২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্মিথ, আমলার সেঞ্চুরিতে রানের পাহাড়ে দক্ষিণ আফ্রিকা

সারা দিনে একটা মাত্র উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ, প্রথম উইকেটে ১০২ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে ১৯৭ রানের আরেকটা জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে ১ উইকেটে ২৯৯ রানে। অপরাজিত দুই ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ আর হাশিম আমলার নামের পাশে জ্বলজ্বল করছে তিন অঙ্কের সংখ্যা- সেঞ্চুরি করেছেন তারা দুজনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2008, 08:53 AM

Updated : 26 Aug 2022, 02:41 PM

ব্লুমফন্টেইন, ১৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্টেই ওপেনিং জুটিতে বিশ্ব রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনাররা। সেই দলের বিপক্ষে ঠিক পরের ম্যাচেই টস জিতে বাংলাদেশের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানালেন! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শেষে সেই সিদ্ধান্তটাকে ভুল বলেই মনে হচ্ছে। সারা দিনে একটা মাত্র উইকেট ফেলতে পেরেছে বাংলাদেশ, প্রথম উইকেটে ১০২ রানের জুটির পর দ্বিতীয় উইকেটে ১৯৭ রানের আরেকটা জুটি গড়ে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে ১ উইকেটে ২৯৯ রানে। অপরাজিত দুই ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ আর হাশিম আমলার নামের পাশে জ্বলজ্বল করছে তিন অঙ্কের সংখ্যা- সেঞ্চুরি করেছেন তারা দুজনই। টেস্ট ক্রিকেটে এরচেয়ে খারাপ দিন আর কী হতে পারে? সকালে টস হেরে ব্যাট করতে নেমে চট্টগ্রামের স্মৃতিই মনে করিয়ে দিচ্ছিলেন গ্রায়েম স্মিথ আর নিল ম্যাকেঞ্জি। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ খেলা টেস্টে ওপেনিং জুটিতে ৪১৫ রানের রেকর্ড গড়া এই দুজনে মিলে গড়েছেন আরেকটা শতরানের জুটি। তবে তারপর আর বেশিদূর যেতে পারেননি তারা। তাদের ১০২ রানের জুটি ভেঙে বাংলাদেশকে দিনের একমাত্র সাফল্যটি এনে দিয়েছেন শাহাদাত হোসেন। অফস্টাম্পের বাইরে পড়া শাহাদাতের একটা হাফভলিতে স্কোয়ার ড্রাইভ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে মেহরাব হোসেন জুনিয়রের হাতে ক্যাচ তুলে দিয়েছেন ম্যাকেঞ্জি। ১১৮ বলের ইনিংসে ৪২ রান করেছেন তিনি। সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেও দুই ওপেনার যখন মাঠে ছিলেন তখন রানের গতি ছিল কিছুটা স্লথ। কিন্তু ম্যাকেঞ্জির বিদায়ের পর রান এসেছে বন্যার মতোই। প্রথম ৩৪ ওভারে ১০২ রান তোলা দক্ষিণ আফ্রিকানরা দু দুবার বৃষ্টির কবলে পড়া প্রথম দিনের বাকি ৪৭ ওভারে তুলেছে ১৯৭ রান। দিনশেষে স্মিথ ১৩৮ আর আমলা ১০৩ রানে অপরাজিত রয়েছেন। বৃষ্টির কারণেই বুধবার খেলা হয়েছে ৯ ওভার কম, নইলে রানের পাহাড়টা আরো বড়ও হতে পারতো! আগের দিন পর্যন্ত অনিশ্চয়তার মধ্যে থাকলেও এই ম্যাচে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। এই ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হচ্ছে ইমরুল কায়েসের। দু দলের প্রথম একাদশ : বাংলাদেশ : মোহাম্মদ আশরাফুল (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন জুনিয়র, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাঈম ইসলাম, মাশরাফি বিন মর্তুজা, শাহাদাত হোসেন, মাহবুবুল আলম। দক্ষিণ আফ্রিকা : গ্রায়েম স্মিথ (অধিনায়ক), নিল ম্যাকেঞ্জি, হাশিম আমলা, জ্যাক ক্যালিস, অ্যাশওয়েল প্রিন্স, এবি ডি ভিলিয়ার্স, মার্ক বাউচার, পল হ্যারিস, মর্নে মরকেল, ডেল স্টেইন, মাখায়া এনটিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এসএইচ/১৮২২ঘ.