২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে মুরালিধরনকেও ছাড়িয়ে সাকিব

সেঞ্চরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর মাত্র ২ ওভার বল করেই সাকিবকে ছুঁটতে হয়েছিল সাজঘরে। বলের সিম লেগে বাম হাতের তর্জনী সামান্য ছঁড়ে গিয়েছিল। সেঞ্চুরিয়ন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2008, 02:37 PM

Updated : 26 Aug 2022, 02:43 PM

সেঞ্চুরিয়ন, ২৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সেঞ্চরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর মাত্র ২ ওভার বল করেই সাকিবকে ছুঁটতে হয়েছিল সাজঘরে। বলের সিম লেগে বাম হাতের তর্জনী সামান্য ছঁড়ে গিয়েছিল। সেঞ্চুরিয়ন থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক মাসুদ পারভেজ। সেঞ্চরিয়ন টেস্টের দ্বিতীয় দিনের চা বিরতির পর মাত্র ২ ওভার বল করেই সাকিবকে ছুঁটতে হয়েছিল সাজঘরে। বলের সিম লেগে বাম হাতের তর্জনী সামান্য ছঁড়ে গিয়েছিল। এর চিকিৎসার জন্য বেশ খানিকটা সময় বোলিংয়ে অনুপস্থিত থাকায় মোহাম্মদ আশরাফুল ও মেহরাব হোসেন জুনিয়রের মতো অকেশনাল স্পিনারদের বলে অবলীলায় রান করেছেন দুই সেঞ্চুরিয়ান অ্যাশওয়েল প্রিন্স ও মার্ক বাউচার। ওই সময় তাকে বোলিং থেকে সরে যেতে না হলে প্রোটিয়াদের আরো চেপে ধরা যেত, দ্বিতীয় দিনের শেষে এমনই বলেছিলেন সাকিব আল হাসান। পরদিন সকালের পারফরম্যান্সে তার এই কথাটাকেও আর বাড়াবাড়ি মনে হচ্ছে না, "দক্ষিণ আফ্রিকা ভালো ব্যাটিং করেছে ঠিকই। তবে আমি বলবো সৌভাগ্যও ওদের সঙ্গে ছিল। আমি যখন বল করছিলাম না তখন বেশ কিছু রান হয়েছে। এক পাশ থেকে আমি বোলিং করতে পারলে হয়তো ওদের আরো চাপ দেওয়া যেত।" তৃতীয় দিন সকালে সেটা প্রমাণ করতেও বেশি সময় লাগেনি এই বাঁ হাতি স্পিনারের। তার ঘূর্ণিজাদুতেই তো ২৪ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪২৯ রানে অলআউট হয়ে গেছে গ্রায়েম স্মিথের দল। সুবাদে টেস্ট ক্যারিয়ারে তৃতীয়বারের মতো পাঁচ কিংবা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব। কিন্তু ৯৯ রানে ৬ উইকেট নেওয়ার পরও শেষ বিচারে তাকেই বরং দুর্ভাগা বলতে হয়। নিজেরাই নিজেদের দুর্ভাগ্য ডেকে আনলে প্রতিপক্ষের সৌভাগ্যে কী আসে যায়। বাংলাদেশ শিবির থেকে যদিও আম্পায়ারের সিদ্ধান্ত নিয়েও অনুযোগ শোনা গেছে। আগেরদিন বাউচারের বিরুদ্ধে দু'দুটো এলবিডাব্লিউর সিদ্ধান্ত আম্পায়াররা দেননি, এমন দাবি আর জোর গলায় করার উপায় নেই কারণ এই রিপোর্ট লেখার সময় আরেকটি ইনিংস পরাজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। দলের যখন এমন বিশ্রী হাল, তখন নিজের অনন্য কীর্তিতে আলোড়িত হওয়ার পথ কই সাকিবের? অনন্য কীর্তি বলতে হচ্ছে কারণ একটা