সেঞ্চুরিয়ন, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বলা হয় 'বাবার কাঁধে ছেলের কফিন' পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। তবে অকালপ্রয়াত ছোট ভাইয়ের জীবনীভিত্তিক সিনেমা বানানোর পাষাণভারও বোধহয় এরচেয়ে কোনো অংশে কম নয়। হানসি ক্রনিয়েকে নিয়ে নির্মিত 'হানসি মুভি'র একেকটি দৃশ্য ধারণ করতে গিয়ে বারবারই সেই ভার অনুভব করেছেন তার বড় ভাই ফ্রান্স ক্রনিয়ে। সেঞ্চুরিয়ন থেকে লিখেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ক্রীড়া প্রতিবেদক মাসুদ পারভেজ।
বলা হয় 'বাবার কাঁধে ছেলের কফিন' পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস। তবে অকালপ্রয়াত ছোট ভাইয়ের জীবনীভিত্তিক সিনেমা বানানোর পাষাণভারও বোধহয় এরচেয়ে কোনো অংশে কম নয়। হানসি ক্রনিয়েকে নিয়ে নির্মিত 'হানসি মুভি'র একেকটি দৃশ্য ধারণ করতে গিয়ে বারবারই সেই ভার অনুভব করেছেন তার বড় ভাই ফ্রান্স ক্রনিয়ে।
ব্লুমফন্টেইনে নিজেদের বাড়ী বিক্রি করে দিয়ে কেপটাউনে থিতু হওয়া ফ্রান্স এখন পুরোদস্তুর একজন চিত্র প্রযোজক। একসময় হানসির সঙ্গে ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলা এই প্রযোজকের গ্লোবাল ক্রিয়েটিভ স্টুডিওজ নামে একটা প্রোডাকশন হাউজও আছে কেপটাউনে। আর সেখানে যেহেতু এবার বাংলাদেশ দলের কোনো খেলা নেই, তাই তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ সম্ভব ছিল না। ফোনালাপে তাই ঠিক হল ই-মেইলের মাধ্যমেই সাক্ষাৎকার দেবেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে। চরম ব্যস্ততার মধ্যেও এই প্রতিবেদকের ঝটপট লিখে পাঠিয়ে দেওয়া প্রশ্নের উত্তর দিলেন বৃহষ্পতিবার সকালে। যে ই-মেইলে ফ্রান্স জানিয়েছেন, গত ২৪ সেপ্টেম্বর মুক্তি পাওয়া 'হানসি মুভি' অচিরেই বাংলাদেশেও মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : হানসি ক্রনিয়ের জীবন নিয়ে সিনেমা বানানোর ইচ্ছেটা জাগলো কী করে?
ফ্রান্স ক্রনিয়ে : হানসিকে নিয়ে ছবি বানানোর পরিকল্পনা আমার অনেক আগে থেকেই ছিল। এবং সেটা ওর জীবদ্দশাতেই। আমি সবসময়ই ওকে বলতাম, তোমার গল্প মানুষকে বলা দরকার। যাতে তারা কিছু না কিছু শিখতে পারে। কিন্তু সবসময়ই ওর জবাব তৈরিই থাকতো, "গল্পের শেষ না হওয়া পর্যন্ত তুমি সেটা কাউকে বলতে পার না।" এরপর হানসি একদিন চলে গেল। তখন আমি ভাবলাম ওর গল্প মানুষকে জানানোর এটাই সেরা সময়। নিজের আপন ছোট ভাইয়ের গল্প বলছি, এই ছবি পরিচালনার সময় আমার বাড়তি সুবিধা ছিল এটাও। পেশায় আমি একজন চিত্র প্রযোজক। আমার প্রযোজনায় নির্মিত এর আগের ছবি 'ফেইথ লাইক পটেটোস'ও পুরো সত্যি ঘটনা অবলম্বনে তৈরি। ওই ছবিটাও বেশ সাড়া জাগিয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: নিজের ছোট ভাইকে নিয়ে ছবি, শ্যুটিংয়ের সময় নিশ্চয়ই আবেগ সামলাতে কষ্ট হয়েছে খুব। সবচেয়ে আবেগঘন মুহূর্তটার কথা একটু বলবেন।
ফ্রান্স ক্রনিয়ে : ব্লুমফন্টেইনের গ্রে কলেজে হানসির শেষকৃত্যানুষ্ঠানের দৃশ্য ধারণ করার দিন আমি আমার বাবা-মাকেও আমন্ত্রণ জানিয়েছিলাম। অবশ্যই সেটা ছিল আমাদের পরিবারের জন্য অত্যন্ত বেদনার একটি মুহূর্ত। তবে কিং কমিশনে হানসির হাজিরা দেওয়ার দৃশ্য ধারণ করতে গিয়েই আমরা সবচেয়ে বেশি আবেগাক্রান্ত হয়েছিলাম। আমাদের সেই ঘটনাটা মনে পড়ল, যেখানে হানসি রীতিমতো ভেঙ্গে পড়েছিল এবং হাজিরা কক্ষ থেকে বেরিয়ে গিয়ে ছোট্ট একটা রুমের ফ্লোরে শুয়ে পড়ে হাউমাউ করে কাঁদতে শুরু করেছিল। বাবা তাকে দু'হাতে জড়িয়ে ধরলো। এবং আমরা সবাই কাঁদছিলাম। সেই দিনটার প্রতিটা মুহূর্ত আমার পরিষ্কার মনে আছে।
