চেন্নাই, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম ইনিংসে ১২৩ রান করেও সন্তুষ্ট হননি অ্যান্ড্রু স্ট্রাউস। দ্বিতীয় ইনিংসেও জ্বলে উঠেছেন তিনি। সঙ্গে পেয়েছেন পল কলিংউডকে। দুজনের অপরাজিত ফিফটির সুবাদে প্রাথমিক বিপদ কাটিয়ে দ্বিতীয় ইনিংসে অনেকখানি স্বস্তিতে ইংল্যান্ড। শনিবার ভারতের বিপক্ষে প্রথম টেস্টের তৃতীয় দিনশেষে তাদের সংগ্রহ ৩ উইকেটে ১৭২ রান। প্রথম ইনিংসে ৭৫ রানের লিড পাওয়ায় সব মিলিয়ে ইংলিশরা এগিয়ে ২৪৭ রানে।
অথচ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুটা মোটেও ভালো হয়নি। দলীয় ২৮ রানেই ভেঙ্গে যায় তাদের উদ্বোধনী জুটি। অ্যালিস্টার কুককে (৯) কট বিহাইন্ড করে ইশান্ত শর্মা ব্রেক থ্রু এনে দেন ভারতকে। তিন ওভার পর ইয়ান বেলকে (৭) শর্ট লেগে গৌতম গম্ভীরের ক্যাচ বানিয়ে সফরকারীদের দ্বিতীয় ধাক্কা দিয়েছেন অমিত মিশ্র। যুবরাজ সিংয়ের করা পরের ওভারেই অধিনায়ক কেভিন পিটারসেন (১) যখন এলবিডব্লুর ফাঁদে পড়লেন তখন ৪৩ রানে ৩ উইকেট হারিয়ে ভীষণ বিপদে ইংল্যান্ড।
সেখান থেকেই দলের হাল ধরেছেন স্ট্রাউস ও কলিংউড। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছিন্ন ১২৯ রানের জুটি গড়ার জন্যই দিনশেষে দারুণ স্বস্তিতে ইংল্যান্ড। স্ট্রাউস ৭৩ ও কলিংউড ৬০ রানে অপরাজিত। স্ট্রাউস অবশ্য ভাগ্যবান। মিশ্রর বলে তিনি উইকেটের পেছনে ক্যাচ দিলেও তা ধরতে পারেননি ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
এর আগে ৬ উইকেটে ১৫৫ রান নিয়ে খেলতে নেমে দিনের শুরুটা ভালোই করেছিল ভারত। সপ্তম উইকেটে ৭৫ রানের জুটি গড়ে ধোনি (৫৩) আর হরভজন সিং (৪০) আশা জাগিয়েছিলেন ভারত সমর্থকদের মনে। কিন্তু ইংল্যান্ডের বাঁহাতি স্পিনার মন্টি পানেসার আর অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ মিলে চার ওভারের মধ্যে এই দুজনের পাশাপাশি জহির খানকেও বিদায় করে দিলে আবার বিপদে পড়ে যায় স্বাগতিকরা। শেষ উইকেটে ২৩ রানের জুটি গড়ে অমিত মিশ্র (১২) আর ইশান্ত শর্মা (৮) কোনো রকমে পার করে দিয়েছেন দিনের প্রথম সেশনটা। কিন্তু মধ্যাহ্ন বিরতির পর মাঠে ফিরেই মিশ্রকে বোল্ড করে দিয়ে ভারতের ইনিংস শেষ করে দিয়েছেন ফ্লিনটফ। ৪৯ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি। তার মতোই ৩ উইকেট পেতে পানেসার খরচ করেছেন ৬৫ রান।
সংক্ষিপ্ত স্কোর :
ইংল্যান্ড : ৩১৬ ও ১৭২/৩ (স্ট্রাউস ৭৩*, কলিংউড ৬০*; যুবরাজ ১/৭, ইশান্ত ১/৩১)
ভারত : ২৪১ (ধোনি ৫৩, হরভজন ৪০, টেন্ডুলকার ৩৭; ফ্লিনটফ ৩/৪৯, পানেসার ৩/৬৫, সোয়ান ২/৪২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/এএআর/১৮৪১ঘ.
bdnews24