ক্ষেত্রে তিনি যে ছাড়িয়ে গেছেন মুত্তিয়া মুরালিধরনকেও। সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্ক পেসারদের স্বর্গ হিসেবেই পরিচিত। প্রোটিয়ারা এখানে চারজন পেসার নিয়ে তো আর এমনি এমনিই খেলছে না। পেসারদের দিকে বন্ধুর মতো হাত বাড়িয়ে থাকা এই উইকেটে স্পিনাররা কদাচিতই সাফল্য পান। এই টেস্টের আগে সুপার স্পোর্ট পার্কে কোনো বোলারের পাঁচ কিংবা তার বেশি উইকেট পাওয়ার ঘটনা ঘটেছে ১৬বার। এরমধ্যে ১৯৯৭-৯৮ তে স্বাগতিকদের বিপক্ষে মুরালিধরনের ৬৩ রানে ৫ উইকেট শিকারই এতোদিন হয়ে ছিল এখানে স্পিনারদের এরকম সাফল্যের একমাত্র ঘটনা। শুক্রবার সাকিবের ছয় উইকেট সুপার স্পোর্ট পার্কে কোনো স্পিনারের পাঁচ কিংবা তার বেশি উইকেট পাওয়ার দ্বিতীয় ঘটনাই শুধু নয়, এখানে টেস্টের সর্বাধিক উইকেটধারীকে ছাড়িয়ে কোনো স্পিনারের সেরা বোলিং পারফরম্যান্সও। ব্লুমফন্টেইন টেস্টেও পাঁচ উইকেট নেওয়ার পর কোচ জেমি সিডন্স তো আর এমনি এমনি বলে দেননি, "আমাদের দলে অন্তত একজন বিশ্বমানের ক্রিকেটার আছে- সাকিব আল হাসান। বোলিংয়ে আমরা যার ওপর প্রতিটা ম্যাচেই ভরসা রাখতে পারি।" একটা সময় বাংলাদেশের স্পিন ভরসা মোহাম্মদ রফিকও দেশের বাইরে বিশেষ করে ভারতীয় উপমহাদেশের বাইরে এতোটা কার্যকরী হয়ে উঠতে পারেননি কখনো। হ্যাঁ, টেস্টে একমাত্র বাংলাদেশী বোলার হিসেবে একশো উইকেটের মাইলফলক ছোঁয়া রফিক দেশের বাইরেও ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন তিনবার। কিন্তু ওই সাফল্য ছিল পাকিস্তানের পেশোয়ার, মুলতান এবং শ্রীলঙ্কার কলম্বোয়। উপমহাদেশের বাইরে এসে কোনো স্পিনারের পাঁচ উইকেট নেওয়া তো এবারই প্রথম দেখলো বাংলাদেশ। তাও আবার পরপর দুই টেস্টে। রফিক অবসরে চলে যাওয়ার পর বাংলাদেশের স্পিন আক্রমণকে শুন্যতা ঘিরে ধরবে বলে যে আশঙ্কা ছিল সেটাও এখন উধাও সাকিবের বোলিংয়ে। গত মার্চে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তার বিদায়ী টেস্ট খেলেছিলেন রফিক। এরপর বাংলাদেশের খেলা চার টেস্টে তিনবার ইনিংসে পাঁচ কিংবা তার বেশি উইকেট নেওয়ার কৃতিত্বসহ সাকিবের নামের পাশে ২১ উইকেট। অন্তত স্পিন নিয়ে দুর্ভাবনা তো নেই বাংলাদেশ শিবিরের। তবু সাকিব এতোদূর আসার পেছনে রফিকের অবদানকে কৃতজ্ঞচিত্তেই স্মরণ করছেন, "আন্তর্জাতিক ক্রিকেট খেলার চাপটা আমাকে সেভাবে নিতে হয়নি। কারণ তখন রফিক ভাই ছিলেন। একদিক থেকে তার নিয়ন্ত্রিত বোলিং দেখে অনেক কিছু শিখেছিও।" সেই শিক্ষা এখন কাজেও লাগাচ্ছেন। কিন্তু বাংলাদেশের অবস্থা তো রয়ে গেছে সেই রফিকের আমলের মতোই। ক্যারিয়ারের বেশিরভাগ টেস্টেই দ্বিতীয় ইনিংসে বল করার সুযোগ হয়নি রফিকের। এবার দক্ষিণ আফ্রিকায়ও তো সেরকমই হল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২০৩৫ঘ.