মাসুদ পারভেজ
সেঞ্চুরিয়ন থেকে
সেঞ্চুরিয়ন, ২৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সংবাদ সম্মেলনে ঢুকেই দক্ষিণ আফ্রিকা দলের মিডিয়া ম্যানেজার মাইকেল ওয়েন স্মিথ বললেন, "অস্ট্রেলিয়া সফরের আগে গ্রায়েম স্মিথের সঙ্গে কথা বলার শেষ সুযোগ এটা।" এয়ারপোর্টে এবার আর কোনো 'ডিপারচার প্রেস কনফারেন্স' হবে না জানানোর সঙ্গে সঙ্গেই স্থানীয় সাংবাদিকরা অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন কঠিন সিরিজ নিয়ে প্রশ্নের ফোয়ারা ছোটালেন। একটু আগেই শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের টেস্ট সিরিজ প্রসঙ্গ সেখানে একদমই উধাও। তৃতীয় দিনের ১ ঘন্টা ৫০ মিনিট বাকি থাকতেই একটা টেস্ট শেষ হওয়ার পর আর কীইবা জিজ্ঞেস করার থাকে?
অপরাজিত ১৬২ রানের ইনিংসের জন্য ম্যান অফ দি ম্যাচের পুরস্কারের পাশাপাশি সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেওয়া অ্যাশওয়েল প্রিন্সকেও কথা বলতে হল শুধু অস্ট্রেলিয়া সিরিজ নিয়েই। এর ফাঁকে তবুও একজন বাংলাদেশ প্রসঙ্গ তুললেন। আর গ্রায়েম স্মিথও লুফে নিলেন। এই টেস্টের আগেও বাংলাদেশকে নিয়ে নেতিবাচক অনেক মন্তব্য করেছেন। মোহাম্মদ আশরাফুলরাও তো প্রোটিয়া অধিনায়কের মুখ বন্ধ করার মতো কিছু করতে পারেননি, "এই টেস্টের আগে বলেছিলাম আমার সময়ে বাংলাদেশকে উন্নতি করতে আমি দেখিনি। তাদের বিপক্ষেই আমার অধিনায়কত্বের অভিষেক হয়েছিল। এরপর পাঁচ-ছয় বছর কেটে গেছে। আমার দলও তো এই সময়ের মধ্যে অনেক এগিয়েছে। কিন্তু বাংলাদেশ এগোয়নি।"
আর সিরিজের শেষ টেস্ট যে এতো আগেই শেষ হয়ে যাবে, এটা ঘুণাক্ষরেও ভাবেননি আশরাফুল, "দ্বিতীয় দিনশেষে আমরা খুব ভালো অবস্থানে ছিলাম। তিনদিনে টেস্ট শেষ হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণই ছিল না।" তারপরও তিনদিনেই টেস্ট শেষ হয়ে যাওয়ার হতাশাটা কোচ-অধিনায়ক, সবার কথায়ই ধরা পড়লো। কোচ জেমি সিডন্স যেমন বললেন, "ব্যাটিংয়ে প্রথম ছয়জনের তিনজনই রানআউট। এটা কিছুতেই গ্রহণযোগ্য নয়। আমি চেয়েছিলাম ওরা অন্তত দক্ষিণ আফ্রিকাকে কিছু রান চেজ করাক। কিন্তু তিন তিনটা রানআউট সব শেষ করে দিল।"
মেহরাব হোসেন জুনিয়র, রকিবুল হাসান ছাড়াও রান আউট হয়েছেন অধিনায়ক নিজেও। যদিও দল খারাপ করার পর তার অজুহাতের অভাব হয় না। তারপরও যে একটা বিষয় স্বীকার করলেন, এটাই অনেক বেশি, "টেস্ট ক্রিকেটে রানআউট হওয়াটা ক্রাইমের পর্যায়ে পড়ে।" তার ব্যাটিংয়ের অবস্থাও বোধহয় এখন সেই পর্যায়েই চলে যাচ্ছে। তিনি দলের অধিনায়ক এবং অন্যতম সেরা ব্যাটসম্যান বলে স্বীকৃত অথচ গত ৯ ইনিংসে (সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় ইনিংস ধরে) তার রান মাত্র ৪২। এরমধ্যে শুক্রবার মাত্র দ্বিতীয়বারের মতো ডাবল ফিগারে যেতে পারলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২১০ঘ.
bdnews24