২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদিত গঠনতন্ত্রে ফোরামের একাধিপত্যের অবসান

জরুরী সাধারণ সভায় অনুমোদিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র। মঙ্গলবার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে হওয়া এই সভায় কাউন্সিলররা সবাই নতুন গঠনতন্ত্রে অনুমোদন দিয়েছেন। কারোরই দ্বিমত না থাকার কারণ ব্যাখ্যা করে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী হাসিমুখেই বললেন, "বিসিবি'কে যুগোপযোগী এবং শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সবার মতামত খসড়া গঠনতন্ত্রে সন্নিবেশিত হয়েছে বলেই কাউন্সিলররা সর্বসম্মতি দিয়েছেন।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2008, 04:47 PM

Updated : 26 Aug 2022, 02:28 PM

ঢাকা, ৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- জরুরী সাধারণ সভায় অনুমোদিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সংশোধিত গঠনতন্ত্র। মঙ্গলবার হোটেল শেরাটনের উইন্টার গার্ডেনে হওয়া এই সভায় কাউন্সিলররা সবাই নতুন গঠনতন্ত্রে অনুমোদন দিয়েছেন। কারোরই দ্বিমত না থাকার কারণ ব্যাখ্যা করে সন্ধ্যায় সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি মেজর জেনারেল সিনা ইবনে জামালী হাসিমুখেই বললেন, "বিসিবি'কে যুগোপযোগী এবং শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর জন্য ক্রিকেট সংশ্লিষ্ট সবার মতামত খসড়া গঠনতন্ত্রে সন্নিবেশিত হয়েছে বলেই কাউন্সিলররা সর্বসম্মতি দিয়েছেন।" নতুন গঠনতন্ত্র অনুযায়ী বিসিবি কার্যনির্বাহী কমিটি থেকে আবার পরিচালনা পর্ষদ কাঠামোয় ফিরে যাচ্ছে। কার্যনির্বাহী কমিটি ছিল ৩১ সদস্যের। তবে সভাপতিসহ পরিচালনা পর্ষদের আকার হবে ২৫ জনের। এখন অনুমোদিত গঠনতন্ত্র বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অনুমোদনের জন্য পাঠানো হবে। এনএসসি'র অনুমোদন মিললেই শুরু হবে নির্বাচনী প্রক্রিয়া। বিসিবি সভাপতির আশাবাদ, "শিগগিরই নির্বাচন হবে। আশা করি, এই মাসের শেষার্ধে নয়তো আগামী মাসের শুরুতেই।" এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের মহা ক্ষমতাধর শক্তি ফোরামের (বর্তমানে যেটি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ) 'কালো হাত' গুঁড়িয়ে দেওয়াই নতুন গঠনতন্ত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক। ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচন মানেই ফোরামের ভোট কেনা-বেচার রমরমা ব্যবসা এবং নির্বাচনকে অনৈতিকভাবে প্রভাবিত করার খবর। ২০০৫ সালে বিসিবির সর্বশেষ নির্বাচনেও এর ব্যতিক্রম হয়নি। বিসিবি সভাপতি আগেই আভাস দিয়েছিলেন, নতুন গঠনতন্ত্রে ফোরামের প্রভাব রোধের বিধান থাকছে। ফোরামকে রুখতেই কাউন্সিলরদের এবার তিনটি শ্রেনীতে ভাগ করে দেওয়া হয়েছে। ২৪ জন পরিচালকের