নাগপুর, ৮ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাইমন ক্যাটিচের সেঞ্চুরি আর মাইকেল হাসির প্রায়-সেঞ্চুরির পরও নাগপুর টেস্টে স্বস্তিতে নেই অস্ট্রেলিয়া। শনিবার চতুর্থ ও শেষ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তারা অলআউট হয়েছে ৩৫৫ রান করে। ফলে প্রথম ইনিংসে ৪৪১ রান করা ভারত পেয়েছে ৮৬ রানের লিড। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হওয়ার পর মাত্র এক ওভার ব্যাট করার সুযোগ পেয়েছে স্বাগতিকরা। সেই ওভারে কোনো রান করতে পারেনি তারা। কোনো উইকেটও অবশ্য হারায়নি।
২ উইকেটে ১৮৯ রান নিয়ে দিন শুরু করা অস্ট্রেলিয়া মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত একটাই উইকেট হারিয়েছে। সেটা অবশ্য সেঞ্চুরিয়ান ক্যাটিচের উইকেট। পঞ্চম টেস্ট সেঞ্চুরি করার পর বেশি দূর যেতে পারেননি অস্ট্রেলিয়ার বাঁহাতি ওপেনার। ৯ বাউন্ডারিতে ১০২ রান করে জহির খানের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েছেন তিনি। ফলে ভেঙ্গে গেছে তৃতীয় উইকেটে ক্যাটিচ ও মাইকেল হাসির ১৫৫ রানের জুটি।
তারপরও মধ্যাহ্ন-বিরতিতে তেমন অস্বস্তি ভর করেনি টেস্ট র্যাংকিংয়ের সেরা দলটির ড্রেসিং রুমে। কারণ তখন ৩ উইকেটে ২৩১ রান নিয়ে বড় সংগ্রহের স্বপ্ন দেখতে পারছিল তারা। কিন্তু মধ্যাহ্ন-বিরতির পর এক ধসে এলোমেলো হয়ে গেছে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন-আপ। দ্বিতীয় সেশনে তারা হারিয়েছে তিন জন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানকে।
মধ্যাহ্ন-বিরতির পর প্রথম আঘাত হেনেছেন ইশান্ত শর্মা। মাত্র ৮ রান করে তার বলে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য হয়েছেন মাইকেল ক্লার্ক। কিছুক্ষণ পর অস্ট্রেলিয়ার জন্য আরো বড় ধাক্কা। দারুণ ফর্মে থাকা এবং সিরিজে তাদের সফলতম ব্যাটসম্যান হাসি রানআউট! হরভজনের বল পয়েন্টের দিকে ঠেলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন হাসি, ক্রিজ থেকে বেরিয়েও এসেছিলেন কিছুটা। কিন্তু সিলি পয়েন্টে থাকা মুরালি বিজয় বলটা ধরেই ছুড়ে দিয়েছেন মহেন্দ্র ধোনির গ্লাভসে। ভারত অধিনায়কও হাসি ফেরার আগেই ভেঙ্গে দিয়েছেন স্টাম্প। ফলে দশম টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে থাকতে অর্থাৎ ৯০ রান করে এক রাশ হতাশা নিয়ে ফিরতে হয়েছে হাসিকে।
দুই ওভার পর শেন ওয়াটসনকে (২) হরভজন সিং যখন বোল্ড করলেন তখন মাত্র ৩৭ রানের মধ্যে চার জন ব্যাটসম্যানকে হারিয়ে অর্থাৎ ৬ উইকেটে ২৬৬ রানে পরিণত হয়ে অস্ট্রেলিয়া বেশ বিপদের মধ্যে। ব্র্যাড হ্যাডিন ও ক্যামেরন হোয়াইট সেই বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করছিলেন দলকে। দুজনের ৫২ রানের জুটি ভালো জায়গায় পৌঁছানোর স্বপ্নও দেখাচ্ছিল রিকি পন্টিংয়ের দলকে। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হয়নি।
অমিত মিশ্রর ২৮ রান করা হ্যাডিনকে রাহুল দ্রাবিড়ের ক্যাচ বানানোর মাধ্যমে আবার অস্ট্রেলীয়দের পতনের সূচনা। টেলএন্ডারদের নিয়ে অনেক চেষ্টা করেও সেই পতন থেকে দলকে টেনে তুলতে পারেননি হোয়াইট। জেসন ক্রেইজাকে (৫) ইশান্ত শর্মা এলবিডব্লু করায় অস্ট্রেলিয়ার স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ৩৩৩ রান।
তবে হোয়াইটের দৃঢ়তায় সাড়ে তিন শ' পেরোতে পেরেছে অস্ট্রেলিয়া। ৪ বাউন্ডারিতে ৪৬ রান করা হোয়াইট হরভজনের বলে শেবাগের হাতে ক্যাচ দেয়ার সময় তাদের স্কোর ৯ উইকেটে ৩৫২ রান। আর তিন রান যোগ করেই তারা অলআউট। মিচেল জনসনকে (৫) জহির খানের ক্যাচ বানিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে দিয়েছেন মিশ্র। পাকস্থলীর সমস্যার জন্য শেষ ব্যাটসম্যান হিসাবে নামা ব্রেট লি তখন ১ রানে অপরাজিত। ৩ উইকেট নিয়েছেন হরভজন। দুটো করে উইকেট ইশান্ত ও মিশ্রর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১২ঘ.
bdnews24