দিল্লী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজটা শেষ পর্যন্ত হবে, এখনো আশা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কিন্তু বিসিসিআইয়ের সহ-সভাপতি ললিত মোদির আশঙ্কা, ভারতে যে হারে বাড়ছে সন্ত্রাসী হামলার ঘটনা, তাতে একদিন পাকিস্তানের পরিণতি বরণ করতে হতে পারে ভারতকেও!
নিরাপত্তাহীনতার আশঙ্কায় গত কয়েক বছর ধরেই বিদেশী দলগুলো পাকিস্তান সফরে আসতে অস্বীকৃতি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানে অনুষ্ঠান-নির্ধারিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বাতিল করতে হয়েছে, পাকিস্তানের 'হোম সিরিজ'-এর তিনটি ওয়ানডে তাদের খেলতে হয়েছে আবুধাবিতে।
"এটা এমন এক বিষয়, যা নিয়ে আমাদের গভীরভাবে ভাবতেই হবে। কারণ, পাকিস্তানের মতোই নিরাপত্তার কারণে মাঠের বাইরে চলে যাওয়ার একটা যৌক্তিক সম্ভাবনা আছে" - ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফোকে বলেছেন মোদি।
চলতি বছরেই অন্তত তিনবার সন্ত্রাসী ঘটনা ঘটেছে এমন সময়, যখন চলছিল বিদেশী খেলোয়াড়রা সংশ্লিষ্ট এমন কোনো না কোনো ক্রিকেট সিরিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএল-এর খেলা চলাকালে জয়পুরে বোমাবাজির ঘটনা দিয়ে শুরু, এরপর অস্ট্রেলিয়ার ভারত সফরের সময় একসঙ্গে ব্যাঙ্গালোর, আহমেদাবাদ, দিল্লী ও গুয়াহাটিতে সিরিজ বোমা হামলা আর সবশেষে ঘটলো মুম্বাইয়ের রক্তক্ষয়ী ঘটনাবলী।
এই ঘটনার পর ওয়ানডে সিরিজে শেষ দুটি ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছে ইংল্যান্ড। মুম্বাইতেই হওয়ার কথা ছিল ওয়ানডে সিরিজের পর অনুষ্ঠেয় টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট। বিসিসিআই জানিয়েছে ওই টেস্টটা মুম্বাইয়ের বদলে চেন্নাইতে সরিয়ে নেওয়া হয়েছে এবং সেটা মেনে নিয়ে ভারত সফরে ফিরে আসতে রাজিও হয়েছে ইংল্যান্ড।
তবে ইংল্যান্ডের অধিনায়ক কেভিন পিটারসেন বলেছেন, তার দলের কোনো খেলোয়াড় যদি এই সফরে আসতে না চান, তাহলে তাকে আসতে বাধ্য করার পক্ষে নন তিনি।
ক্রিকইনফোর সহায়তায়
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯০৭ ঘ.
bdnews24