পার্থ, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস এখনো শেষ হয়নি, কিন্তু এর মধ্যেই নিশ্চিত হয়ে গেছে পার্থ টেস্টে জিততে হলে রেকর্ড গড়তে হবে দক্ষিণ আফ্রিকাকে! প্রথম ইনিংসে ৯৪ রানের লিড পাওয়ার পর তৃতীয় দিনশেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২২৮ রান তুলেছে স্বাগতিকরা, প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার তোলা ২৮১ রানের চেয়ে এখনই তারা এগিয়ে ৩২২ রানে।
ওয়াকায় চতুর্থ ইনিংসে তিনশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড আছে একটাই। ১৯৭৭-৭৮ মৌসুমে ভারতের ৩৩৯ রান তাড়া করে জিতেছিল অস্ট্রেলিয়া। অতিথি কোনো দলই চতুর্থ ইনিংসে তিনশ'র বেশি রান তাড়া করে জিততে পারেনি এই মাঠে।
শুক্রবার দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিং দেখার পর সেই কাজটাকে আরো কঠিন বলেই মনে হবে। অষ্টম উইকেটে ব্র্যাড হ্যাডিন আর জেসন ক্রেইজার ৬৬ রানের অপরাজিত জুটির সুবাদেই এতদূর আসতে পেরেছে স্বাগতিকরা। নইলে, ১৬২ রানে ৭ উইকেট হারিয়ে এক রকম ধুঁকছিল তারা।
মিচেল জনসনের মতো অসাধারণ বোলিং করেননি দক্ষিণ আফ্রিকার কোনো বোলার, ডেল স্টেইন (২/৫৭), জ্যাক ক্যালিস (২/১৯) আর পল হ্যারিসরা (২/৬৪) ভাগাভাগি করেই নিয়েছেন স্বাগতিকদের উইকেটগুলো। কিন্তু তাদের সামনে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কেউ-ই গড়তে পারেননি বলার মতো স্কোর। সাইমন ক্যাটিচ (৩৭), অ্যান্ড্রু সাইমন্ডস (৩৭), রিকি পন্টিং (৩২) আর মাইকেল ক্লার্করা (২৫) সবাই শুরুটা করেছিলেন ভালোই, কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ স্কোর তাই হ্যাডিনের অপরাজিত ৩৯, তার সঙ্গী ক্রেইজা অপরাজিত রয়েছেন ২৮ রান নিয়ে।
এর আগে সকালে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস ২৮১ রানে গুটিয়ে দিয়েছে অস্ট্রেলিয়ানরা। নিজের দ্বিতীয় ওভারেই ডেল স্টেইনকে (৮) ফিরিয়ে দেওয়ার পর মাইকেল জনসন (৮/৬১) আরেকটু হলেই পেয়ে যাচ্ছিলেন নবম উইকেটটিও। তাকে হুক করতে গিয়ে আকাশে তুলে দেওয়া মার্ক বাউচারের ক্যাচটি অল্পের জন্য পড়েছে এমন জায়গায়, অনেক চেষ্টা করেও হ্যাডিন আর ব্রেট লির কেউই তার নাগাল পাননি। শেষ পর্যন্ত ২৬ রান করা বাউচারকে ফিরিয়ে দিয়েছেন পিটার সিডল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯৪৫ঘ.
bdnews24