২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদলে হাবিবুলকে নিয়ে ধোঁয়াশা, মাশরাফি সবচেয়ে দামী

প্রতি বছরই ক্রিকেটারদের দলবদলের পর দল না পাওয়ার হতাশা নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় কিছু ক্রিকেটারকে। মধ্যম কিংবা নীচের সারির ক্রিকেটারদের এরকম পরিণতি এবার তারকা ক্রিকেটারদের হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পরিস্থিতি যে অনেকটা সেরকমই। কিছুদিন আগেও কোনো দল ডাকেনি বলে হতাশা প্রকাশ করা হাবিবুল বাশারের তবু একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2008, 05:27 PM

Updated : 26 Aug 2022, 01:18 PM

ঢাকা, ২ ফেব্র"য়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রতি বছরই ক্রিকেটারদের দলবদলের পর দল না পাওয়ার হতাশা নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায় কিছু ক্রিকেটারকে। মধ্যম কিংবা নীচের সারির ক্রিকেটারদের এরকম পরিণতি এবার তারকা ক্রিকেটারদের হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। পরিস্থিতি যে অনেকটা সেরকমই। কিছুদিন আগেও কোনো দল ডাকেনি বলে হতাশা প্রকাশ করা হাবিবুল বাশারের তবু একটা ব্যবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু দেশসেরা স্পিনার মোহাম্মদ রফিক শনিবার বিকেলেও বললেন, "এখনো কোনো খবর নেই। কারো সঙ্গেই নিশ্চিত কথাবার্তা হয়নি।" আর হাবিবুলের সঙ্গেও যে কথা হয়েছে সে ব্যাপারে রোববার থেকে শুরু হতে যাওয়া তিনদিনের দলবদলের আগেরদিন তৈরি হয়েছে ধোঁয়াশা। বাংলাদেশ দলের সাবেক অধিনায়কের মোহামেডানে থেকে যাওয়ার কথা শোনা গেলেও দলটির পক্ষ থেকে সেই সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়েছে। হাবিবুলের সঙ্গে প্রথম যোগাযোগ করে সূর্যতরুণ ক্লাব। তবে শনিবার বিকেলে সেখানে নাম লেখানো অনিশ্চিত করে দিয়ে হাবিবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে বলেন, "পুরনো দলেও থেকে যেতে পারি।" রাতে এই রিপোর্ট লেখার সময়ও তিনি বললেন, "এখনো ঠিক হয়নি। মোহামেডানের সঙ্গে কথা চলছে।" কিন্তু মোহামেডানের ক্রিকেট দলের সমন্বয়কারী তরিকুল ইসলাম টিটু বললেন পুরো ভিন্ন কথা, "পুলের ক্রিকেটারদের মধ্য থেকে আমরা মোহাম্মদ আশরাফুল ও আফতাব আহমেদকে নিশ্চিত করেছি। পুলভুক্ত তৃতীয় কাউকে আমরা সম্ভবত নিচ্ছি না। জাতীয় দলের জুনায়েদ (পুলভুক্ত নন) তো আমাদের আছেই।" হাবিবুল বাশারের প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "হাবিবুলের সঙ্গে মোহামেডানের কোনো আলাপই হয়নি।" অথচ সূর্যতরুণের ক্রিকেট কমিটির প্রধান তানজীব আহসান সাদ জানেন, হাবিবুল মোহামেডানেই থেকে যাচ্ছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে তিনি বললেন, "আমরা