২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন হবে.....

পচেফস্ট্রমে দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম ওয়ানডেতে ৬১ রানে হেরে গেছে বাংলাদেশ। তারপরও দক্ষিণ আফ্রিকার কোচ মিকি আর্থার মনে করেন, এই ম্যাচটা জিততেও পারতো বাংলাদেশ। মোহাম্মদ আশরাফুল আর সাকিব আল হাসানের ব্যাটিং দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল তাদের, বলছেন প্রোটিয়া পেসার মরনে মরকেলও। ডেল স্টেইনের দুর্দান্ত দুটি বলে বদলে গেছে পরিস্থিতি, জয়ের স্বপ্নটা আর পূরণ হয়নি। কিন্তু বাংলাদেশের কোচ জেমি সিডন্স আর অধিনায়ক আশরাফুল দুজনই বিশ্বাস করেন, এই ম্যাচের মতো খেলতে থাকলে অবশ্যই একদিন নিয়মিত জিতবে বাংলাদেশ। পচেফস্ট্রম থেকে বিস্তারিত জানাচ্ছেন মাসুদ পারভেজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2008, 01:18 PM

Updated : 26 Aug 2022, 02:38 PM

মাসুদ পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ক্রীড়া প্রতিবেদক, জোহানেসবার্গ থেকে জোহানেসবার্গ, ৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- ম্যাচশেষে জেমি সিডন্স রুদ্ধশ্বাসে দৌড়ে গিয়ে উঠলেন দক্ষিণ আফ্রিকার সাজঘরে। মিকি আর্থারের সঙ্গে হাত মিলিয়ে তাকে অভিনন্দন জানালেন, নীচ থেকে এতোটুকুই শুধু বোঝা গেল। প্রোটিয়া কোচের সঙ্গে মিনিট পাঁচেকের আলাপচারিতার সবচেয়ে উল্লেখযোগ্য অংশটা নীচে নেমে আসার পর গর্বভরেই বললেন বাংলাদেশ কোচ। আর্থার তাকে বলেছেন, "এই ম্যাচটা তো তোমাদেরই ছিল।" পচেফস্ট্রমে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬১ রানের হার, শুধু এই তথ্যের ওপর নির্ভর করলে যে কারো কাছে প্রতিপক্ষের কোচের কথাটা স্রেফ সৌজন্য বলেই মনে হবে। সেসব সন্দেহবাদীরা প্রোটিয়া পেসার মরনে মরকেলের বক্তব্যটা শুনলে ভালো। শুক্রবার রাতে সেনউইস পার্কের আলী ব্যাখার রুমে দাঁড়িয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাংলাদেশের ইনিংস চলাকালীন তাদের কপালের ভাঁজ বাড়ছিল, "অ্যাশি ও সাকির (আশরাফুল-সাকিব) ব্যাটিং আমাদের বেশ চিন্তাতেই ফেলে দিয়েছিল। শেষপর্যন্ত আমাদের ভাগ্য ভালো যে ওদের ফেরানো গেছে।" এই ম্যাচ জেতার পর প্রোটিয়ারা যেখানে ভাগ্যের কাছে দায়বদ্ধ থাকছে, তখন মোহাম্মদ আশরাফুল ভাগ্যের মার খেয়েছেন বললে দোষের কিছু নয়। বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ডটা রচিত হয়েছিল এই আশরাফুলের সেঞ্চুরিতেই। সেটি ২০০৫ সালে কার্ডিফে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে। সেখানে ২৪৯ রান তাড়া করে জেতার রেকর্ডটা পচেফস্ট্রমে ভাঙ্গার জন্য ভাগ্যের পরশও চেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক, "মনে রাখতে হবে দক্ষিণ আফ্রিকা বিশ্বের দুই নাম্বার দল। দুর্দান্ত সব বোলার ওদের দলে। এগুলো