ঢাকা, ৭ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) --- গত কয়েকদিনের বৃষ্টিই মাঠের করুণ হাল করে রেখেছিল। তাই মঙ্গলবার বৃষ্টি না হলেও ফতুল্লায় বিসিবি একাদশ ও সফরকারী নিউজিল্যান্ড দলের একদিনের প্রস্তুতি ম্যাচটি হওয়া কঠিনই ছিল। তার ওপর সকাল থেকে কয়েক দফার বৃষ্টি ম্যাচটি শেষপর্যন্ত হতেই দেয়নি। আর এই ম্যাচ না হওয়া মানে কোনোরকম প্রস্তুতি ছাড়াই ৯ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ খেলতে নামা, এটা ভালো করেই জানা ছিল কিউইদের। এ কারণে তারা ম্যাচটি খেলতে ছিল ভীষনরকম মরিয়া।
তবে যেভাবেই হোক ম্যাচ খেলার চিন্তা থেকে অবশ্য তাদের ক্রিকেটারদের ইনজুরির ঝুঁকিটা হাওয়া হয়ে যায়নি। নারায়ণগঞ্জের ফতুল্লা ওসমানী স্টেডিয়ামের মিডিয়া সেন্টার প্রান্তের ৩০ গজ কাদায় থকথকে হয়ে ছিল। সকালে আম্পায়ারদের সঙ্গে প্রায় পুরো নিউজিল্যান্ড দলটাই সে জায়গা পর্যবেক্ষণের পরও খেলার চিন্তা বাদ দেয়নি। বরং তারা শুধু প্যাভিলিয়ন প্রান্ত থেকে বোলিংয়ের প্রস্তাব দিয়ে বসে আম্পায়ারদের। কিন্তু আম্পায়াররা সাফ জানিয়ে দেন, "ম্যাচ ম্যাচের মতো করেই খেলতে হবে।" একই মত ছিল বাংলাদেশ দলের কোচ জেমি সিডন্সেরও। খেলা হলে তাদের যেন আগে ব্যাট করতে দেওয়া হয়, কিউইদের এমন অনুরোধেও সায় মেলেনি সিডন্সের। শেষপর্যন্ত দুপুর এগারোটার দিকে আবারো বৃষ্টি শুরু হলে আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করে দেন।
বৃষ্টি থামার পর অবশ্য ঝকঝকে রোদ উঁকি দেয়। তখনও ফতুল্লা স্টেডিয়ামের গ্যালারিতে ছিলেন শ'খানেক দর্শক। কারণ তখন অনুশীলন করতে মাঠে নেমে পড়েছেন কিউইরা। এরপর লাঞ্চ শেষে আরেক দফা অনুশীলনে নেমে পড়ে তারা। সেন্ট্রাল উইকেটে ম্যাচের আবহ তৈরি করে তাদের অনুশীলন আসলে প্রস্তুতি ম্যাচের ঘাটতি পুষিয়ে নেওয়ার চেষ্টা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/এমএম/২২৪০ঘ.
bdnews24