য বিজ্ঞাপন দেওয়ার পর অবশ্য তেমন একটা সাড়া পড়েনি। মাত্র তিনজন আবেদন করেছিলেন। এদের মধ্যে জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান সাজ্জাদ আহমেদ শিপন ব্যবসায়িক ব্যস্ততার জন্য সাক্ষাৎকারই দিতে আসেননি। যদিও টিম অপারেশন্স ম্যানেজার হিসেবে তাকেই বিসিবির সবচেয়ে বেশি পছন্দ ছিল বলে জানা গেছে। বাকী দুইজনের মধ্যে একজন ক্রিকেটাঙ্গনের পরিচিত মুখ নন বলে তার প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। তাই জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ম্যানেজার শফিকুল হক হীরার এই পদে নিয়োগ পাওয়া চূড়ান্ত বলে মনে করা হলেও সভায় সিদ্ধান্তটা হয়েছে অন্যরকম। সাজ্জাদুল জানাচ্ছেন সেরকমই," টিওএম (টিম অপারেশন্স ম্যানেজার) এর জন্য রেসপন্স খুব কম ছিল। তাই বোর্ড সিদ্ধান্ত নিয়েছে আবার নতুন করে বিজ্ঞাপন দেওয়ার।"
আর নিম্বাস ইস্যু নিয়ে বোর্ড সভায় দীর্ঘ আলোচনার ফল তিনি জানাচ্ছেন এভাবে, "বোর্ডের স্বার্থরক্ষার্থে কিছু প্রস্তাব নিম্বাসকে দেওয়া হয়েছিল। নিজেদের মধ্যে আলোচনা শেষে এর জবাবও তারা পাঠিয়েছে। এখন সংশ্লিষ্ট কমিটি এটা নিয়ে স্টাডি করছে। স্টাডি শেষ হলেই না এবিষয়ে সিদ্ধান্তে পৌছানোর প্রশ্ন আসবে।" আট ঘন্টার সভায় এতোসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোনো সিদ্ধান্ত না হলেও হয়েছে কিছু কিছু। যেমন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের টিকেটের মূল্য নির্ধারণ হয়েছে। বিসিবির নিজস্ব মাঠ তৈরির জন্য জমি খোঁজার সিদ্ধান্তও হয়েছে বুধবারের সভায়। বিডিনিউজ
টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৩০ঘ.
bdnews24