ঢাকা, ১ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- অধারাবাহিক দল হিসেবে কুখ্যাতি আছে বাংলাদেশ দলের। তবে গত কিছুদিন ধরে জাতীয় দলের পারফরম্যান্সে ধারাবাহিকতার লক্ষণ দেখতে পাচ্ছেন মোহাম্মদ আশরাফুল। অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ থেকে নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত তার দল যেমন খেলেছে তাতে ভীষণ আশাবাদী হয়ে উঠেছেন বাংলাদেশ অধিনায়ক। এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়েই শনিবার রাতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। সাড়ে আটটায় ছেড়ে যাওয়া কাতার এয়ারওয়েজের ফ্লাইট দোহা হয়ে রোববার বাংলাদেশ সময় দুপুর ১২টায় পৌঁছাবে জোহানেসবার্গে।
৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টোয়েন্টি টোয়েন্টি ম্যাচ দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। এবারের দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডের পাশাপাশি দুটো টেস্টও খেলবে আশরাফুলের দল। এই সফরে ভালো করার স্বপ্ন অধিনায়ক দেখতে পারছেন গত কিছু দিনের ধারাবাহিকতার কারণে। শনিবার সন্ধ্যায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে দাঁড়িয়ে সাংবাদিকদের বলছিলেন সে কথাই, "অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচটা ধরলে পরপর চারটা ম্যাচে আমরা জেতার পরিস্থিতি তৈরি করেছি। আমরা কিছুটা হলেও ধারাবাহিক হয়েছি, এটা তো এখন বলাই যায়। লক্ষ্য থাকবে দক্ষিণ আফ্রিকাতেও যেন আমরা এরকম ধারাবাহিক থাকতে পারি।"
জেতার সুযোগ তৈরি হলে কাজে লাগানোর লক্ষ্যও থাকছে, "পরপর চার ম্যাচে সুযোগ তৈরি হলেও জিতেছি মোটে একটায়। দক্ষিণ আফ্রিকায় এমন সুযোগ এলে চেষ্টা থাকবে সুযোগ কাজে লাগানোর।" আগের সুযোগগুলোর বেশিরভাগই কাজে লাগেনি ব্যাটসম্যানদের ব্যর্থতায়। সুযোগ তৈরি হয়েছে বোলারদের সুবাদে। আশরাফুল তাদের কৃতিত্ব দিয়েই ব্যাটসম্যানদের সফল হওয়ারও তাগিদ দিচ্ছেন। সেটা নিজেকেও দিতে হচ্ছে আরো বেশি করে। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের তিন ইনিংসে করেছেন মাত্র ২ রান!
বাংলাদেশ অধিনায়ক অবশ্য ব্যর্থতার ভাবনায় কাতর হতে চাইছেন না, "নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে রান করতে পারিনি ঠিকই। কিন্তু তার আগে ওয়ানডেতে করেছি। দক্ষিণ আফ্রিকায় আগে টোয়েন্টি টোয়েন্টি এবং ওয়ানডে। এই ম্যাচগুলো নিয়েই এখন ভাবছি। ওয়ানডে সিরিজে ভালো করতে পারলে টেস্টে এর প্রভাবটা থাকবেই।"
নিউজিল্যান্ড সিরিজ শেষে কোচ জেমি সিডন্স বলেছিলেন, দক্ষিণ আফ্রিকায় ভালো কিছু করতে হলে দলের ব্যাটিং অর্ডারের প্রথম চারজনকে ঝলসে উঠতে হবে। নয়তো সেখানে ভালো কিছু করা অসম্ভব। শনিবার রওনা হওয়ার আগেও বলে গেলেন একই কথা, "টপ ফোরের রান করার বিকল্প নেই।"
আর সহ-অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এই সফরকে দেখছেন নতুন এক চ্যালেঞ্জ হিসাবে, "অস্ট্রেলিয়া সফরের শেষ ম্যাচ থেকে আমরা ভালো খেলছি। মানে আমাদের উন্নতিটা দেখা যেতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকায় সেটা ধরে রাখাই আমাদের চ্যালেঞ্জ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এএআর/২১৫০ঘ.
bdnews24