মাসুদ পারভেজ
বেনোনী
বেনোনী, ৯ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- বাংলাদেশে এলে বিদেশী ক্রিকেটারদের বাংলা শেখার খুব শখ হয়। এবং শেখানোর লোকের অভাব বাংলাদেশে কখনোই হয় না। কিন্তু সেই শিক্ষকরা যা শেখান তাতে মাঝে-মধ্যে বিব্রতই হতে হয়। যেমন হতে হলো অ্যালিস্টার ক্যাম্পবেলের সাক্ষাৎকার নিতে গিয়ে। কেউ একজন তাকে সিগারেটের এমন একটা বাংলা শিখিয়েছে যেটা আসলে একটা নিষিদ্ধ নেশাদ্রব্যের নাম।
তা হাসতে হাসতে যে ক্যাম্পবেল সিগারেটের সেই নামটা বলে চমকে দিলেন তার কারণ বোধহয়, আমিও দুয়েকটা বাংলা শব্দ জানি। জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের সঙ্গে কথার সূত্রপাত এখান থেকেই। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের একেবারে শুরুর সময়টা দেখেছেন। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর দেশের বাইরে বাংলাদেশের প্রথম সিরিজ (২০০১) ছিল তার দেশ জিম্বাবুয়েতেই। ওই সিরিজেই স্বাগতিক দলের অধিনায়ক হিসেবে দেখেছেন মোহাম্মদ আশরাফুলের অভিষেকও। পরের সাতবছরে দিনবদলের হাওয়ায় পাল্টেছে অনেককিছুই। কিন্তু বাংলাদেশ পাল্টেছে কতোটা?
এসএবিসি টেলিভিশনের হয়ে এই সিরিজের অন্যতম ধারাভাষ্যকার অন্তত আশরাফুলের মাঝে খুব বেশি পরিবর্তন দেখেননি। বিশ্ব ক্রিকেটে তোলপাড় তুলে দেওয়া বেশ কয়েকটা ইনিংসের পরও, "আমি যখন ওকে প্রথম দেখেছিলাম, তখন আশরাফুল খুব ছোট ছিল। কিন্তু এখন তো আর সে ছোট নয়। অনেক অভিজ্ঞই বলতে হবে কারণ ১৩০টি ওয়ানডে (আসলে হবে ১৩৩) খেলে ফেলেছে। অথচ ওর গড় এখনো ২৫/২৬। তার মানে অভিজ্ঞতাকে পারফরম্যান্সে অনূদিত করতে পারছে না আশরাফুল।" বাংলাদেশ অধিনায়কের টেস্ট (২৩.৭৫) এবং ওয়ানডের (২৩.৭৭) গড় যখন প্রায় সমান-সমান, তখন জিম্বাবুয়ের সাবেক অধিনায়কের সঙ্গে দ্বিমত করার উপায় নেই।
ক্রিকেট ছেঁড়েছুঁড়ে দিযেছেন আগেই। নিজ দেশের রাজধানী হারারের অদূরে বাবা লেইন ক্যাম্পবেলের সঙ্গে লিলফোর্ডিয়া নামের একটা জুনিয়র স্কুল চালান। আর ধারাভাষ্য দিতে ঘুরে বেড়ান এই দেশ থেকে সেই দেশে। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে বাংলাদেশের ক্রিকেট এগিয়ে আবার কিছুটা পিছিয়ে যাবে বলেই তার মনে হচ্ছিল। বিশেষ করে বাংলাদেশের ১৪ জন ক্রিকেটার ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) যোগ দেওয়ার পর। তবুও দেশের মাটিতে বাংলাদেশের নিউজিল্যান্ডকে হারিয়ে দেওয়ার খবর শুনে যারপরনাই অবাক হয়েছেন ৬০ টেস্ট খেলে ২৭.২১ গড়ে ২,৮৫৮ রান করা সাবেক এই বাঁ হাতি ওপেনার।
এক ঝাঁক ক্রিকেটারকে হারানোর পর নিজ দেশের মতো বাংলাদেশ ক্রিকেটেরও পতনের পদধ্বনি শুনতে পাচ্ছিলেন তিনি। অথচ দেখলেন এরপর থেকে কোন এক জাদুবলে যেন ঘুরে দাঁড়িয়ে মোহাম্মদ আশরাফুলরা একের পর এক বড় দলের সঙ্গে লড়াই জমিয়ে তুলছে। ক্যাম্পবেল অবাক না হয়ে যান কোথায়, "বাংলাদেশ এতোগুলো ক্রিকেটারকে হারানোর পরও এমন খেলবে, সত্যি কথা বলতে কী আমি আশাই করিনি। আমরাও কিন্তু একসঙ্গে বেশকিছু ক্রিকেটারকে হারিয়েছিলাম। যদিও সেটা একেবারেই অন্য কারণে। এরপর থেকে জিম্বাবুয়ের ক্রিকেট কেবল পেছনের দিকেই গেছে। এই কিছুদিন আগে আমরা কেনিয়ায় ওয়ার্ম আপ ম্যাচে উগান্ডার মতো দলের কাছেও হেরেছি। বোঝা যাচ্ছে বাংলাদেশের কিছু ব্যাক আপ ক্রিকেটার তৈরি ছিল বলে তেমনটা হয়নি।"
কিন্তু এই ক্রিকেটারদের দিকেও যে আইসিএল হাত বাড়াবে না, তারও কোনো নিশ্চয়তা নেই। তাই বাংলাদেশের ক্রিকেট নিয়ে অ্যালিস্টার ক্যাম্পবেলের আশঙ্কাটা এখনো উবে যায়নি, "প্রতি বছরই যদি তারা বেশ কয়েকজন করে ক্রিকেটারকে নিয়ে যেতে থাকে, তাহলে এর কুপ্রভাব পড়তে বাধ্য। তাই সময় থাকতেই একটা ব্যবস্থা নেওয়া উচিত।" সেই ব্যবস্থাটা কী? ক্যাম্পবেলের সমাধান, "আইসিএলকে অনুমোদন দিয়ে দিলেই হয়। এটা তো পরিষ্কার যে একটা দেশের ক্রিকেট বোর্ডের সঙ্গে সংঘাতের কারণেই তারা অনুমোদন পাচ্ছে না। আর ক্রিকেটাররা টাকার জন্য আইসিএলে গেলেও সেটাকে অন্য চোখে দেখা উচিত নয়। সচ্ছল ও নিশ্চিন্ত জীবন তো সবাই-ই চায়।"
চেয়েছেন বাংলাদেশের ১৪ জন ক্রিকেটারও। ভবিষ্যতে তাদের পদাঙ্ক আরো অনেকে অনুসরণ করলে বাংলাদেশের ক্রিকেট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্যই আইসিএলকে অনুমোদিত ক্রিকেট লিগ হিসেবে দেখতে চান ক্যাম্পবেল, "ক্রিকেট বিশ্ব বাংলাদেশের উন্নতিই দেখতে চায়। কিন্তু আইসিএল প্রতিবছর একের পর এক ক্রিকেটারকে নিয়ে যেতে থাকলে সেটা হবে না। এরচেয়ে অনুমোদন দিয়ে দিলেই কী ভালো না? ওরা ওদিকেও খেলবে আবার দেশের হয়েও।"
কিন্তু ক্যাম্পবেলের এই দুই কুল রক্ষার আহবান শুনবে কে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/১৮৫৫ঘ.
bdnews24