২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের পেস-ট্র্যাজেডি

সকালে ডি বিয়ার্স ডায়মন্ড ওভালে মোহাম্মদ আশরাফুলদের ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছিলেন জেমি সিডন্স। এমন সময় দুই বাংলাদেশী সাংবাদিককে মাঠে ঢুকতে দেখেই সব ফেলে দৌড়ে এসে তার জিজ্ঞাসা, "বলতে পারেন, ঘরোয়া ক্রিকেটে এখন কে ভালো বোলিং করছে? জিয়া (জিয়াউর রহমান) নাকি সাজিদ (সাজিদুল ইসলাম)?"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2008, 03:29 PM

Updated : 26 Aug 2022, 02:39 PM

কিম্বার্লি, ১৪ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- সকালে ডি বিয়ার্স ডায়মন্ড ওভালে মোহাম্মদ আশরাফুলদের ক্যাচিং প্র্যাকটিস করাচ্ছিলেন জেমি সিডন্স। এমন সময় দুই বাংলাদেশী সাংবাদিককে মাঠে ঢুকতে দেখেই সব ফেলে দৌড়ে এসে তার জিজ্ঞাসা, "বলতে পারেন, ঘরোয়া ক্রিকেটে এখন কে ভালো বোলিং করছে? জিয়া (জিয়াউর রহমান) নাকি সাজিদ (সাজিদুল ইসলাম)?" সুদূর দক্ষিণ আফ্রিকা থেকে ঘরোয়া ক্রিকেটের খোঁজখবর নেওয়ায় তার এতো উৎসাহী হয়ে ওঠার কারণ, দুই পেসার মাশরাফি বিন মর্তুজা এবং সৈয়দ রাসেলের ইনজুরি। দু'জনকেই পিঠের পুরনো সমস্যাটা বেশ ভোগাচ্ছে এখানে। তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যে কাউকে যে কোনো সময়ই প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে জিয়া নয়তো সাজিদের মধ্যেই যে একজনকে বেছে নেওয়া হবে, তা তো বাংলাদেশ দলের কোচের কথাতেই একরকম নিশ্চিত হয়ে গেছে। কিম্বারলি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মাসুদ পারভেজ তবে এই দুই পেসারের ইনজুরির ব্যাপকতা কতোটা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের নিয়ে যাওয়া হয়েছিল স্থানীয় স্পোর্টস ইনজুরি বিশেষজ্ঞ স্টিন কেম্পের কাছে। তিনি যতোদ্রুত সম্ভব মাশরাফি ও রাসেলের পিঠের সিটি স্ক্যান করানোর পরামর্শ দিয়েছেন বলে জানা গেছে। অবশ্য এই মুহুর্তে রাসেল নয়, মূল স্ট্রাইক বোলার ও সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে নিয়েই বেশি দুঃশ্চিন্তায় বাংলাদেশ শিবির। দক্ষিণ আফ্রিকায় আসার পরপরই আবারো পিঠের ব্যথাটা জেগে ওঠে তার। জোহানেসবার্গে হোটেল মন্টেক্যাসিনোতে দলের সুইমিং সেশন শেষে স্ট্রেচিংয়ের সময় চোট অনুভব করার পর সতর্কতা হিসেবে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচটিতে খেলানো হয়নি তাকে। ইস্ট লন্ডনে বৃষ্টিতে ভেসে যাওয়া ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল এজন্যই। যদিও সিডন্সের কাছে মনে হয়েছে দ্রুতই সেরে উঠছেন মাশরাফি। কিন্তু সিটি স্ক্যানের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত তো আর চুড়ান্ত কিছু বলে দিতে পারছেন না তিনিও। এদিন স্থানীয় সময় বিকাল চারটায় (বাংলাদেশ সময় রাত আটটায়) মাশরাফিকে সিটি স্ক্যান করাতে নিয়ে যাওয়ার কথা ফিজিও ড্যারেন লিফসনের। রাসেলের অবশ্য সিটি স্ক্যানের পাশাপাশি বোন স্ক্যানও লাগবে। কিন্তু কিম্বার্লিতে বোন স্ক্যানের কোনো ব্যবস্থা না থাকায় দুটোই একসঙ্গে করা হবে প্রথম টেস্ট খেলতে ব্লুমফন্টেইন যাওয়ার পর। এ কারণেই এই বাঁ হাতি পেসারের পরীক্ষা-নিরীক্ষা পিছিয়ে গেছে সোমবার পর্যন্ত। মাশরাফি ফিট ঘোষিত হলে প্রথম টেস্টে না খেলার কোনো কারণ নেই। কিন্তু না হলে? বিকল্প ভাবনাও ভেবে রেখেছেন কোচ। দলের মূল পেসার খেললে তার সঙ্গী হবেন শাহাদাত হোসেন এবং মাহবুবুল আলম রবীন। না হলে দলে তৃতীয় পেসারের জায়গাটা নেবেন নাজমুল হোসেন, যিনি তার সর্বশেষ টেস্টই খেলেছেন চার বছর আগে। কোচের ভাষ্য, "দেখুন যে সময় আমাদের হাতে আছে তাতে দেশ থেকে একজন রিপ্লেসমেন্ট এনে তাকে প্রথম টেস্টেই নামিয়ে দেওয়াটা সম্ভব নয়। এটা আমরা দ্বিতীয় টেস্টে করতে পারি।" এখানে রাসেল এখন বাংলাদেশ দলের পরিকল্পনাতেই নেই বলেও নিশ্চিত করেছেন সিডন্স, "রাসেল কোনো টেস্টেই খেলবে না। 'এ' দলের সঙ্গে ইংল্যান্ডে গিয়ে এই ইনজুরিটা হয়েছিল ওর। আমরা ভেবেছিলাম ঠিক হয়ে গেছে। কিন্তু এখনো হয়নি। সুতরাং আমরা তাকে চিকিৎসা করে পরবর্তী ওয়ানডে সিরিজের জন্য তৈরি হওয়ার জন্য ছেড়ে দেব।" ম্যানেজার শফিকুল হক হীরা পরে জানিয়েছেন, রাসেলকে ছেড়ে দিলেও তিনি দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকাতেই থাকবেন। এখানে তার চিকিৎসা চলবে। একজনের আশা ছেড়েই দিয়েছে বাংলাদেশ। এখন অন্যজনকেও না পাওয়া গেলে দ্বিতীয় টেস্টের জন্য রিপ্লেসমেন্ট বোধহয় একজনকে আনতেই হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১০০ঘ.