মধ্যে একজন হবেন এনএসসি মনোনীত। বাকি ২৩ জন নির্বাচিত হয়ে আসবেন শুধু নিজ নিজ শ্রেনীর কাউন্সিলরদের ভোটেই। সর্বশেষ নির্বাচনে যেমন সব কাউন্সিলরদের ভোটেই গঠিত হয়েছিল কার্যনির্বাহী কমিটি। এবার সেরকম হচ্ছে না। নতুন গঠনতন্ত্র অনুযায়ী ঢাকার ক্লাব প্রতিনিধিদের জন্য ১২টি পরিচালক পদ বরাদ্দ রাখা হয়েছে। আর এরা নির্বাচিত হবেন শুধু ৫২ জন ক্লাব কাউন্সিলরের ভোটেই। এখানে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠকদের ভোটাধিকার নেই। জেলা (৬৪), বিভাগ (৬), শিক্ষাবোর্ড (৮) ও বিশ্ববিদ্যালয়গুলোর (৪) জন্য নির্দিষ্ট করে রাখা ১০টি পরিচালক পদেই কেবল তারা ভোট দিতে পারবেন। এর ফলে ঢাকার অনেক প্রতিষ্ঠিত সংগঠককেও আর ভোটের জন্য তাদের মুখাপেক্ষী হয়ে থাকতে হচ্ছে না। নতুন বিধান অনুযায়ী ফোরামের টাকার খেলা হয়তো একেবারেই শেষ হয়ে যাবে না। তবে সীমিত হয়ে আসবে অনেকটাই। সেই সঙ্গে হবে তাদের একাধিপত্যের অবসানও। এরপরও যদি কারো বিরুদ্ধে অনৈতিক কাজে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়? বিসিবি সভাপিত জানালেন, সেই ব্যবস্থাও করা হয়েছে, "আমরা কাউন্সিলরশিপ বাতিল করার বিধানও রেখেছি।" নতুন গঠনতন্ত্রে সাবেক ক্রিকেটারদের প্রতিনিধিত্বও বাড়ানো হয়েছে। জাতীয় দলের পাঁচজন করে সাবেক অধিনায়ক ও ক্রিকেটারের সঙ্গে সমানসংখ্যক প্রথম শ্রেনীর সাবেক ক্রিকেটারকেও জুড়ে দেওয়ায় সংখ্যাটা গিয়ে টেকেছে ১৫-তে। এদের সঙ্গে কাউন্সিলর হিসেবে থাকছেন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) একজন প্রতিনিধিও। এই ১৬ জনের সঙ্গে সার্ভিসেস দলগুলো (সর্বোচ্চ ৭ জন), কর্পোরেট ক্রিকেট লিগের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দল থেকে একজন করে, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (১), মহিলা ক্রীড়া সংস্থা (১), বিকেএসপি (১) এবং আম্পায়ার্স ও স্কোরার্স অ্যাসোসিয়েশন (১) মিলে সর্বোচ্চ ৩৪ জন কাউন্সিলর তৃতীয় শ্রেনীভুক্ত। যারা তাদের শ্রেনীর জন্য নির্ধারিত একজন পরিচালককে নির্বাচিত করে আনবেন। এখানে কাউন্সিলর সংখ্যা কমেও আসতে পারে। কারণ ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকলে কাউন্সিলরশিপ না দেওয়ারও বিধান রাখা হয়েছে। সেক্ষেত্রে সার্ভিসেস দলগুলোর খসে পড়ার সম্ভাবনা। তারা যে ক্রিকেটই খেলে না! নির্বাচিত হয়ে যাওয়ার পর ২৪ জন পরিচালক মিলে অংশ নেবেন আরেকটি ভোটাভুটিতে। তারা নিজেদের মধ্যেই ঠিক করবেন একজন সিনিয়র সহ-সভাপতি এবং দু'জন সহ-সভাপতি। তা পরিচালনা পর্ষদের মধ্যে কোনো বিভক্তি তৈরি করবে কিনা প্রশ্নে বিসিবি সভাপতির জবাব, "না। সভাপতি কখনো অনুপস্থিত থাকলে সিনিয়র সহ-সভাপতি সভা চালাবেন। তিনিও না থাকলে আছেন দু'জন সহ-সভাপতি। এটাকে নেতৃত্ব গড়ে তোলার চেষ্টা বলতে পারেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২১২৪ঘ.