ঢাকা, ৫ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- প্রস্তুতির জন্য ছয়টি প্র্যাকটিস ম্যাচ আয়োজনই এখন মাঠে মারা যাওয়ার উপক্রম। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পঞ্চম প্র্যাকটিস ম্যাচটিও যে হয়েছে লো-স্কোরিং। সাকিব আল হাসানের টিম 'সি' ৪২.৫ ওভারে মাত্র ১৩৪ রানে অলআউট হয়ে যাওয়ার পর মোহাম্মদ আশরাফুলের 'এ' দলকেও এই মামুলি স্কোর টপকাতে বেগ পেতে হয়েছে ভীষণ। ৪২.৪ ওভারে ৭ উইকেটে লক্ষ্যে পৌছা 'এ' দল পেয়েছে মাত্র ৩ উইকেটের জয়।
'সি' দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৩৮ রান করেছেন খালেদ মাসুদ। ওপেনার রাজিন সালেহ করেছেন ২৯। এছাড়া দুই অঙ্কে পৌছেছেন একজনই! পেসার মোহাম্মদ শরীফ (১৩)! 'এ' দলের বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল ২৪ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। অধিনায়ক আশরাফুল তার লেগস্পিনে ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
কিন্তু আগেরদিন ৮৮ রানে অপরাজিত আশরাফুলের মতো তার দলের অন্য ব্যাটসম্যানদের পারফরম্যান্সের বহরও সুবিধার নয়! রানে না থাকা হাবিবুল বাশার এদিন ৮০ বলে খেলেছেন ৫০ রানের ইনিংস। কিন্তু পঞ্চম ব্যাটসম্যান হিসেবে তিনি আউট হওয়ার সময় দলের রান ৮৩। দলের বিপর্যয় বাড়িয়ে যাওয়ার পর মেহরাব হোসেন জুনিয়র (২৮*) ও মোশাররফ হোসেন রুবেলের (১৩*) ব্যাটে জয়ের ঠিকানায় পৌছা 'এ' দলের অধিনায়ক এদিন কোনো রান না করেই আউট হয়ে যান। জুনায়েদ সিদ্দিকী ১৬ বলে করেছেন ১ রান! আর মুশফিকুর রহিম ২৪ রান করতে খেলেছেন ৬৫ বল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১৪৫ঘ.
bdnews24