তো হাবিবুলের সঙ্গে যোগাযোগ করেইছিলাম। কিন্তু মনে হয় না ওকে আমরা পাবো। মোহামেডানেই নাকি থাকছে ও। আশরাফুলের (বাংলাদেশ অধিনায়ক) সঙ্গেও একটু আগে কথা হলো। সে-ও তো বললো 'সুমন ভাই আমাদের দলে খেলবেন'। আমরা এ কারণে হাবিবুলের আশা ছেড়েই দিয়েছি।" হাবিবুলের আশা ছেড়ে দিলেও আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকে দলে ভিড়িয়েছে সূর্যতরুণ। পেসার মোহাম্মদ শরীফের সঙ্গেও কথাবার্তা চলছে তাদের। সাদ জানালেন, বড়জোর দুজন পুলভুক্তকে দলে নেওয়ার টাকার জোর আছে তাদের। আর শাহরিয়ার নাফীস ও তুষার ইমরানকে চূড়ান্ত করে শনিবার রাতে পুলের তৃতীয় ক্রিকেটার বেছে নেওয়ার জন্য দরকষাকষি করছিল আবাহনী। তাদের ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান জালাল ইউনুস বললেন, "আমাদের একজন স্পিনার লাগবে। আব্দুর রাজ্জাক রাজ, মোহাম্মদ রফিক ও এনামুল হক জুনিয়রের মধ্যে যেকোনো একজনকে বেছে নেবো আমরা। কথাবার্তা চলছে। এদের মধ্যে কাকে রাখছি তা কাল (রোববার) সকালের আগে বলা যাচ্ছে না।" খালেদ মাসুদের মতো মাশরাফি বিন মর্তুজাকেও এবার রাখতে পারেনি আবাহনী। জাভেদ ওমর বেলিম ও তামিম ইকবালের সঙ্গে বিমানে যোগ দেওয়া নিশ্চিত করে দেশসেরা এই পেসার তাদের পুলের কোটাই শুধু পূরণ করেননি, এবারের লিগের সবচেয়ে দামী ক্রিকেটারও হয়ে গেছেন। বিমান ক্রিকেট দলের অধিনায়ক ও জাতীয় দলের সাবেক মিডল অর্ডার ব্যাটসম্যান সানোয়ার হোসেন সেটাই নিশ্চিত করলেন, "বিমানের উচ্চপদস্থ কর্মকর্তারা এবার মাশরাফির বিষয়ে খুব আগ্রহী ছিলেন। নগদ টাকার বাইরেও অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে যা পাবে তার ভিত্তিতে এবারের দলবদলের সবচেয়ে দামী ক্রিকেটার মাশরাফিকেই বলা যায়।" টাকার বাইরেও বিজনেস ক্লাসে আমেরকিা যাওয়া-আসার ফ্রি টিকেটও মাশরাফিকে দেওয়া হবে। সবমিলিয়ে তার সঙ্গে বিমানের চুক্তির আর্থিক অঙ্কটা সাড়ে ১০ লাখে গিয়ে দাঁড়াবে বলেই জানা গেছে। গত কয়েক মৌসুমে বিগ বাজেটের দল গড়া ওল্ড ডিওএইচএসও এরইমধ্যে পুলের তিনজনকে নিশ্চিত করে ফেলেছে। মেহরাব হোসেন জুনিয়রকে রেখে দিয়ে তারা দলে ভেড়াচ্ছে রাজিন সালেহ ও ফরহাদ রেজাকে। মাহমুদুল্লাহ রিয়াদ যাচ্ছেন ভিক্টোরিয়াতে। এইচএসসি পরীক্ষা দেওয়ার সুবিধার্থে জাতীয় দলের সাকিব আল হাসান আসন্ন প্রিমিয়ার ক্রিকেট লিগে খেলবেন তার শিক্ষা প্রতিষ্ঠান ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) হয়ে। অনেকের ঠিকানা নিশ্চিত হয়ে গেলেও রফিক, রাজ্জাক, এনামুল, শাহাদাত হোসেন রাজীব এবং সৈয়দ রাসেলরা এখনো ঠিকানাহীন। কে জানে, দলবদল শেষে এদেরই কারো দল না পাওয়ার হতাশার কথা লিখতে হবে কিনা! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসি/২১৪৩ ঘ.