২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ সফর নিউজিল্যান্ডের জন্যও পরীক্ষার

আইসিএল ঝড় অনেকটাই সামাল দিয়ে উঠেছে বাংলাদেশ। তবুও এই ধাক্কায় বাংলাদেশ দল আরও কমজোড়ি হয়ে পড়ছে কি না, এমন একটা ভাবনা ছড়িয়ে পড়েছিল ক্রিকেট দুনিয়ায়। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিউজিল্যান্ড দল ঢাকা পৌঁছার পর বোঝা গেল আশরাফুলদের এখনো খাটো করে দেখছে না কেউই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2008, 06:52 PM

Updated : 26 Aug 2022, 02:27 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইসিএল ঝড় অনেকটাই সামাল দিয়ে উঠেছে বাংলাদেশ। তবুও এই ধাক্কায় বাংলাদেশ দল আরও কমজোড়ি হয়ে পড়ছে কি না, এমন একটা ভাবনা ছড়িয়ে পড়েছিল ক্রিকেট দুনিয়ায়। কিন্তু মঙ্গলবার রাত সাড়ে ১০টায় নিউজিল্যান্ড দল ঢাকা পৌঁছার পর বোঝা গেল আশরাফুলদের এখনো খাটো করে দেখছে না কেউই। কিউইরা বরং এই বাংলাদেশকেও যথেষ্ট শক্তিশালীই মনে করছে। বিমানবন্দরে নিউজিল্যান্ড দলের অধিনায়ক ডেনিয়েল ভেট্টোরি সাংবাদিকদের বলেন, "আমি মনে করি এখনকার যে বাংলাদেশ দল, সেটিও বেশ শক্তিশালী।" বাংলাদেশের সঙ্গে তিন ওয়ানডে এবং দুই টেস্ট সিরিজ খেলতে আসা নিউজিল্যান্ড দলটি অবশ্য তেমন অভিজ্ঞ নয়। এই দলে নতুন ক্রিকেটারদের ছড়াছড়ি। তার ওপর বাংলাদেশ তাদের সঙ্গে লড়বে নিজেদের মাটিতে। সবকিছু মিলিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক মনে করছেন, তার দলের জন্য এই সফরটা হবে বড় এক পরীক্ষাও। সাংবাদিকদের তিনি অকপটে বলেন, "আমার এ দলে বেশ ক'জন নতুন মুখ আছেন, যাদের ভারতীয় উপমহাদেশের কন্ডিশনে খেলার অভিজ্ঞতা নেই। এখানে খেলাটা তাই ওদের জন্য বড় এক শিক্ষাই হবে। তাছাড়া বাংলাদেশ খেলবে তাদের নিজেদের কন্ডিশনে। সুতরাং তাদের হালকা করে দেখার অবকাশ নেই। আমার মনে হয় এ সিরিজটা জমজমাটই হবে। " বিমানবন্দরে ভেট্টোরি এ বাংলাদেশ দলের কয়েকজনের নাম আলাদা করেও বলেছেন; যাদের প্রতি সতর্ক দৃষ্ট থাকবে কিউইদের। এদের মধ্যে সবার আগে এসেছে মোহাম্মদ আশরাফুলের নাম। এছাড়া মাশরাফি বিন মর্তুজা, শাহাদাৎ হোসেন রাজিব ও তামিম ইকবালদের প্রতিও সমীহ ঝড়েছে ভেট্টোরির কণ্ঠে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমপি/ডিডি/এমএইচবি/০০৪৪ ঘ.