ঐ দৃশ্য ধারণের সময় স্বাভাবিকভাবেই আবেগ সামলাতে পারেননি। আর পুরো দৃশ্যটা এমন বাস্তব হয়েছিল যে এমনকি এই সিনেমার সঙ্গে জড়িত সমস্ত কর্মীদের চোখেও তখন ছিল জল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: সমালোচকদের চোখে এই সিনেমার কিছু ভুলত্র"টিও ধরা পড়েছে। গ্রে কলেজের হেডমাস্টার ইয়োহান ফলস্টিটও একটা ভুল ধরিয়ে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকা যখন আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ ছিল, তখন হানসি তাকে একটা প্রতিশ্র"তি দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর ১৯৯৪ সালে ইয়োহানকে নিজ খরচে লর্ডস টেস্ট দেখাতেও নিয়ে গিয়ে সেই প্রতিশ্র"তি রক্ষাও করেছিলেন তিনি। কিন্তু ছবিতে দেখানো হয়েছে বিশ্বকাপের ম্যাচ। এরকম আরো কিছু ভুলও তো ছিল 'হানসি মুভি'তে।
ফ্রান্স ক্রনিয়ে: সিনেমায় পুরো গল্প বলার জন্য আপনার হাতে থাকে মাত্র দুই ঘন্টা। এজন্য সত্যের যতোটা সম্ভব কাছাকাছি থেকে বেশ কিছু ঘটনার সঙ্গে একটা ঘটনার সমন্বয় করতে হয়। ভারতীয় বুকিদের সঙ্গে হানসির যোগাযোগের দৃশ্য ধারণ করতে গিয়েও আমরা তাই করেছি। কিছু কাল্পনিক চরিত্র তৈরি করেছি। এবং পর্দার সময় বাঁচানোর জন্য মূল ঘটনার সঙ্গে সমন্বিত করেছি। তারপরও এই সিনেমায় অনেক সত্যি ঘটনাই আছে যেগুলো হানসির সঙ্গে সম্পর্কিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: হানসির সঙ্গে শেষ দেখা হয়েছিল কখন?
ফ্রান্স ক্রনিয়ে : ও মারা যাওয়ার দুই সপ্তাহ আগে। প্রিটোরিয়ায় আমরা একসঙ্গে লাঞ্চ করেছিলাম। দারুণ সময় কেটেছিল আমাদের। সেসময় সেই পুরনো হানসিকেই ফিরে পেয়েছি বলে মনে হচ্ছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: হানসির সঙ্গে শৈশবের দারুণ কিছু স্মরণীয় স্মৃতিও আছে নিশ্চয়ই।
ফ্রান্স ক্রনিয়ে : হ্যাঁ, তা তো আছেই। ওর অনেক স্মৃতি জমা আছে। এরমধ্যে সবচেয়ে মধুর আমাদের বাড়ীর বাগানে হানসির সঙ্গে ক্রিকেট খেলার স্মৃতি। যেখানে খেলতে আসতো অ্যালান ডোনাল্ড ও নিকি বোয়েরাও। ক্রিকেট নিয়ে মেতে থাকার দিনগুলোতে আমাদের সঙ্গী হত আমার বোন হেস্টারও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : হানসির জীবন নিয়ে তৈরি হওয়া এই ছবি মুক্তি পাওয়ার পর কেমন সাড়া পাওয়া গেছে? দক্ষিণ আফ্রিকান লোকজনইবা কীভাবে নিয়েছেন?
ফ্রান্স ক্রনিয়ে : দক্ষিণ আফ্রিকার মানুষের কাছ থেকে যেরকম সাড়া পাচ্ছি তা এককথায় অসাধারণ। আমরা অভিভুত হয়ে যাই যখন একেবারে তরুণ ক্রিকেটার থেকে শুরু করে হানসির পুরনো ভক্তরা ই-মেইল ও ফোন করে জানায়, এই সিনেমা কীভাবে তাদের জীবন পাল্টে দিয়েছে। এটি একটি মহানুভবতার গল্প যে গল্পের সঙ্গে মানুষ খুব সহজেই মিশে যেতে পারছে। আমরা সবাই-ই কমবেশি ভুল করি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কীভাবে একজন তার ভুল শুধরে নিয়ে সামনের দিকে তাকাচ্ছে। এই সিনেমায় দেখানো হয়েছে হানসি কীভাবে তার জীবনটাকে পুনর্গঠন করেছে। অচিরেই এই সিনেমা বাংলাদেশসহ গোটা ভারতীয় উপমহাদেশেই মুক্তি দেওয়া হবে। ডিভিডি সংগ্রাহকদের জন্য আমরা ইতিমধ্যেই দুটো ডিস্কের একটা সংস্করণ তৈরি করেছি। এর স্থায়িত্ব সাত ঘন্টারও বেশি। এরমধ্যে চার ঘন্টার একটা ডকুমেন্টারি আছে যেটিতে আছে ৬৫ জন লোকের সাক্ষাৎকার যারা হানসিকে চিনতেন এবং জানতেন। এদের মধ্যে আছেন পরিবারের সদস্য, বন্ধু, হানসির স্কুল মাস্টার ও কোচ ইয়োহান ফলস্টিট, জন্টি রোডস, পিটার পোলক, শন পোলক, ড. আলী ব্যাখার এবং এমনকি কয়েকজন ভারতীয় বুকমেকার বিশেষজ্ঞও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫০ঘ.
bdnews24