ভাবলে ২৮৩ অনেক বড় স্কোরই। আবার ভাগ্যের সহায়তা পেলে হয়েও যেত।" তিনি নিজে টিকে থাকলে যে হয়ে যেত, সেই বিশ্বাসটা আছে প্রোটিয়া শিবিরেও। ২০০৭ বিশ্বকাপে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তার ৮৭ রানের ইনিংসেই তো হার মেনেছিল দক্ষিণ আফ্রিকা। সুতরাং তিনি যখন উইকেটে জমে যান, তখন মরকেলদের দুঃশ্চিন্তা বাড়তে বাধ্য। এবার তার ৭৮ বলে ৭৩ রানের ইনিংসটা পচেফস্ট্রমে কার্ডিফ ও গায়ানাকে ফিরিয়ে আনার প্রেক্ষাপট তৈরি করতে করতেও করতে না পারার কারণ ডেইল স্টেইন। বাংলাদেশ দলের কোচ এই ম্যাচের আগেই বলে দিয়েছিলেন স্টেইন ও মরনে মরকেলকে ভালোভাবে সামাল দিতে পারলেই জেতার সুযোগ তৈরি হবে। শুরুর দিকে স্টেইন বাংলাদেশকে ১৯ রানে ২ উইকেট হারানো দলে পরিণত করার পরও সেই সুযোগটা তৈরি হয়েছিল। প্রথমে তামিম ইকবালকে নিয়ে তৃতীয় উইকেটে ৫৩ এবং পঞ্চম উইকেটে সাকিবের সঙ্গে ৯২ রানের পার্টনারশিপ গড়ে আশরাফুলই পথ দেখাচ্ছিলেন। ৩৪ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৬৯, জেতার জন্য ৬ উইকেট হাতে রেখে ৯৬ বলে প্রয়োজন ১১৫ রানের- ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে অসম্ভব কোনো ব্যাপার নয়। মিকি আর্থার তাই ভাবতেই পারেন যে এটা বাংলাদেশের ম্যাচ ছিল। কিন্তু পরক্ষণেই এটাকে দক্ষিণ আফ্রিকার ম্যাচ বানিয়ে দিল স্টেইনের দুটো বল। আশরাফুলও ম্যাচ হারার কারণ হিসেবে চিহ্নিত করছেন ওই দুটো ডেলিভারিকেই, "আমি ও রকিবুল পরপর দুই বলে আউট হলাম। ওখানেই আসলে ম্যাচটা আমরা হারিয়ে ফেলেছি।" তবুও সুযোগ থাকতো যদি প্রোটিয়াদের রান আরো কিছুটা কম হতো। সেট্ াহয়নি এজন্য, "এই ম্যাচেও আমাদের বোলিংটা ভালো হয়েছে, শেষ পাঁচ ওভার বাদ দিলে। ওরা ওই সময়টায় শেষ পাওয়ার প্লে নিয়ে ৭০ রান করেছে।" তাতে প্রোটিয়াদের ইনিংস অনেকদূর চলে গেলেও হাল ছাড়েনি বাংলাদেশ, বরং একটা সময় পর্যন্ত নিজেদেরই চালকের আসনে বসিয়ে রেখেছে। এজন্য হেরেও খুব একটা অতৃপ্তি নেই জেমি সিডন্সের। টোয়েন্টি টোয়েন্টি ম্যাচে জেতার মতো অবস্থায় থেকেও হারের পর ব্যাটসম্যানদের বিষোদগার করেছিলেন খুব। কিন্তু এবার তার কথায় অন্যসুর। হয়তো ২৮৩ রানকে তার কাছে সাধ্যের বাইরেই মনে হয়েছিল প্রথম। কিন্তু শিষ্যরা একটা সময় পর্যন্ত সেটাকে সাধ্যের কাছাকাছি মনে করাচ্ছিলেন। এজন্যই এ কথাটা বলার সময় তার চোখেমুখে আনন্দের ঝিলিকও খেলে গেল, "এরকম খেলতে থাকলে অবশ্যই একদিন আমরা নিয়মিতভাবে জিততে শুরু করবো।" আশরাফুলও নিজেদের বর্তমান পারফরম্যান্সে সেই বার্তাটাই দেখছেন, "এধরনের ক্রিকেট যদি সবসময় খেলতে থাকেন তাহলে অবশ্যই একদিন রেজাল্ট আসবে।" এই সিরিজেই সেরকম কিছু ঘটলে নিশ্চয়ই রুদ্ধশ্বাসে দৌড়ে এসে সিডন্সকে অভিনন্দন জানাবেন মিকি আর্থার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এসএইচ/১৯১১ ঘ.