মেলবোর্ন, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম টেস্টে নাটকীয় জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা খুব একটা স্বস্তিতে নেই দ্বিতীয় টেস্টে। মেলবোর্নে অনুষ্ঠানরত এই টেস্টের দ্বিতীয় দিনে শনিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস ৩৯৪ রানে শেষ করে দেওয়ার পর দিনশেষে প্রথম ইনিংসে সফরকারীরা তুলেছে ৭ উইকেটে ১৯৮ রান। এখনো ১৯৬ রানে পিছিয়ে রয়েছে তারা।
আগের দিনের ৬ উইকেটে ২৮০ রান নিয়ে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়া প্রথম সেশনে আরো ১১৪ রান যোগ করেছে মূলত মাইকেল ক্লার্কের অপরাজিত ৮৮ রানের সুবাদে। সপ্তম উইকেটে ব্রেট লিকে (২১) নিয়ে ৪৫, নবম উইকেটে ন্যাথান হরিজকে নিয়ে ২৬ আর শেষ উইকেটে পিটার সিডলকে (১৯) নিয়ে ৪২ রান যোগ করেছেন অস্ট্রেলিয়ার সহঅধিনায়ক। দক্ষিণ আফ্রিকার পক্ষে ৮৭ রান দিয়ে ৫ উইকেট পেয়েছেন ডেল স্টেইন, আর ১০৮ রান দিয়ে মাখায়া এনটিনির শিকার ২ উইকেট।
জবাব দিতে নামা দক্ষিণ আফ্রিকাকে ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই একটা ধাক্কা দিয়েছেন সিডল, নিল ম্যাকেঞ্জিকে (০) বোল্ড করে দিয়ে। সিডল (৩/২৪), মিচেল জনসন (২/৫৩) আর ন্যাথান হরিজদের (২/৪৯) সাঁড়াশি আক্রমণের সামনে সফরকারীদের হয়ে লড়াই করেছেন কেবল অধিনায়ক স্মিথ। কিন্তু ৬২ রানের ইনিংস খেলা স্মিথকে তেমন সাহায্য করতে পারেননি আর কেউ। একপর্যায়ে ১৪১ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল প্রোটিয়ারা, সপ্তম উইকেটে মরনে মরকেল (২১) নিয়ে ৪৩ রানের জুটি গড়ে সেখান থেকে তাদের টেনে তুলেছেন জাঁ পল দুমিনি। দিনশেষে ৩৪ রানে অপরাজিত দুমিনির সঙ্গী পল হ্যারিস (৮*)।
ক্রিকইনফোর সহায়তায়
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১১৩.৪ ওভারে ৩৯৪ (হেইডেন ৮, ক্যাটিচ ৫৪, পন্টিং ১০১, হাসি ০, ক্লার্ক ৮৮*, সাইমন্ডস ২৭, হ্যাডিন ৪০, লি ২১, জনসন ০, হরিজ ১২, সিডল ১৯, অতিরিক্ত ২৪; স্টেইন ৫/৮৭, এনটিনি ২/১০৮, ক্যালিস ১/৫৫, মরকেল ১/৮৯, হ্যারিস ১/৩৮)
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৬৩ ওভারে ১৯৮/৭ (স্মিথ ৬২, ম্যাকেঞ্জি ০, আমলা ১৯, ক্যালিস ২৬, ডি ভিলিয়ার্স ৭, ডুমিনি ৩৪*, বাউচার ৩, মরকেল ২১, হ্যারিস ৮*, অতিরিক্ত ১৮; লি ০/৬৮, সিডল ৩/২৪, জনসন ২/৫৩, হরিজ ২/৪৯)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৫৫ ঘ.
bdnews24