২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডার-গাভাস্কার ট্রফি এখন আবার ভারতের

আবার বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের দখলে। বিদায়বেলায় সৌরভ গাঙ্গুলী সেজন্য নিশ্চয়ই দারুণ তৃপ্ত। ২০০১ সালে তার নেতৃত্বেই এক অবিস্মরণীয় সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফিটা নিজেদের অধিকারে নিয়েছিল ভারত। তবে ২০০৪এ পরের ভারত সফরেই সিরিজ জয় করায় এই ট্রফির মালিকানা আবার চলে যায় অস্ট্রেলিয়ার কাছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2008, 09:09 AM

Updated : 26 Aug 2022, 02:39 PM

নাগপুর, ১০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের দখলে। বিদায়বেলায় সৌরভ গাঙ্গুলী সেজন্য নিশ্চয়ই দারুণ তৃপ্ত। ২০০১ সালে তার নেতৃত্বেই এক অবিস্মরণীয় সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে ট্রফিটা নিজেদের অধিকারে নিয়েছিল ভারত। তবে ২০০৪এ পরের ভারত সফরেই সিরিজ জয় করায় এই ট্রফির মালিকানা আবার চলে যায় অস্ট্রেলিয়ার কাছে। সোমবার চতুর্থ ও শেষ টেস্টের শেষ দিনে অস্ট্রেলিয়াকে ১৭২ রানের হারানোর পাশাপাশি সিরিজও ২-০ ব্যবধানে জিতে নেয়ায় বোর্ডার-গাভাস্কার ট্রফি আবার 'টিম ইন্ডিয়া'র অধিকারে। অবশ্য ম্যাচটা ড্র করতে পারলেই সিরিজ জিতে যেতো স্বাগতিকরা। তবে মহেন্দ্র ধোনির অধিনায়কত্বে মোহালিতে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করা ভারত সোমবার মাঠে নেমেছে জয়ের লক্ষ্য নিয়েই। অস্ট্রেলিয়ার সামনে জয়ের টার্গেট ছিল ৩৮২ রানের। বিনা উইকেটে ১৩ রান নিয়ে চর্তুর্থ দিন শেষ করায় শেষ দিনে লক্ষ্যমাত্রা নেমে দাঁড়ায় ৩৬৯ রানে। কিন্তু এর ধারে-কাছেও যেতে পারেনি রিকি পন্টিংয়ের দল। হরভজন সিং ও অমিত মিশ্রর ঘূর্ণি-জাদুতে বিভ্রান্ত হয়ে চা-বিরতির কিছুক্ষণ আগে ২০৯ রানেই অলআউট হয়ে গেছে তারা। অথচ একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল জিততে না পারলেও ম্যাচটা অন্তত ড্র করতে পারবে অস্ট্রেলিয়া। ৩ উইকেটে ১৫০ রানে পৌঁছে সেই ইঙ্গিতও দিচ্ছিল তারা। কিন্তু ৫৯ রানে শেষ ৭ উইকেট হারানোয় টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষে থাকা দলটির ড্রয়ের আশা পূরণ হয়নি। সোমবার প্রথম উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ভারতকে। দিনের পঞ্চম ওভারেই ইশান্ত শর্মা প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান সাইমন ক্যাটিচকে (১৬) কট বিহাইন্ড করে কাক্সিক্ষত ব্রেক থ্রু এনে দেন দলকে। ২৯ রানে উদ্বোধনী জুটি ভেঙ্গে যাওয়ার পর পন্টিংও (৮) বেশিক্ষণ টিকতে পারেননি। জহির খানের বল মিড অফে ঠেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। কিন্তু মিশ্রর দুর্দান্ত ফিল্ডিংয়ের শিকার হয়ে রানআউট হতে হয়েছে তাকে। সামনে ঝাঁপিয়ে, মাটিতে শুয়েই মিশ্রর ছোড়া বল পন্টিংকে ক্রিজে ফিরতে দেয়নি। ৩৭ রানে ২ উইকেট ফেলে দেয়ায় ভারত তখন জয়ের সৌরভে আচ্ছন্ন। কিন্তু ম্যাথু হেইডেন মাইকেল ক্লার্কের সঙ্গে ৪৫ ও মাইকেল হাসির সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে অস্ট্রেলীয় শিবিরে স্বস্তি ফিরিয়ে আনার পাশাপাশি দলকে ড্রয়ের স্বপ্নও দেখাচ্ছিলেন। তবে সেই স্বপ্ন সফল হয়নি। সিরিজে অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৩৯৪ রান করা হাসির বিদায়ের মাধ্যমে পন্টিংয়ের দলের পতনের সূচনা। মিশ্রর বলে দ্রাবিড়কে ক্যাচ দেয়ার আগে মাত্র ১৯ রান করতে পেরেছেন হাসি। হরভজনের করা পরের ওভারে হেইডেনও এলবিডব্লু! ৮ বাউন্ডারি ও এক ছক্কায় ৭৭ রান করা হেইডেন আউট হওয়ার পর হুড়মুড় করে ভেঙ্গে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ। হরভজন আর মিশ্রর দুর্দান্ত বোলিংই সেজন্য দায়ী। ৬৪ রানে হরভজন নিয়েছেন ৪ উইকেট, আর ২৭ রানে ৩ উইকেট শিকার মিশ্রর। ক্যামেরন হোয়াইটের অপরাজিত ২৬ রান পরাজয়ের ব্যবধানই শুধু কমাতে পেরেছে সফরকারীদের। অস্ট্রেলিয়ার একটাই সান্ত্বনা, অভিষেক টেস্টে ১২ উইকেট নিয়ে অফস্পিনার জেসন ক্রেইজার ম্যাচ-সেরা নির্বাচিত হওয়া। সিরিজে ১৫ উইকেট নিয়ে সিরিজ- সেরা নির্বাচিত হয়েছেন ভারতের পেসার ইশান্ত শর্মা। যদিও শেষ টেস্ট খেলতে নামা ভারতের সফলতম টেস্ট অধিনায়ক সৌরভকে এমন একটা দুর্দান্ত জয় উপহার দেয়াই নিঃসন্দেহে 'টিম ইন্ডিয়া'র সবচেয়ে বড় প্রাপ্তি! কাকতালীয়ভাবে এই সিরিজে ভারতের দুটো জয়ই এসেছে ধোনির নেতৃত্বে। সৌরভ ও অনিল কুম্বলের বিদায়ী সিরিজ, শচীন টেন্ডুলকারের টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙ্গে দেয়া, বোর্ডার-গাভাস্কার ট্রফি ফিরিয়ে আনা --- সব মিলিয়ে সিরিজটা চিরস্মরণীয় হয়েই থাকবে ভারতের জন্য। এবং এই সিরিজ থেকেই সম্ভবত ধোনি-যুগেরও সূচনা হলো ভারতীয় ক্রিকেটে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৮৩৫ঘ.